২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরালির রেকর্ড না হওয়ায় হতাশ শ্রীলঙ্কা, উৎফুল্ল ওয়ার্ন

অস্ট্রেলিয়া-জয় করতে না পেরে মুত্তিয়া মুরালিধরন নিশ্চয়ই ভীষণ হতাশ। দু-দুটো স্বপ্ন নিয়ে এবার অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছিলেন সর্বকালের সেরা অফস্পিনার। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের দলীয় স্বপ্নতো ছিলই, তার চেয়েও বাস্তবসম্মত স্বপ্ন ছিল শেন ওয়ার্নকে হটিয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক হওয়াটা। কিন্তু কোনোটাই পূরণ হয়নি পন্টিংয়ের দলের ব্যাটসম্যানদের দৃঢ়তায়। সেজন্য মুরালির মতো কুমার সাঙ্গাকারাও হতাশায় আক্রান্ত। অন্যদিকে রেকর্ডটা নিজের দেশে না ভাঙ্গায় শেন ওয়ার্ন বেশ আনন্দিত। যদিও 'ওয়ার্নি'র বিশ্বাস টেস্টে হাজার উইকেট পাওয়ার ক্ষমতাও আছে মুরালির!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 12:17 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

হোবার্ট, অস্ট্রেলিয়া, ২০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়া-জয় করতে না পেরে মুত্তিয়া মুরালিধরন নিশ্চয়ই ভীষণ হতাশ। দু-দুটো স্বপ্ন নিয়ে এবার অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছিলেন সর্বকালের সেরা অফস্পিনার। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের দলীয় স্বপ্নতো ছিলই, তার চেয়েও বাস্তবসম্মত স্বপ্ন ছিল শেন ওয়ার্নকে হটিয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক হওয়াটা। কিন্তু কোনোটাই পূরণ হয়নি পন্টিংয়ের দলের ব্যাটসম্যানদের দৃঢ়তায়। সেজন্য মুরালির মতো কুমার সাঙ্গাকারাও হতাশায় আক্রান্ত। অন্যদিকে রেকর্ডটা নিজের দেশে না ভাঙ্গায় শেন ওয়ার্ন বেশ আনন্দিত। যদিও 'ওয়ার্নি'র বিশ্বাস টেস্টে হাজার উইকেট পাওয়ার ক্ষমতাও আছে মুরালির! অস্ট্রেলিয়া সফরের আগে ১১৩ টেস্টে মুরালির শিকার ছিল ৭০০ উইকেট। ওয়ার্নের রেকর্ড ভাঙ্গতে তার দরকার ছিল মাত্র ৯টি উইকেট। সিরিজের ফলাফলের চেয়েও ওয়ার্নের দেশে মুরালি রেকর্ডটা করতে পারবেন কিনা সেটা নিয়েই কৌতূহলটা ছিল বেশি। সাবেক সতীর্থদের কাছে ওয়ার্নের একটি অনুরোধ সেই আলোচনায় উত্তেজনার মাত্রা বাড়িয়ে দিয়েছিল বহু গুণ। অস্ট্রেলিয়ার মাটিতে মুরালিকে রেকর্ডটা করতে না দেয়ার অনুরোধে দারুণভাবে সাড়া দিয়েছেন পন্টিংয়ের দলের ব্যাটসম্যানরা। আর সেজন্যই সদ্য সমাপ্ত দুই টেস্টের সিরিজে মুরালির শিকার মাত্র ৪ উইকেট, গড় ১০০! অর্থাৎ টেস্ট ক্রিকেটে বোলারদের জন্য সবচেয়ে আরাধ্য রেকর্ডকে নিজের করে নেয়ার জন্য আরো কিছু দিন অপেক্ষায় থাকতে হচ্ছে এই 'চ্যাম্পিয়ন' স্পিনারকে। খুব বেশিদিন সম্ভবত অপেক্ষা করতে হবে না। ডিসেম্বরের শুরুতে ইংল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজেই তার ওয়ার্নের রেকর্ড ভেঙ্গে ফেলার জোরালো সম্ভাবনা। অস্ট্রেলিয়ায় রেকর্ডটা না হওয়ায় পুরো শ্রীলঙ্কা দলই হতাশ। সাঙ্গাকারাও তার বাইরে নন। যদিও তিনি মনে করেন, শ্রীলঙ্কা দল এবং মুরালি রেকর্ডের চেয়ে খেলার প্রতিই বেশি মনযোগ দিয়েছিলেন এই সিরিজে, "যদি আমরা মুরালির রেকর্ডের দিকেই শুধু মনযোগ দিতাম তা হলে আমার ধারণা সেটা দলের মনযোগের ওপরে খারাপ প্রভাব ফেলতোই । মুরালি নিজে এবং দলের সব সদস্য তা বুঝতে পেরেছিল। মুরালিকে আমরা প্রচন্ড ভালবাসি আর শ্রদ্ধাও করি। কারণ সে একজন চ্যাম্পিয়ন আর তার প্রচেষ্টা সব সময়ই দলকে সাহায্য করে। তার জন্য আমরা হতাশ। সে নিজেও ভীষণ হতাশ। তবে মুরালির জন্য তো সব কিছু শেষ হয়ে যায়নি। টেস্ট ক্রিকেটে তার আরো অনেক বছর বাকি আছে।" সাঙ্গাকারার দৃঢ় বিশ্বাস ইংল্যান্ডের সঙ্গে আসন্ন সিরিজেই রেকর্ডটা নিজের করে নেবেন মুরালি, "সামনেই ইংল্যান্ডের বিপক্ষে সে তিনটা টেস্ট পাচ্ছে। সুতরাং তার জন্য রেকর্ডটা অবধারিত। দুর্ভাগ্যজনকভাবে আমরা এটা অস্ট্রেলিয়ার মাটিতে পাইনি। এই দেশই রেকর্ড ভাঙ্গার জন্য আদর্শ জায়গা ছিল তার জন্য। তবে ক্রিকেটে এমনটা তো হতেই পারে।" শ্রীলঙ্কানরা যখন হতাশায় পুড়ছে তখন রেকর্ডটা আরো কিছু দিনের জন্য বিশেষ করে নিজের দেশে অক্ষত থাকায় দারুণ উৎফুল্ল ওয়ার্ন। যদিও সর্বকালের সেরা লেগস্পিনারের ধারণা এক দিন এক হাজার উইকেটের 'এভারেস্ট' স্পর্শ করার ক্ষমতাও আছে মুরালির, "এটা একটা দারুণ ব্যাপার যে অস্ট্রেলিয়ানরা আরো কয়েক সপ্তাহের জন্য রেকর্ডটা আমার কাছে রাখার সুযোগ দিয়েছে। তবে মুরালির জন্য এটা অর্জন করা শুধুই সময়ের ব্যাপার। আশা করি ইংলিশরাও (এটা পাওয়ার জন্য) কঠিন পরিশ্রম করতে বাধ্য করবে তাকে। এই সিরিজে তার বিপক্ষে সবাই সত্যিই খুব ভাল খেলেছে। তবে সে এগিয়ে যাবেই এবং ১০০০ উইকেট পাবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১০ঘ.