২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আতাপাত্তু

লাঞ্চের খানিক আগে লিখেছেন চিঠিটা। লাঞ্চের সময় ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশ্যে দিয়েছেন আবেগঘন এক বক্তৃতা। শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এরপর সংবাদ সম্মেলনে খোলাসা করেছেন তা। আন্তর্জাতিক ক্রিকেটকে এবার আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন মারভান আতাপাত্তু। মঙ্গলবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী দুলীপ মেন্ডিসকে পাঠানো চিঠিতে জাতীয় দল থেকে এই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন বুধবার থেকে কার্যকর হবে তার এই অবসর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

হোবার্ট, ২০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাঞ্চের খানিক আগে লিখেছেন চিঠিটা। লাঞ্চের সময় ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশ্যে দিয়েছেন আবেগঘন এক বক্তৃতা। শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এরপর সংবাদ সম্মেলনে খোলাসা করেছেন তা। আন্তর্জাতিক ক্রিকেটকে এবার আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন মারভান আতাপাত্তু। মঙ্গলবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী দুলীপ মেন্ডিসকে পাঠানো চিঠিতে জাতীয় দল থেকে এই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন বুধবার থেকে কার্যকর হবে তার এই অবসর। অভিমান এবং ক্ষোভ অনেকখানিই বুক জুড়ে ছিল আতাপাত্তুর। পিঠের ইনজুরি থেকে সেরে ওঠার পর বিশ্বকাপ দলে সুযোগ পেলেও খেলার সুযোগ পাননি। উপেক্ষিত হয়েছেন এরপর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে তাই খেলার ডাক পেয়েও অস্বীকৃতি জানিয়েছেন। রাজী হননি অস্ট্রেলিয়া সফরেও। কিন্তু শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী গামিনি লকুগের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলেছেন। ব্রিসবেনে প্রথম টেস্টে দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংসটি খেলার পরই নির্বাচকদের বিরুদ্ধে তার সব ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এই ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। 'একজন ভাঁড়ের নেতৃত্বে কিছু পুতুল' বলে তাদের ব্যঙ্গ করে অভিযোগ করেছিলেন, "এদের কারণেই শ্রীলঙ্কার ক্রিকেট আজ প্রত্যাশিত পথে নেই।" হোবার্টেও তার ব্যাট থেকে এসেছে দলের সম্মাণ বাঁচানো ৮০ রান। মেন্ডিসের কাছে লেখা চিঠিতে পূর্বসূরী অধিনায়কদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন আতাপাত্তু। একইসঙ্গে তার নেতৃত্বকালে সতীর্থদের সহায়তার জন্য তাদের ধন্যবাদ দিয়েছেন। আরো লিখেছেন, "সবশেষে এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমী জনগনের কাছে। যারা দেশে ও বিদেশে ভালো এবং খারাপ সময়ে দলের পাশে থেকেছেন, তাদের সমর্থন দিয়েছেন।" ম্যাচ শেষে জয়াবর্ধনে জানিয়েছেন আতাপাত্তুর সিদ্ধান্তে তার অবাক হওয়ার কথা। একইসঙ্গে সিদ্ধান্তটাকে স্বাগতও জানিয়েছেন তিনি। বলেছেন, "দীর্ঘদিন না খেলার পর সে দারুণভাবে খেলায় ফিরেছিল। তার সাধ্য সম্পর্কে ধারণা দিতে সে দৃঢ়প্রতিজ্ঞ ছিল এবং অনেককে সেটা প্রমাণও দিয়েছে। তার বিদায় দুঃখজনক, কিন্তু ড্রেসিংরুমে তার বক্তৃতায় সবাই মুগ্ধ হয়ে ব্যাপারটা মেনে নিয়েছে।" যোগ করেছেন, "আতাপাত্তু নিজের ভবিষ্যত নিজেই নির্ধারণ করেছেন আর সেটাকে সম্মাণ জানাতেই হয়। তার মনে হয়েছে অন্যদের সুযোগ করে দেওয়ার জন্য শ্রীলঙ্কার ক্রিকেটকে বিদায় জানাতে এটাই সঠিক সময়। সিদ্ধান্তটা নিজেই নিয়েছে সে। ব্যাপারটা দারুণ।" ৯০তম টেস্ট খেলে অবশেষে বিদায় নিয়েছেন আতাপাত্তু। ১৯৯০-৯১ মৌসুমে অভিষেকের পর ৩৯.০২ গড়ে ৫ হাজার ৫০২ রান করেছেন যাতে রয়েছে ১৬টি সেঞ্চুরি এবং ১৭টি হাফ-সেঞ্চুরি। ১৬টি সেঞ্চুরির ৬টিকে তিনি ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছেন। একমাত্র ডন ব্র্যাডম্যান (১২টি) এবং ওয়ালি হ্যামন্ড ও ব্রায়ান লারা (দুজনেই ৭টি করে) তার চেয়ে বেশি ডাবল সেঞ্চুরির মালিক। শোনা যাচ্ছে অবসরের পর বিদ্রোহী ভারতীয় ক্রিকেট লিগে যোগ দিচ্ছেন আতাপাত্তু। নেতৃত্ব দেবেন দিল্লী জেটস দলের। সেই সঙ্গে সিডনি গ্রেড ক্রিকেটে খেলবেন সেন্ট. জর্জ ক্লাবের হয়ে। তবে অবসর নিলেও দেশে ফিরেই তাকে শুনানীর মুখোমুখি হতে হবে নির্বাচকদের সমালোচনা করার দায়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬০০ঘ.