২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবই পাল্টেছে, উইকেটের চেহারা ছাড়া!

হাবিবুল বাশার এসব দেখে অভ্যস্ত। কিন্তু শাহরিয়ার নাফীসের অবস্থা তা নয়। যখন পুরোদমে ক্রিকেট খেলতে শুরু করেছেন ততোদিনে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের সুদিন আর নেই। কাজেই চলতি জাতীয় লিগে মাঠে হাজার তিনেক দর্শকের উপস্থিতি তার জন্য নতুন অভিজ্ঞতা হয়েই এসেছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার একদিন পরও যা বরিশাল অধিনায়কের চোখে লেগে আছে, "চারদিনের ম্যাচে পাঁচশোর মতো দর্শক হয়েছিল একেক দিন। তবে ওয়ানডেতে তিন চার হাজার দর্শক মাঠে এসেছিল। আমি লিগ ক্রিকেট খেলছি ছয় বছর ধরে। এরমধ্যে ঘরোয়া ক্রিকেটের কোনো ম্যাচে এতো দর্শক দেখিনি।" দর্শক ভালো খেলা দেখতে আসে। আর ভালো ক্রিকেটের জন্য ভালো উইকেটও জরুরী। কিন্তু সেখানকার উইকেট সম্পর্কে বলতে গিয়ে একটু নীরব থেকেই শুরু করতে হলো নাফীসকে, "সত্যি কথা বলতে কী, বগুড়ার উইকেটে লো বাউন্স ছিল। একটু বাউন্স থাকলে আসলে বোলার-ব্যাটসম্যান সবার জন্যই সুবিধা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 04:21 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, ২৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- হাবিবুল বাশার এসব দেখে অভ্যস্ত। কিন্তু শাহরিয়ার নাফীসের অবস্থা তা নয়। যখন পুরোদমে ক্রিকেট খেলতে শুরু করেছেন ততোদিনে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের সুদিন আর নেই। কাজেই চলতি জাতীয় লিগে মাঠে হাজার তিনেক দর্শকের উপস্থিতি তার জন্য নতুন অভিজ্ঞতা হয়েই এসেছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার একদিন পরও যা বরিশাল অধিনায়কের চোখে লেগে আছে, "চারদিনের ম্যাচে পাঁচশোর মতো দর্শক হয়েছিল একেক দিন। তবে ওয়ানডেতে তিন চার হাজার দর্শক মাঠে এসেছিল। আমি লিগ ক্রিকেট খেলছি ছয় বছর ধরে। এরমধ্যে ঘরোয়া ক্রিকেটের কোনো ম্যাচে এতো দর্শক দেখিনি।" দর্শক ভালো খেলা দেখতে আসে। আর ভালো ক্রিকেটের জন্য ভালো উইকেটও জরুরী। কিন্তু সেখানকার উইকেট সম্পর্কে বলতে গিয়ে একটু নীরব থেকেই শুরু করতে হলো নাফীসকে, "সত্যি কথা বলতে কী, বগুড়ার উইকেটে লো বাউন্স ছিল। একটু বাউন্স থাকলে আসলে বোলার-ব্যাটসম্যান সবার জন্যই সুবিধা।" ইস্পাহানী মির্জাপুর চা নবম জাতীয় লিগ ঘরোয়া ক্রিকেটে আবার দর্শক উন্মাদনা ফিরিয়ে আনার আশা দেখাচ্ছে ঠিকই। কিন্তু প্রথম রাউন্ড শেষে অন্তত মানসম্মত উইকেট নিয়ে ক্রিকেটারদের হতাশাটা ঢেকে দিতে পারেনি। অথচ ডিসেম্বরে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে এবার জাতীয় লিগ দিয়েই শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট মৌসুম। টাকা-পয়সা তেমন একটা পেতেন না বলে দেশের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে ক্রিকেটারদের হারিয়ে ফেলা আগ্রহও পুনরুদ্ধার করা গেছে এবার। 