২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিলক্রিস্টের ছক্কার 'সেঞ্চুরি', রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

যে স্বপ্ন নিয়ে তিনি অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছিলেন তা এখন অনেকটাই ধূসর। শেন ওয়ার্নের বিশ্ব রেকর্ডের চেয়ে ৯ উইকেটের দূরত্বে দাঁড়িয়ে সিরিজ শুরু করা মুত্তিয়া মুরালিধরনকে আগের দিনের মতো শনিবারও একটার বেশি উইকেট দেয়নি অস্ট্রেলিয়া। উল্টো অ্যাডাম গিলক্রিস্ট লজ্জায় ফেলে দিয়েছেন বিশ্বসেরা অফস্পিনারকে। মুরালির টানা দু বলে ছক্কা মেরেই টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসাবে শততম ছক্কা মারার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। গিলক্রিস্টের এমন অনন্য অর্জনের দিনে চাপা পড়ে গেছে মাইকেল হাসির ১৩২ রানের দুর্দান্ত ইনিংসটার কথা। মাইকেল ক্লার্কের ৭১ কিংবা অ্যান্ড্রু সাইমন্ডসের অপরাজিত ৫০ তো আলোচনায় 'গিলি'র হার না মানা ৬৭ রানের চেয়ে যোজন-যোজন ব্যবধানে পিছিয়ে ছিল। এই সব ব্যাটিং-কীর্তির যোগফলে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেটে ৫৪২ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে বিশ্ববিজয়ীরা। জবাব দিতে নেমে দিনশেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৩০ রান। মারভান আতাপাত্তু ১৮ ও মাইকেল ভ্যানডর্ট ১২ রান নিয়ে ব্যাট করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2007, 04:23 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

হোবার্ট, ১৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যে স্বপ্ন নিয়ে তিনি অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছিলেন তা এখন অনেকটাই ধূসর। শেন ওয়ার্নের বিশ্ব রেকর্ডের চেয়ে ৯ উইকেটের দূরত্বে দাঁড়িয়ে সিরিজ শুরু করা মুত্তিয়া মুরালিধরনকে আগের দিনের মতো শনিবারও একটার বেশি উইকেট দেয়নি অস্ট্রেলিয়া। উল্টো অ্যাডাম গিলক্রিস্ট লজ্জায় ফেলে দিয়েছেন বিশ্বসেরা অফস্পিনারকে। মুরালির টানা দু বলে ছক্কা মেরেই টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসাবে শততম ছক্কা মারার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। গিলক্রিস্টের এমন অনন্য অর্জনের দিনে চাপা পড়ে গেছে মাইকেল হাসির ১৩২ রানের দুর্দান্ত ইনিংসটার কথা। মাইকেল ক্লার্কের ৭১ কিংবা অ্যান্ড্রু সাইমন্ডসের অপরাজিত ৫০ তো আলোচনায় 'গিলি'র হার না মানা ৬৭ রানের চেয়ে যোজন-যোজন ব্যবধানে পিছিয়ে ছিল। এই সব ব্যাটিং-কীর্তির যোগফলে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেটে ৫৪২ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে বিশ্ববিজয়ীরা। জবাব দিতে নেমে দিনশেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৩০ রান। মারভান আতাপাত্তু ১৮ ও মাইকেল ভ্যানডর্ট ১২ রান নিয়ে ব্যাট করছেন। