২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া

একমাত্র ব্যতিক্রম কুমারা সাঙ্গাকারা। দুর্ভাগ্যজনক আউটের শিকার হয়ে ১৯২ রানে থেমেছেন। আউট দেওয়াটা যে ভুল ছিল তা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন আম্পায়ার রুডি কোয়ের্তজেন। কিন্তু তাতে চিত্রনাট্য পাল্টায়নি। হোবার্ট টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ম্যাচের পঞ্চমদিনের চা বিরতির পর ৪১০ রানে শেষ হয়েছে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। ৯৬ রানে ম্যাচ জেতার পাশাপাশি ২-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

হোবার্ট, ২০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একমাত্র ব্যতিক্রম কুমারা সাঙ্গাকারা। দুর্ভাগ্যজনক আউটের শিকার হয়ে ১৯২ রানে থেমেছেন। আউট দেওয়াটা যে ভুল ছিল তা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন আম্পায়ার রুডি কোয়ের্তজেন। কিন্তু তাতে চিত্রনাট্য পাল্টায়নি। হোবার্ট টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ম্যাচের পঞ্চমদিনের চা বিরতির পর ৪১০ রানে শেষ হয়েছে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। ৯৬ রানে ম্যাচ জেতার পাশাপাশি ২-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে স্বাগতিকরা। জয়ের লক্ষ্য ছিল ৫০৭ রান। আগের দিনের ৩ উইকেটে ২৪৭ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কার জন্য ইতিহাস গড়তে প্রয়োজন ছিলো আরো ২৬০ রান। ভরসা বলতে কুমারা সাঙ্গাকারা তখনও ক্রিজে। কিন্তু নতুন যুগে পা রাখা অস্ট্রেলিয়ার স্ট্রাইক বোলার ব্রেট লি যথারীতি তার আগুনে বোলিং নিয়ে বাদ সেধেছেন সফরকারীদের সাধে। দিনের পঞ্চম ওভারেই সনাৎ জয়াসুরিয়া (৪৫) উইকেটের পেছনে দারুণ এক ক্যাচ বনেছেন অ্যাডাম গিলক্রিস্টের। জয় দূরে থাক ম্যাচ ড্রয়ের স্বপ্নটাও এরপর ভেস্তে দিয়েছেন মিশেল জনসন তিন ওভার বাদে। কোনো রান না করেই দ্বিতীয় স্লিপে রিকি পন্টিংকে ক্যাচ দিয়েছেন চামারা সিলভা। পরের বলে এলবিডব্লু হয়েছেন প্রসন্ন জয়াবর্ধনে। মাত্র ৬ রানের ব্যবধানে ফারভিজ মাহারুফ ও দিলহারা ফার্নান্ডো (২) আউট হয়ে নিশ্চিত করে দেন শ্রীলঙ্কার পরাজয়। কিন্তু সেখান থেকেই আবার এক লড়াকু প্রতিরোধ গড়ে তোলেন সাঙ্গাকারা পেসার লাসিথ মালিঙ্গাকে সঙ্গী করে। নবম উইকেটে দুজনের ৭৪ রানের জুটি দেরি করিয়ে দেয় অস্ট্রেলিয়ানদের। এরপর সাঙ্গাকারার দুর্ভাগ্যজনক আউট। লির লাফিয়ে ওঠা বাউন্সার তার কাঁধ এবং হেলমেট ছুঁয়ে পন্টিংয়ের হাতে পড়ে। আম্পায়ার কোয়ের্তজেন আঙুল তুলে দেন অস্ট্রেলিয়ানদের আপিলে। প্রাপ্য এক ডাবল সেঞ্চুরি থেকে ৮ রান দুরে থামতে হয় সাঙ্গাকারাকে। তারপরও তার ১৯২ অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। দশম উইকেটে মালিঙ্গার সঙ্গে ৪৬ রান যোগ করা মুত্তিয়া মুরালিধরনকে (১৫) বোল্ড করে লঙ্কান ইনিংসে যতি টানেন লি। মালিঙ্গা অপরাজিত থেকে যান ৪২ রান করে। ৮৭ রানে ৪ উইকেট নেওয়া লি ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পাশাপাশি সিরিজ সেরার পুরষ্কারও জিতেছেন। দুই টেস্টের সিরিজে ১৬ উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রার যোগ্য উত্তরসূরী হিসেবে নিজের যোগ্যতার জানান দিয়েছেন এই ফাস্টবোলার। একই সঙ্গে এটি ছিল অস্ট্রেলিয়ানদের টানা ১৪তম টেস্ট জয়। সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহর নেতৃত্বে ১৬ টেস্ট টানা জেতার রেকর্ড ভাঙতে আগামী মাসে ভারতকে কাছে পাচ্ছেন পন্টিং। এবং আশাবাদী জয়ের ধারা অব্যহত রাখার ব্যাপারে। বলেছেন, "আমি নিশ্চিত ছিলাম দলের সফল এক রূপান্তর ঘটবে। কিন্তু খেলোয়াড়রা যে এ সিরিজে নিজেদের প্রমাণে এত উজাড় করে দেবে তাতে আমি অবাক। এখন আমি দারুণ সন্তুষ্ট এবং আশাবাদী আগামীতেও এই সাফল্য ধরে রাখায়।' মাহেলা জয়াবর্ধনে যথারীতি হতাশ। লঙ্কান অধিনায়কের প্রতিক্রিয়া, "আমার মনে হয়েছে আমরা দারুণ একটা দল কিন্তু যেভাবে আমরা খেলেছি তাতে ধারাবাহিকতা ছিল না কোনো। হতাশার ব্যাপার হচ্ছে ওদের টপ অর্ডার আমরা ভাঙতে পারিনি। আর দু টেস্টেই প্রথম ইনিংসে যাচ্ছে তাই ব্যাটিং করেছি আমরা। গোটা সিরিজটাই আমাদের জন্য তাই দারুণ হতাশার।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫২৫ঘ.