ঢাকা, ২৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আর্থিক বিষয়াদি নিয়ে সমঝোতা হওয়াই বাকি ছিল কেবল। না হলে জন ডাইসনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কথাবার্তা এগিয়েছিল অনেকদূর। এমনকি বিসিবি তার প্রেজেন্টেশন দিতে ঢাকায় আসার জন্য বিমান টিকেট কাটারও উদ্যোগ নিচ্ছিল। এই অবস্থায় তিনি হুট করে ওয়েস্ট ইন্ডিজকে পাকা কথা দিয়ে ফেলেন। কেন এমন করেছেন এই অস্ট্রেলিয়ান? এই প্রশ্ন রেখে ডাইসনকে করা ই-মেইলের উত্তরও পেয়ে গেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু। তার ভাষ্য অনুযায়ী, একরকম প্রতিশোধই নিয়েছেন ডাইসন। মাহবুব আনামের নেতৃত্বাধীন আগের বোর্ডের কোচ নির্বাচন কমিটি নাকি তাকে জাতীয় দলের হেড কোচ করার ব্যাপারে প্রথম প্রথম ব্যাপক আগ্রহ দেখিয়েছিল। পরে আবার একদম হুট করে চুপও মেরে গিয়েছিল। ই-মেইলের জবাবে তার সঙ্গে অতীতে এমন আচরণ করা হয়েছিল বলেই দাবি করেছেন ক্যারিবীয়দের নতুন কোচ। অর্থাৎ সুযোগ পেয়ে এবার 'শোধবাদ' করে ফেললেন ডাইসন।
"মেইলের জবাব আমি পেয়েছি। তিনি দাবি করেছেন, বিসিবির তরফ থেকে আগেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এরপর হুট করে সেই যোগাযোগ বন্ধও করে দেওয়া হয়। আমি বলেছিলাম, আমাদেরকে অন্তত ওয়েস্ট ইন্ডিজের কোচ হওয়ার বিষয়টা আগে জানাতে পারতেন। এর জবাবেই তিনি অতীতে তার সঙ্গে ওরকম আচরণের কথা টেনেছেন"--- বলেছেন লিপু। অবশ্য এখনই ডাইসনের কথাতে পুরো বিশ্বাস করছেন না তিনি। আগে যাচাই করে দেখতে চান, "দেখি, মাহবুব ভাইকে (বিসিবির সাবেক সাধারণ সম্পাদক) জিজ্ঞেস করে দেখতে হবে।" এ বিষয়ে বিদেশে অবস্থানরত মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি "আমি দেশের বাইরে আছি। পরে কথা হবে। খোদা হাফেজ।" বলে ফোন কেটে দেন।
তবে বাংলাদেশকে শুভকামনাও জানাতে ভোলেননি ডাইসন। পাশাপাশি শেষপর্যন্ত তার ওয়েস্ট ইন্ডিজকে বেছে নেওয়ার কারণও শোনা যাক লিপুর মুখ থেকেই, "বাংলাদেশকে গুড লাক জানিয়েছেন তিনি। সেই সঙ্গে এও বলেছেন,'আমি প্রফেশনাল লোক। বেটার অফার ও বেটার টিম পেয়ে আমি তাদের অফারটাই নিয়েছি'।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.
bdnews24