সেঞ্চুরিয়ন, ১৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বোলারদের মনের জ্বালা এখন ভাল মতোই টের পাচ্ছেন নিউজিল্যান্ডের বোলাররা। পাকিস্তানের সঙ্গে ঠিক আগের সিরিজে দুই টেস্টে তিনটি সেঞ্চুরি করা ক্যালিসের রানের খিদে এখনো মেটেনি। জোহানেসবার্গে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১৮৬ রান করা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শনিবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ১৩১ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। গত চার টেস্টে ক্যালিসের পঞ্চম সেঞ্চুরির সুবাদে সেঞ্চুরিয়ন টেস্টে প্রোটিয়ারা এখন ৮৪ রানে এগিয়ে। দ্বিতীয় দিনশেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৭২ রান। ৮৯ রানে অপরাজিত হাশিম আমলা আরেকটি সেঞ্চুরির স্বপ্ন নিয়ে রোববার ব্যাট করতে নামবেন। সঙ্গে থাকবেন ৮ রানে অপরাজিত অ্যাশওয়েল প্রিন্স। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আলোর স্বল্পতার কারণে চা-বিরতির পর পরই শেষ হয়ে গেছে খেলা। এর আগে ৮ উইকেটে ১৮৭ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৮৮ রানেই। ডেল স্টেইন নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট এনটিনি ও আন্দ্রে নেলের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২২০৮ঘ.
bdnews24