ঢাকা, ১৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- রাজশাহীর বিপক্ষে আগের রাউন্ডের ম্যাচ খেলার সময়ই ঘাড়ে একটু একটু ব্যথা অনুভব করছিলেন হাবিবুল বাশার। সেটা অসহনীয় রুপ নেয় রোববার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে পঞ্চম রাউন্ডের চারদিনের ম্যাচে ব্যাটিং করতে নামার পর। তাই ১৩ রান করার পর আর ব্যাট করতে পারেননি খুলনা অধিনায়ক। অবসর নিতে বাধ্য হন। পরে এক্সরে করে নিশ্চিত হয়েছেন যে গুরুতর কিছূ হয়নি। তবে এ ধরনের ব্যথা উপেক্ষা করতে গেলে আবার বড় ক্ষতির ঝুঁকিও থাকে। যে কারণে ডাক্তার তাকে পুরো এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
বগুড়া থেকে বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, "আগের রাউন্ডের ম্যাচের সময় থেকেই ব্যথা অনুভব করছিলাম। তবে তেমন একটা গুরুত্ব দেইনি। কিন্তু আজ ( রোববার) ব্যাট করতে নামার পর এমন ব্যথা করছিল যে ঘাড়ই নাড়াতে পারছিলাম না। এক্স রে করানোর পর অবশ্য ভয়টা কেটে গেছে। তবে ডাক্তার এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন।"
ওদিকে জাতীয় লিগের চারদিনের ম্যাচের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা খুলনা প্রথম দিনশেষেই বরিশালের বিপক্ষে বেশ ভালো অবস্থায় পৌছে গেছে। সেঞ্চুরিয়ান তুষার ইমরান ১২২ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিনে তবু ডাক্তারের পরামর্শ উপেক্ষা করে ব্যাট করার লোভ সামলাতে কষ্ট হচ্ছে হাবিবুলের, "দল তো খুব ভালো অবস্থায় আছে। তুষার কালও (সোমবার) ব্যাট করতে নামবে। খেলতে যখন নেমেই গেছি তখন ব্যাটিং করার ইচ্ছে আছে। হয়তো ফিল্ডিংটা করবো না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২০ঘ.
bdnews24