'সিরিয়াসনেস'ও তাই লক্ষ্য করা যাচ্ছে। না হলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা-খুলনার ম্যাচে প্রতিদিন দু'দল লম্বা সময় ধরে রুদ্ধদ্বার মিটিং করে না। ক্রিকেটারদের শরীরি ভাষাতেও আক্রমণ ফুটে ওঠে না। তাহলে টাকাই পাল্টে দিয়েছে সব? হাবিবুল বাশার একমতই হলেন, "দেখুন শচীন টেন্ডুলকারের কোটি কোটি টাকা। তবুও একটা নতুন এন্ডোর্সমেন্ট পেলে কিন্তু ছাড়ে না। টাকাটা আসলেই খুব গুরুত্বপূর্ন। যখন আপনি জানবেন এটা খেলে আপনার আর্থিক নিশ্চয়তা আছে তখন এমনিতেই সিরিয়াসনেস চলে আসে।" নিজ দলের এবং প্রতিপক্ষের ক্রিকেটারদের যেমন গুরুত্ব দিয়ে খেলতে দেখেছেন, তেমনি মিরপুরে প্রতিদিন দর্শকদের গলাফাটানো চীৎকারও উপভোগ করেছেন বেশ। ঢাকাকে ওয়ানডেতে ৩৯ রানে হারানোর পর মাঠে দাঁড়িয়েই বলছিলেন, "অনেকদিন পর লোকাল ম্যাচে এতো দর্শককে মাঠে আসতে দেখলাম।" মিরপুরের প্রেসিডেন্ট বক্সে বসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপুকেও তার পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন মিরপুরের দর্শকরা, "সেই পুরনো দিনের ঘরোয়া ক্রিকেটের আমেজটা এখন আবার পাচ্ছি।" কিন্তু পাচ্ছেন না বাংলাদেশে চিরাচরিত উইকেটের ব্যতিক্রম কিছু। মিরপুরে বল নীচু হয়ে এসেছে। ব্যাটসম্যানদের স্ট্রোক খেলতে সমস্যা হয়েছে ভীষণ। এনিয়ে হাবিবুল এবং ঢাকার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল প্রায় প্রতিদিনই হাহাকার করেছেন। এর সঙ্গে সমব্যথী হয়েছেন খোদ লিপুও। সম্ভাব্য অনেক বিকল্পের কথাও ভেবেছেন তিনি। যেমন, "এখন তো তৈরি উইকেট কিনতে পাওয়া যায়। ট্রে তে করে বিক্রি করা হয়। সেরকম উইকেট কেনার কথাও আমাদের মাথায় আছে।" এখন বিসিবির কিউরেটর মাত্র দুইজন। এই সংখ্যা বাড়ানোর দাবির সঙ্গেও একমত লিপু। আগের বোর্ডের বিদেশী কিউরেটর আনার সিদ্ধান্ত কার্যকর করার ইচ্ছা থাকলেও উপায় নেই। এক্ষেত্রে অস্ট্রেলিয়ানরা পছন্দের হলেও সেখানে ক্রিকেট মৌসুম শুরু হয়ে যাওয়ায় মার্চের আগে কাউকে পাওয়া যাবে না। অর্থাৎ বিকল্প ভাবনাগুলো এই জাতীয় লিগের সময় অন্তত প্রয়োগ করা যাচ্ছে না। তাহলে এই লিগের মাধ্যমে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির কী হবে? রাজশাহী অধিনায়ক খালেদ মাসুদ বলেছিলেন, "নিউজিল্যান্ডে বাউন্সি উইকেটে খেলা হবে। তাই আমাদের সেখানে যাওয়ার আগে বাউন্স আছে এমন উইকেটেই খেলে যাওয়া উচিত।" প্রথম রাউন্ড শেষে সেটা শিঁকেয় উঠেছে বলেই মনে হচ্ছে। হাবিবুল বলছেন, "নিউজিল্যান্ডের মতো বাউন্স আছে এমন উইকেট তো এখনই তৈরি করা যাবে না। আমরা চাই এমন উইকেট যেখানে বল উঠবে, ব্যাটে বল আসবে ও স্ট্রোক খেলা যাবে। পাশাপাশি বোলাররাও সুবিধা পাবে।" হাবিবুলের মতো নাফীসও অবশ্য এখনই হাল ছাড়ছেন না, "কে জানে প্রথম ম্যাচ বলেই হয়তো এমন হয়েছে। আরো ম্যাচ হলে হযতো উইকেট ঠিক হয়ে যাবে।" এটা সম্ভাবনার কথা। তা সত্যি না হওয়া পর্যন্ত এটাই বলতে হবে- জাতীয় লিগে সবই পাল্টেছে, উইকেটের চেহারা ছাড়া! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪১ঘ.