ঢাকা, ২৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- জাতীয় লিগের প্রথম সেঞ্চুরি করার পরপরই নিষিদ্ধ হলেন তামিম ইকবাল। তবে একা নন। চট্টগ্রামের এই ওপেনারের পাশাপাশি বরিশালের পেসার তালহা জুবায়েরও জাতীয় ক্রিকেট লিগের দুটো চারদিনের ম্যাচ কিংবা চারটি ওয়ানডে ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। তাদের অপরাধ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মঙ্গলবার বরিশাল-চট্টগ্রাম ম্যাচে তারা আচরণবিধি ভেঙ্গেছেন। ম্যাচের পর শুনানিতে দুজনেই তাদের অপরাধ স্বীকার করেছেন। ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার তাদের এই শাস্তি দিয়েছেন।
তালহার বলে একটা বাউন্ডারি হাঁকিয়েছিলেন তামিম। এরপরই তালহা তার দিকে রক্তচোখে তাকান। এটা আবার তামিম মেনে নিতে পারেননি। গালি দেওয়ার পাশাপাশি এগিয়ে এসে তাই হেলমেট দিয়েও আঘাত করেন তালহাকে। এই পেসারও ছেড়ে কথা বলেননি। মূলত এই ঘটনার জন্যই শাস্তি পেতে হলো তাদের। এদিকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে চারদিনের ম্যাচে স্লো ওভার রেটের জন্য খুলনা অধিনায়ক হাবিবুল বাশারের ম্যাচ ফি'র শতকরা ১০ ভাগ জরিমানা করা হয়েছে। আর প্রথম একাদশের অন্যান্য ক্রিকেটারদের পাঁচ ভাগ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১০ঘ.
bdnews24