২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার পাকিস্তান দলে শোয়েব আখতার

১৩ ম্যাচের সাসপেনশন শেষ হয়েছে শুক্রবার, দক্ষিণ আফ্রিকার সঙ্গে চতুর্থ ওয়ানডে শেষে। তার পরই সুখবরটা পেলেন শোয়েব আখতার। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের পাকিস্তান দলে রাখা হয়েছে তাকে। সোমবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ ওয়ানডেতেও দলে সুযোগ পেয়েছেন 'পিন্ডি এক্সপ্রেস'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 03:31 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

লাহোর, ২৭ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৩ ম্যাচের সাসপেনশন শেষ হয়েছে শুক্রবার, দক্ষিণ আফ্রিকার সঙ্গে চতুর্থ ওয়ানডে শেষে। তার পরই সুখবরটা পেলেন শোয়েব আখতার। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের পাকিস্তান দলে রাখা হয়েছে তাকে। সোমবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ ওয়ানডেতেও দলে সুযোগ পেয়েছেন 'পিন্ডি এক্সপ্রেস'। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে সতীর্থ ফাস্ট বোলার মোহাম্মদ আসিফকে ব্যাট দিয়ে পেটানোর অপরাধে দল থেকে বহিস্কৃত হন শোয়েব। দেশে ফিরে সংবাদ সম্মেলনে ঐ ন্যক্কারজনক ঘটনার জন্য তিনি দায়ী করেছিলেন শহীদ আফ্রিদিকে। তার পরই ঘটনাটার তদন্তের জন্য একটি কমিটি গঠন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসিফকে পেটানো, আফ্রিদিকে দায়ী করা, অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন করা ইত্যাদি কারণে দোষী সাব্যস্ত হওয়ায় শোয়েবকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রত্যাশিতভাবেই দলে ফিরলেন তিনি। গত সপ্তাহে পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেট কায়দে আযম ট্রফির একটি ম্যাচে খান রিসার্চ ল্যাবরেটরিজের হয়ে খেলেছেন শোয়েব। চার দিনের সেই ম্যাচে প্রথম ইনিংসে ১৭ ওভার বল করে একটি উইকেটও পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বল করলেও কোনো সাফল্য পাননি। তবে তার ফিটনেস দেখে সন্তুষ্টই হয়েছেন পাকিস্তানের নির্বাচকরা। শনিবার দল ঘোষণার সময় সে কথাই জানালেন প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদ, "আমরা ১৬ সদস্যের দল নির্বাচন করেছি। এই দলের নেতৃত্ব দেবে শোয়েব মালিক। ফিটনেসের প্রমাণ দেয়ায় এবং নিষেধাজ্ঞা শেষ হওয়ায় দলে (শোয়েব) আখতারকেও রাখা হয়েছে।" সেই সঙ্গে শোয়েবের কাছে তার প্রত্যাশা, "আমরা জানি ফিটনেস ও ফর্ম থাকলে আখতার দলের জন্য এক সম্পদ। আশা করি ভারতের বিপক্ষে সিরিজে সে ভাল করবে।" দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সালমান বাটকে সহ-অধিনায়ক করা হলেও এই দলে সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। অবশ্য দুটো টেস্টে খেললেও ওয়ানডে সিরিজের কোনো ম্যাচে একাদশে সালমান বাট সুযোগ পাননি। যদিও ভারত সফরের ওয়ানডে দলে তিনি আছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ওয়ানডের পর বাদ পড়ে যাওয়া মোহাম্মদ হাফিজ সুযোগ পাননি। অন্যদিকে বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবিতে অনুষ্ঠিত একটি ওয়ানডে সিরিজে একটি ম্যাচ খেলা ফাওয়াদ আলমকে রাখা হয়েছে দলে। সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন দল ভারতে রওনা হওয়ার আগে ঘোষণা করা হবে সহ-অধিনায়কের নাম। পাকিস্তানের ওয়ানডে দল : শোয়েব মালিক (অধিনায়ক), ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, শহীদ আফ্রিদি, মিসবাহ-উল হক, কামরান আকমল, সালমান বাট, ইয়াসির হামিদ, ইমরান নাজির, ফাওয়াদ আলম, আব্দুর রেহমান, শোয়েব আখতার, মোহাম্মদ আসিফ, উমর গুল, সোহেল তানভীর, ইফতিখার আঞ্জুম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/ওআরপি/১৮১৬ঘ.