২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানেই নতুন কোচের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে আশরাফুলদের

চুক্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সেরে একটা দলের দায়িত্ব নেওয়ার পরই সাধারণত কোচের সঙ্গে তার শিষ্যদের দেখা হয়। কিন্তু বাংলাদেশ দলের নতুন হেড কোচ জেমি সিডন্সের ক্ষেত্রে ঘটছে এর ব্যতিক্রম। মোহাম্মদ আশরাফুলদের সঙ্গে আগেভাগেই দেখা হয়ে যাচ্ছে এই অস্ট্রেলিয়ানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 04:05 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, ২৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- চুক্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সেরে একটা দলের দায়িত্ব নেওয়ার পরই সাধারণত কোচের সঙ্গে তার শিষ্যদের দেখা হয়। কিন্তু বাংলাদেশ দলের নতুন হেড কোচ জেমি সিডন্সের ক্ষেত্রে ঘটছে এর ব্যতিক্রম। মোহাম্মদ আশরাফুলদের সঙ্গে আগেভাগেই দেখা হয়ে যাচ্ছে এই অস্ট্রেলিয়ানের। এমনকি তাদের সাক্ষাৎপর্বটা চুকে যাচ্ছে সিডন্স এদেশে পা রাখার আগেই। সোমবার দুুপুর ১২টায় ঢাকা পৌছাবেন তিনি। তার সঙ্গে একই বিমানে একই সময়ে ঢাকায় ফিরবেন হংকংয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু চমকপ্রদ এই তথ্যটা দিয়ে বললেন, "ক্রিকেটাররাই এবার নতুন কোচকে স্বাগত জানিয়ে নিয়ে আসছে।" ব্রিসবেন থেকে ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশে রওনা হয়ে যাওয়ার কথা সিডন্সের। সবকিছু ঠিক থাকলে সোমবার সকালে তিনি ব্যাংকক এয়ারপোর্ট থেকে বাংলাদেশে আসার জন্য থাই এয়ারওয়েজের ফ্লাইটে চাপবেন। হংকং থেকে এসে দেশে ফেরার একই ফ্লাইট ধরবেন আশরাফুলরাও। যে দলটাকে নিয়ে কাজ করবেন সেই দলের অধিনায়কের সঙ্গে পরিচয় পর্বটা তাই বিমানেই সেরে নেওয়ার কথা অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্বে থাকা সিডন্সের। আর হংকংয়ে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে যাওয়া বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খানকে রোববার রাতেই খবর পাঠিয়ে দেওয়া হয়েছে যে একই ফ্লাইটে তাদের সহযাত্রী হচ্ছেন ওই অস্ট্রেলিয়ান। তাই তাকে বিসিবির আগমনী শুভেচ্ছা জানানোর পর্বটা বোধহয় সেরে ফেলা হবে ব্যাংকক এয়ারপোর্টের ইমিগ্রেশনেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.