ঢাকা, ১০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- এই ম্যাচটাতে তার খেলারই কথা ছিল না। অনূর্ধ্ব-১৯ দলের পাকিস্তান সফর স্থগিত হয়ে যাওয়াতেই জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে ডলার মাহমুদকে পেল খুলনা। এই 'পাওয়া' বিশ্রামে থাকা তাদের দুই বোলার মাশরাফি বিন মর্তুজা এবং আব্দুর রাজ্জাকের শূন্যতা একদমই টের পেতে দেয়নি। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বরং ডলারের বোলিং তোপে পুড়েই শেষ হওয়ার পথে এখন পর্যন্ত শীর্ষে থাকা রাজশাহীর প্রথম ইনিংস। ৯ উইকেটে ১৭৪ রান তুলেছে তারা। তাদের বিপদে ফেলার পথে জাতীয় লিগ ইতিহাসের প্রথম হ্যাটট্রিক করেছেন ডলার। রাজশাহীর ৯ উইকেটের সাতটিই নিয়েছেন এই পেসার মাত্র ৩৯ রান খরচায়। যা চলতি লিগের সেরা বোলিং পারফরম্যান্সও। আর সেরা ব্যাটিং অলক কাপালির। তার অপরাজিত ১৫৭ রানে ফতুল্লায় বরিশালের বিপক্ষে প্রথম দিনের শেষে দারুণ অবস্থায় সিলেট। ৪ উইকেটে ৩১৬ রান তুলেছে তারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বরিশাল ও রাজশাহীর মতো বিপাকে আছে চট্টগ্রামও। তাদেরকে ২০০ রানে অলআউট করে দিয়ে দিনের শেষে বিনা উইকেটে ১৭ রান তুলেছে ঢাকা।
টস জিতে রাজশাহী অধিনায়ক খালেদ মাসুদের নেওয়া ব্যাট করার সিদ্ধান্তকে শুরু থেকেই প্রশ্নবিদ্ধ করতে থাকেন ডলার মাহমুদ। এই পেসার শুরুতেই ফিরিয়ে দেন ওপেনার জহিরুল ইসলাম অমিকে (৮)। এর পর নিজের পঞ্চম ওভারের শেষ দুই বলে অন্য ওপেনার জুনায়েদ ইমরোজ (১৪) ও নাঈম ইসলামকে (০) বিদায় করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। পরের ওভারের প্রথম বলেই মুশফিকুর রহমানকে (১) উইকেটকিপার সগীর হোসেনের গ্লাভসবন্দী করে বোলারদের পরম আরাধ্য হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন। ২৭ রানে ৪ উইকেট হারিয়ে রাজশাহী তখন ভীষণ সঙ্কটে। সেখান থেকে ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করা অধিনায়ক মাসুদের কখনো ফাহাদ হোসেনকে (২২), কখনো বা আনিসুর রহমান (২৯) কিংবা ফরহাদ রেজাদের (২৬*) নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা শেষ পর্যন্ত সফল হতে দেননি ডলার। তার বোলিং ফিগারটাও হয়েছে দেখার মতো : ১৮-৫-৩৯-৭! খুলনার হয়ে অন্য দুটো উইকেট নিয়েছেন বাঁ হাতি স্পিনার মুরাদ খান।
সিলেটের ব্যাটিংয়ের শুরুতে অবশ্য শক্ত অবস্থানের ইঙ্গিত ছিল না তেমন। টস হার দিয়ে শুরুর পর স্কোরবোর্ডে ৬০ রান জমা হতেই তিন উইকেট নেই। স্লো মিডিয়াম পেসার আরাফাত সালাউদ্দিন একাই তিনটি উইকেট তুলে নিলে চাপের মধ্যে পড়ে যায় সিলেট। সেখান থেকে অধিনায়ক রাজিন সালেহ ও অলক কাপালির প্রতিরোধ উল্টো প্রতিপক্ষকে চাপের মধ্যে ফেলে দেয়। চতুর্থ উইকেটে তারা যোগ করেছেন ২২৩ রান। আরাফাতের বলেই যখন আউট হয়ে ফিরে যান রাজিন (৮২), তখন সেঞ্চুরি থেকে খুব দূরে ছিলেন না তিনি। অবশ্য এর অনেক আগেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া হয়ে গেছে অলকের। রোববার ডাবল সেঞ্চুরির লক্ষ্য নিয়েই নামবেন তিনি। তার ২১১ বলের ইনিংসে ২৫টি বাউন্ডারির সঙ্গে দুটো ছক্কাও আছে।
ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়া চট্টগ্রাম আর তা সামলে উঠতে পারেনি। চা বিরতির পর তারা মাত্র ২০০ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৪১ রান এসেছে উইকেটকিপার ধীমান ঘোষের ব্যাট থেকে। এছাড়াও ৩৮ রান করেছেন ওপেনার তামিম ইকবাল ও নাজিমউদ্দিন। ঢাকার সফলতম বোলার মোশাররফ হোসেন রুবেল। এই বাঁ হাতি স্পিনার ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ রফিক দুটো করে উইকেট পেয়েছেন। মিরপুরে স্পিনারদের দিনে পেসার মোহাম্মদ শরীফের শিকারও চট্টগ্রামের দুই ব্যাটসম্যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০০৩ঘ.
bdnews24