ঢাকা, ২০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- চলতি মৌসুমের প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেটের দলবদল শুরু হবে ৮ জানুয়ারি। ১০ জানুয়ারি শেষ হবে তিনদিনের এই দলবদল। সোমবার ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। তবে সেসময় জাতীয় দলের ক্রিকেটাররা থাকবেন নিউজিল্যান্ড সফরে। তাদের জন্য বিকল্প ব্যবস্থাও রেখেছে ঢাকার ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। জাতীয় ক্রিকেটাররা দেশে ফেরার পর দলবদলের আনুষ্ঠানিকতা সারার জন্য দুদিন সময় পাবেন।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ওই সভায় প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেট শুরুর দিনক্ষণও ধার্য হয়েছে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির তৃতীয় সপ্তাহে টুয়েন্টি টুয়েন্টি প্রতিযোগীতা দিয়ে শুরু হবে প্রিমিয়ার ক্রিকেট। এর পরপরই মাঠে গড়াবে একদিনের ম্যাচের প্রতিযোগীতা। আর প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি। প্রিমিয়ারের ক্লাবগুলোকে নিয়ে ২৭ নভেম্বর আরেকটি সভায় বসছে সিসিডিএম। ওই সভার আগেই বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি জাতীয় ক্রিকেটারদের পুল চূড়ান্ত করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.
bdnews24