ব্রিসবেন, ৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার মাটিতে তার অভিজ্ঞতা কখনোই ভাল নয়। সেই ১৯৯৫এ 'বক্সিং ডে' টেস্টে ড্যারেল হেয়ারের 'নো' বল ডাকা দিয়ে শুরু। তার পর থেকে অস্ট্রেলিয়ায় মুত্তিয়া মুরালিধরন যখনই বল করেছেন তখনই গ্যালারি উত্তাল হয়ে উঠেছে 'নো', 'নো' কিংবা 'চাকার', 'চাকার' ব্যঙ্গ-ধ্বনিতে! শেন ওয়ার্নের বিশ্ব রেকর্ড ভাঙ্গার উজ্জ্বল সম্ভাবনা থাকায় এবারের সফরেও তার সামনে তেমন একটা আশঙ্কা আছেই। তবে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজে সেই 'সমালোচক'দের জবাব দিতে চাইছেন মুরালি।
'৯৫তে হেয়ারের ঐ 'কীর্তি'র পর আরেক অস্ট্রেলীয় আম্পায়ার রস এমারসন একটি ওয়ানডেতে 'চাকিং' বা বল ছোড়ার অভিযোগে ৭ বার 'নো' ডেকেছিলেন মুরালিকে! এর প্রতিবাদে সেই ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা দল নিয়ে বেরিয়েও এসেছিলেন মাঠ থেকে। তার পর থেকে অস্ট্রেলিয়ায় মুরালির বোলিং মানেই গ্যালারিতে দর্শকদের বিদ্রুপধ্বনি। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড পর্যন্ত 'চাকার' বলে বিদ্রুপ করেছিলেন সর্বকালের সেরা অফস্পিনারকে। যার প্রতিবাদে ২০০৪ সালে অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কার সর্বশেষ টেস্ট সফর বয়কটও করেছিলেন মুরালি। তবে পুরনো দিনের সে সব তিক্ত অভিজ্ঞতা এখন ভুলে যেতেই তিনি আগ্রহী, "১৯৯৫এ একটা খারাপ সফর কেটেছিল আমার। আমি সেই সফর ভুলে যেতে চাই কারণ তার ফলেই সব কিছুর সূচনা। আমি সে সব থেকে বেরিয়ে এসেছি।"
নিঃসন্দেহে এবারের সফরে তার সবচেয়ে বড় লক্ষ্য ৯ উইকেট শিকার করে ওয়ার্নের কাছ থেকে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটা কেড়ে নেয়া। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার 'সমালোচক' বা নিন্দুকদের জবাব দেয়ার লক্ষ্যের কথাও জানালেন মুরালি, "আমি অস্ট্রেলিয়ায় খেলে নিজেকে প্রমাণ করতে চাই। আশা করি অবসরের আগে এবার কিছু একটা করতে পারবো।" অবশ্য অস্ট্রেলিয়ায় তার টেস্ট পারফরম্যান্স একদমই অনুজ্জ্বল। সেখানে তিন টেস্ট খেলে ৬৩ দশমিক ১২ গড়ে মাত্র ৮ উইকেট পেয়েছেন তিনি।
তবে একটা ব্যাপারে এই স্পিন-জাদুকর ভীষণ সতর্ক। সেটা মাঠের মধ্যে 'স্লেজিং' বা খেলোয়াড়দের কথার লড়াই সংক্রান্ত। স
bdnews24