২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে জেতালেন অলরাউন্ডার আফ্রিদি

প্রথমে ১০ ওভার বল করে ৩৭ রানে ৩ উইকেট। তারপর ওপেন করতে নেমে ১৮ বলে ৩২ রান। ম্যান অব দ্য ম্যাচ শহীদ আফ্রিদির দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সকে বৃথা যেতে দেননি তার সতীর্থরা। মঙ্গলবার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে সহজেই ৬ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। সুবাদে ৫ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখন ২-১এ এগিয়ে। আফ্রিদি-ঝড়ের পর মোহাম্মদ ইউসুফের অপরাজিত ৫৮ ও অধিনায়ক শোয়েব মালিকের ৪২ রানের দুটো কার্যকর ইনিংস ১১ বল আগেই পাকিস্তানকে লক্ষ্যে পৌঁছে দিয়েছে। এর আগে আফ্রিদি ও ইফতিখার আঞ্জুমের (৩/৩৩) দারুণ বোলিংয়ের সঙ্গে দুর্দান্ত ফিল্ডিংয়ের যোগফলে ৪৯ দশমিক ২ ওভারে ১৯৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 04:28 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ফয়সালাবাদ, ২৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রথমে ১০ ওভার বল করে ৩৭ রানে ৩ উইকেট। তারপর ওপেন করতে নেমে ১৮ বলে ৩২ রান। ম্যান অব দ্য ম্যাচ শহীদ আফ্রিদির দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সকে বৃথা যেতে দেননি তার সতীর্থরা। মঙ্গলবার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে সহজেই ৬ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। সুবাদে ৫ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এখন ২-১এ এগিয়ে। আফ্রিদি-ঝড়ের পর মোহাম্মদ ইউসুফের অপরাজিত ৫৮ ও অধিনায়ক শোয়েব মালিকের ৪২ রানের দুটো কার্যকর ইনিংস ১১ বল আগেই পাকিস্তানকে লক্ষ্যে পৌঁছে দিয়েছে। এর আগে আফ্রিদি ও ইফতিখার আঞ্জুমের (৩/৩৩) দারুণ বোলিংয়ের সঙ্গে দুর্দান্ত ফিল্ডিংয়ের যোগফলে ৪৯ দশমিক ২ ওভারে ১৯৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আগের দিন জানিয়েছিলেন ওপেনার হিসাবে খেলতে তিনি আগ্রহী। ইচ্ছা পূরণ হওয়ার দিনে আবারও জ্বলে উঠলো আফ্রিদির ব্যাট। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ানের ৩২ রানের মধ্যে ২৮ রানই এসেছে দুটি ছক্কা ও ৪টি বাউন্ডারির মাধ্যমে। ভাগ্যের সাহায্যও অবশ্য পেয়েছেন। এনটিনির বলে স্লিপে তার সহজ ক্যাচ ফেলে দিয়েছেন ক্যালিস। শেষ পর্যন্ত পোলকের বলে গ্রায়েম স্মিথের হাতে ধরা পড়ে শেষ হয়েছে আফ্রিদির ঝড়ো ইনিংস। অন্য ওপেনার ইয়াসির হামিদ ও তিন নম্বরে নামা ইউনিস খান বেশি দূর যেতে পারেননি। ইয়াসিরকে (১৮) ফিরিয়েছেন এনটিনি, আর ইউনিস (১০) অ্যালবি মরকেলের শিকার। লক্ষ্য বড় না হলেও ৬৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান খানিকটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। তবে চতুর্থ উইকেটে ইউসুফ-মালিকের ৭৯ রানের জুটি সব সংশয় দূর করে দিয়েছে তাদের। একটি বিশাল ছক্কা ও দুটো বাউন্ডারিসহ ৪২ রান করা মালিককে মরকেল কট বিহাইন্ড করলেও তা প্রোটিয়াদের পরাজয় ঠেকাতে পারেনি। দারুণ ধৈর্য্যরে পরিচয় দিয়ে ১১৩ বলে মাত্র একটি বাউন্ডারিসহ ৫৮ রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ইউসুফ। তখন অন্য প্রান্তে মিসবাহ ২৯ রানে অপরাজিত। ৩২ বলের ইনিংসটা সাজানো একটি ছয় ও দুটো চারে। মরকেলকে ছক্কা মেরে মিসবাহই সমাপ্তি টেনেছেন তৃতীয় ওয়ানডের। টস জিতে গ্রায়েম স্মিথ ব্যাট করার সিদ্ধান্ত নিলেও উইকেটের চরিত্র পড়তে ভুল হয়েছিল দক্ষিণ আফ্রিকান অধিনায়কের। ব্যাটিং স্বর্গ হওয়ার বদলে ব্যাটসম্যানদের জন্য ফাঁদ হিসেবেই দেখা দিয়েছে তা। শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করতে হয়েছে প্রোটিয়া দলকে। নবম ওভারের প্রথম বলে হার্শেল গিবসকে (১৯) উইকেট কিপারের কামরান আকমলের ক্যাচ বানিয়ে পাকিস্তানকে ব্রেক থ্রু দিয়েছেন উমর গুল। উদ্বোধনী জুটিতে এসেছে ৪৩ রান। এরপর জ্যাক ক্যালিস (১৩) সিরিজে দ্বিতীয়বারের মতো শহীদ আফ্রিদির শিকার হয়েছেন। কভারে দর্শনীয়ভাবে তার ক্যাচ নিয়েছেন মিসবাহ-উল হক। ৭৭ রানে তৃতীয় উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্সকে (১৭) মিডউইকেটে আফ্রিদির দুর্দান্ত এক ক্যাচ বানিয়েছেন রাও ইফতেখার আঞ্জুম। চতুর্থ উইকেটে জাস্টিন কেম্পের সঙ্গে ৪৫ রানের একটি জুটি গড়ে কিছুটা সামাল দিয়েছিলেন স্মিথ। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে পাকিস্তানের হাতে ম্যাচের লাগাম তুলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ৬৮ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেছেন তিনি। মার্ক বাউচারকে সঙ্গী করে পঞ্চম উইকেটে আরো ৪০ রান যোগ করেছেন কেম্প। আফ্রিদির বলে বোল্ড হওয়ার আগে ৭৪ বলে দুটো ছক্কায় ৪২ রান করেছেন তিনি। ৪৫তম ওভারের শেষ বলে বাউচার (১৭) আউট হয়ে গেলে দক্ষিণ আফ্রিকার লড়াই শেষ হয়ে যায়। আফ্রিদি, আঞ্জুম ও উমর গুল একে একে আউট করেছেন অ্যালবি মর্কেল (১২), শন পোলক (১), শার্ল ল্যাঙ্গাভেল্ট (৪) ও মাখায়া এনটিনিকে (০)। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/এমএম/২১৪৫ঘ.