কলকাতা, ৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শচীন টেন্ডুলকার কি ওয়ানডে থেকে অবসর নেবেন? বেশ কিছদিন ধরেই পশ্নটা উঠছে । প্রায় ১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বোলারদের শাসন করে ক্লান্তি ভর করতেই পারে তার শরীরে। তবে ওয়ানডের সফলতম ব্যাটসম্যানের মনে আপাতত ওয়ানডে থেকে অবসর নেয়ার কোনো চিন্তা উঁকি দিচ্ছে না। ভারতের বিখ্যাত দৈনিক 'টাইমস অব ইন্ডিয়া'কে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, টেস্টের পাশাপাশি ওয়ানডেও এখনো দারুণ উপভোগ করছেন। শুধু ব্যাটিং নয়, এখনো বোলিংটাও 'লিটল জিনিয়াস'-এর কাছে দারুণ উপভোগ্য।
সাক্ষাৎকারের শুরুতেই উঠে এসেছে ওয়ানডে থেকে অবসরের প্রসঙ্গ। কারো কারো ধারণা, টেস্ট ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য টেন্ডুলকারের ওয়ানডে থেকে অবসর নেয়া কিংবা আরো কম ওয়ানডে খেলা উচিৎ। এই ধারণার সঙ্গে একদমই একমত নন ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি, ফিফটি ও রানের মালিক, "(টেস্ট ক্যারিয়ারকে) দীর্ঘায়িত করার জন্য আমার শুধু খেলাটার একটা ধরণের সঙ্গেই যুক্ত থাকা উচিৎ এমন একটা কথা শোনা যাচ্ছে। তবে সত্যি কথা বলতে কি এটা নিয়ে আমি কখনো চিন্তাই করিনি। এই মুহূর্তের কাজগুলো দারুণ উপভোগ করছি আমি। যে মুহূর্তে মনে হবে, উপভোগ করতে পারছি না, ঠিক তখনই এটা (অবসর) নিয়ে চিন্তা-ভাবনা শুরু করবো।"
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১৮ বছর কেটে গেলেও মাঠে প্রত্যেকটা মুহূর্ত এখনো উপভোগ করেন
bdnews24