২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবুও আইসিএল নিয়ে দারুণ আশাবাদী কপিল

উদ্বোধনের ঘোষণা দেয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল বিভিন্ন সমস্যার সম্মুখীন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তো 'বিদ্রোহী লিগ' হিসাবে পরিচিতি পাওয়া আইসিএল-কে যে কোনো মূল্যে আটকাতে দৃঢ় প্রতিজ্ঞ। আইসিএল-কে কোনো মাঠ দিতে তারা রাজি নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 01:09 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

নয়াদিল্লী, ১৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উদ্বোধনের ঘোষণা দেয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট লিগ বা আইসিএল বিভিন্ন সমস্যার সম্মুখীন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তো 'বিদ্রোহী লিগ' হিসাবে পরিচিতি পাওয়া আইসিএল-কে যে কোনো মূল্যে আটকাতে দৃঢ় প্রতিজ্ঞ। আইসিএল-কে কোনো মাঠ দিতে তারা রাজি নয়। এমনকি এই লিগে যোগ দেয়া ক্রিকেটারদের জন্য জাতীয় দলের দরজা বন্ধ করে দেয়ার ঘোষণা দিতেও দ্বিধা করেনি বিসিসিআই। তবে যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন, কপিল দেবের বিশ্বাস আইসিএল সাধারণ ক্রিকেটপ্রেমীদের মন জয় করবেই। ভারতের সাবেক অধিনায়ক ও আইসিএল-এর নির্বাহী বোর্ডের চেয়ারম্যান লন্ডন ভিত্তিক পত্রিকা 'ডেইলি টেলিগ্রাফ'কে সেই বিশ্বাসের কথা জানালেনও দৃঢ়তার সঙ্গে। বিসিসিআই তাদের কোনো মাঠ ব্যবহার করতে দিতে রাজি না হওয়ায় নিরুপায় আইসিএল একটি বিকল্প মাঠ খুঁজে বের করেছে। চন্ডীগড়ের কাছেই পাঞ্চকুলার সেই মাঠটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়নি এখন পর্যন্ত। যদিও সেই 'নামগোত্রহীন' মাঠটির প্রস্তুতি নিয়ে দারুণ উচ্ছ্বসিত কপিল, "আমরা প্যাভিলিয়নের কাজ শেষ করে ফেলেছি। ফ্লাডলাইটও প্রস্তুত হয়ে যাবে খুব শিগগিরি।" আইসিএল-এর প্রচারণা নিয়েও তিনি সন্তুষ্ট, "ভারতের টেলিভিশন চ্যানেলগুলোতে বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, অন্যান্য প্রচারণাও শুরু হয়ে গেছে। ছয়টি দলের জার্সিও আমরা তৈরি করে ফেলেছি।" সব মিলিয়ে নিজেদের প্রস্তুতি নিয়ে দারুণ তৃপ্ত এবং সন্তুষ্ট কপিল। আর তাই বিরুদ্ধ পক্ষকে চ্যালেঞ্জ জানাতেও দ্বিধা করেননি সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, "যা করছি সেটা দৃঢ়তা আর গর্বের সঙ্গেই আমরা করছি। এটা (আইসিএল) ক্রিকেটকে সামনে এগিয়ে নেবে এবং অসংখ্য তরুণ খেলোয়াড়ের ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেবে। যদি লোকে ভাবে যে তারা আমাদের আটকাতে পারবে তাহলে আটকাক। সবচেয়ে ভাল হল অপেক্ষা করা আর দেখা।" ইতিমধ্যে আইসিএল-এর দুটো ক্যাম্পও শেষ হয়ে গেছে। যার মধ্যে ২৫ অক্টোবর চেন্নাইয়ে শেষ হয়েছে দ্বিতীয়টা। আইসিএল এখন হায়দ্রাবাদ, চন্ডীগড়, মুম্বাই, চেন্নাই, কলকাতা ও দিল্লীতে আঞ্চলিক ক্যাম্পও করার পরিকল্পনা করেছে। কলকাতার ক্যাম্প অবশ্য শুরু হয়ে যাচ্ছে আগামী শুক্রবার থেকে। যেখানে ক্যালকাটা টাইগার্স দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ড্যারিল কালিনানের অধীনে প্রশিক্ষণ নেবে। যতই বাধা-বিপত্তি থাকুক না কেন, আইসিএল-এ যোগ দেয়ার ব্যাপারে ক্রিকেটারদের আগ্রহ দিন দিনই বাড়ছে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড থেকে ইতিমধ্যেই বিক্রম সোলাঙ্কি, ড্যারেন ম্যাডি, পল নিক্সন, বয়েড র‌্যাংকিন এবং নেইল ও'ব্রায়েন যোগ দিয়েছেন এই 'বিদ্রোহী' লিগে। বৃটেনের বিখ্যাত দৈনিক 'গার্ডিয়ান' জানিয়েছে আরো ৯ জন ক্রিকেটারের যোগ দেয়ার সম্ভাবনা আছে। যাদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে ইংল্যান্ডের সাবেক উইকেট কিপার ক্রিস রিডের নাম। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৫৫ঘ.