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হাসি ও ক্লার্ক শনিবার মধ্যাহ্ন বিরতি পর্যন্ত কোনো ক্ষতি হতে দেননি অস্ট্রেলিয়ার। ৩ উইকেটে ৩২৯ রান নিয়ে খেলতে নামা বিশ্ববিজয়ীদের মধ্যাহ্ন বিরতির সময় ৩৯২ রানে পৌঁছে দিয়েছেন তারা। অবশ্য বৃষ্টির জন্য প্রথম সেশনে ১৮ ওভারের বেশি হতে পারেনি। ১০১ রান নিয়ে দিন শুরু করা হাসির বিদায়ে ভেঙ্গেছে ১২৫ রানের জুটিটা। অষ্টাদশ টেস্টে সপ্তম সেঞ্চুরি পাওয়া হাসিকে ফিরিয়েছেন দিলহারা ফার্নান্দো, এলবিডব্লু করে। ২২০ বলে ১৩২ রানের ইনিংসটা সাজানো ১৮ বাউন্ডারি ও মুরালিকে মারা এক ছক্কায়। আসলে দিনটাই ভাল যায়নি মুরালির। হাসি আউট হওয়ার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ৪১০ রান। সাইমন্ডসকে নিয়ে আর ৩৭ রান যোগ করার পর ফিরে গেছেন ক্লার্কও। ৮টি বাউন্ডারিতে ৭১ রান করে লাসিথ মালিঙ্গার বলে তিনি ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। তার পরই শুরু হয়েছে গিলক্রিস্ট ও সাইমন্ডসের আক্রমণ। তোপটা সবচেয়ে বেশি গেছে মুরালির ওপর দিয়ে। চা-বিরতির কিছুক্ষণ আগে মালিঙ্গাকে মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে মেরে পৌঁছেছেন ৯৮তম ছক্কায়। আর চা-বিরতির পর মুরালির টানা দুই বলে ছক্কা! যার দ্বিতীয়টা অর্থাৎ টেস্টে শততম ছক্কাটি বেলেরিভ ওভালের বাইরের রাস্তায় গিয়ে পড়েছে! বলটি আর খুঁজেই পাওয়া যায়নি বলে আম্পায়াররা বাধ্য হয়েছেন আরেকটি বল দিয়ে খেলা চালিয়ে যেতে। গিলক্রিস্ট কিন্তু কিছুতেই ভুলতে পারছেন না তার কীর্তিধন্য হারিয়ে যাওয়া বলটির কথা। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে স্বদেশবাসীর কাছে বলটি খুঁজে দেয়ার জন্য আকুতি ঝরেছে তার কণ্ঠে, "আমি তেমন বড় কোনো স্মারক-সংগ্রাহক নই। কিন্তু আমি মনে করি প্রত্যেক ক্রিকেটারের কাছেই কিছু কিছু ব্যাপার খুব বড়। এটা ছোট হলেও আমার কাছে অনন্য। এটা ফিরে পেলে দারুণ খুশি হবো আমি।" দ্রুত রান তোলার নেশায় মত্ত গিলক্রিস্টের ব্যাটের তান্ডব অনুপ্রাণিত করেছে সাইমন্ডসকেও। আর সেজন্যই ২০ দশমিক ৪ ওভারের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটির অবদান ৯৫ রান। গিলক্রিস্টের ৭৭ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসে ঐ তিনটি ছক্কা ছাড়াও ছিল ৭টি বাউন্ডারি। অন্যদিকে ৭১ বলে ৫০ রানে অপরাজিত থাকার পথে সাইমন্ডসের ব্যাট থেকে এসেছে চার বাউন্ডারি ও এক ছক্কা। প্রতিপক্ষকে চাপের মধ্যে ফেলার আশায় শেষ বিকেলে ইনিংস ঘোষণা করলেও অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংয়ের তা পূর্ণ হয়নি। আতাপাত্তু ও ভ্যানডর্ট দেখে-শুনে ১২ ওভার পার করে দিয়ে কিছুটা হলেও স্বস্তিতে রেখেছেন দলকে। যদিও একটা দুঃসংবাদ ঠিকই শুনতে হয়েছে শ্রীলঙ্কানদের। আগের দিন পায়ের ইনজুরিতে পড়া ফারভিজ মাহারুফকে ৪ থেকে ৫ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। যার অর্থ ঘরের মাঠে আগামী ১ ডিসেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজে এই পেসারের খেলার সম্ভাবনা প্রায় নেই-ই বলা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৪০ঘ.