ঢাকা, ২৭ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ফলো অনে পড়ে আবার ব্যাট করতে নেমেছে সিলেট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকার ৯ উইকেটে তোলা ৩৫১ রানের জবাবে রাজিন সালেহ'র দলের প্রথম ইনিংসের চেহারা তাদের ব্যাটিং দৈন্যতাই ফুটিয়ে তুলছে কেবল। ৯৬ রানেই অলআউট সিলেট! রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের অবস্থাও সিলেটের মতোই। ফলো অন এড়ানো তাদের জন্য প্রায় অসম্ভব। রাজশাহীর ৩০১ রানের প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৭৭ রান তুলে তারা ফলো অনের আশঙ্কার সামনে। সিলেট-বরিশালের তুলনায় খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে চট্টগ্রাম অনেক ভাল করেছে। আগের দিন সাড়ে তিনশোর বেশি রান তুলে ব্যাটিং থেকে সর্বোচ্চ ৪ পয়েন্ট তুলে নেওয়া খুলনার প্রথম ইনিংস শনিবার শেষ হয় ৪১০ রানে। এর জবাবে বিপর্যয়ে পড়লেও তা সামলে দিনের শেষে স্কোরবোর্ডে চট্টগ্রামের রান ৭ উইকেটে ২৩১।
আগের দিনের ৪ উইকেটে ২৩৭ রানের সঙ্গে এদিন আরো ১১৪ রান যোগ করে ঢাকা। শুক্রবার ৪৯ রানে অপরাজিত থাকা মেহরাব হোসেন জুনিয়র (৬০) বেশিদূর যেতে পারেননি। তবে মোশাররফ হোসেন রুবেল (৩৫*) এবং মোহাম্মদ রফিকের (৩৯) কার্যকর দুটো ইনিংসে সাড়ে তিনশো পার করে খুলনার মতোই ব্যাটিং থেকে সর্বোচ্চ ৪ বোনাস পয়েন্ট তুলে নেয় ঢাকা। এরপর ব্যাটিং করতে নেমে ঢাকার দুই নতুন বলের বোলার মাহবুবুল আলম রবীন (৪/১৪) ও মোহাম্মদ শরীফের (২/১৬) তোপের মুখে পড়েন সিলেটের ব্যাটসম্যানরা। এদের সঙ্গে এসে রফিকও (৩/৩৬) শিকারে যোগ দেওয়ায় এক পর্যায়ে ২৬ রানে ৭ উইকেট হারিয়ে বসে সিলেট। জাতীয় লিগের সর্বনিম্ন রানের লজ্জা থেকে তাদের মুক্তি দেয় পেসার নাজমুল হোসেনকে (২৫) নিয়ে মুশফিকুর রহিমের ৪৭ রানের পার্টনারশিপ। ৩৬ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে একশোর নিচে অলআউট হওয়া থেকে অবশ্য সিলেটকে বাঁচাতে পারেননি মুশফিক।
৫ উইকেটে ১৮৭ রান তুলে প্রথম দিন শেষ করা রাজশাহীর অধিনায়ক খালেদ মাসুদ সেঞ্চুরি পান কিনা, দ্বিতীয় দিনে সেটাই ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কিন্তু ৮৬ রান নিয়ে ব্যাট করতে নেমে আর মাত্র ৩ রান করেই তিনি বরিশালের সফলতম বোলার তালহা জুবায়েরের (৩/৭০) শিকারে পরিণত হন। অবশ্য ফরহাদ রেজার (৫২) ফিফটি স্বাগতিকদের তিনশো পার করে নিয়ে যায়। এর পর বোলিংয়েও বরিশালের ওপরে ত্রাস সঞ্চার করেন ফরহাদ (৩/১২)। তার সঙ্গে দুই স্পিনার নাঈম ইসলাম (৩/৭) ও সোহরাওয়ার্দী শুভ (২/২৪) মিলে লজ্জায় ফেলেন প্রতিপক্ষকে। অধিনায়ক শাহরিয়ার নাফীস (১৯) ছাড়া বরিশালের আর একজনই (নাফীসের অনুজ ইফতেখার নাঈম, ১৩) দুই অঙ্কে যেতে পেরেছেন!
সাকিব আল হাসানের সেঞ্চুরিতে আগের দিনই বড় সংগ্রহ দাঁড় করিয়ে ফেলা খুলনার প্রথম ইনিংস শনিবার শেষ হয় ৪১০ রানে। এর জবাবে চট্টগ্রাম খুব বেশি দূর যেতে পারবে না বলেই মনে হচ্ছিল। কারণ তারা ১২৮ রানেই হারিয়ে বসে পঞ্চম উইকেট। সেখান থেকে উইকেটকিপার ধীমান ঘোষকে (৪৬) সঙ্গে নিয়ে ফয়সাল হোসেন ডিকেন্সের ৯৯ রানের জুটিতে বিপর্যয় সামলে নেয় চট্টগ্রাম। বিকেলে ২ রানের মধ্যে এই দুজনের বিদায়ে অবশ্য আবার কিছুটা ব্যাকফুটে চলে যায় তারা। ধীমান রান আউট হলেও ৮৫ রান করা ফয়সাল বোল্ড হয়েছেন খুলনার সফলতম বোলার বাঁ হাতি স্পিনার মুরাদ খানের (৪/৬৭) বলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০২৪ঘ.
bdnews24