ঢাকা, ৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- স্বভাববিরোধী ব্যাটিংই করছিলেন জাভেদ ওমর। পাঁচ বাউন্ডারিতে মাত্র ১৮ বলে ২৪ রান করার পর রানআউট হয়ে যান। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার বরিশালের বিপক্ষে চারদিনের ম্যাচের তৃতীয় দিনে তার বিরুদ্ধে আম্পায়ার রান আউটের সিদ্ধান্ত দেওয়ার পরও তিনি উইকেটে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ। যা আচরণবিধির লঙ্ঘন। এ কারণেই ম্যাচ রেফারি আখতার আহমেদ তাকে ম্যাচ ফি'র অর্ধেক জরিমানা করেছেন। একই দিন লাঞ্চ বিরতির সময় টেলিভিশন সাক্ষাৎকারে আচরণবিধি পরিপন্থী মন্তব্য করে জরিমানা গুণতে হচ্ছে বরিশাল ওপেনার হান্নান সরকারকেও। তার ম্যাচ ফি'র শতকরা ৩০ ভাগ কাটা যাচ্ছে। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই ওপেনারকে জরিমানার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/২১৩০ঘ.
bdnews24