ঢাকা, ২১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কথাবার্তা এগিয়েছিল অনেক দূর। এমনকি জন ডাইসন ই-মেইল করে এটাও জানতে চেয়েছিলেন যে, কবে তাকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য বাংলাদেশে আসতে হবে। তার সঙ্গে সমঝোতা হলে ১৫ নভেম্বর থেকে বাংলাদেশ দলের দায়িত্ব নিতেও প্রস্তুত আছেন বলে উল্লেখ করেছিলেন কোচ নির্বাচন কমিটির পুরোধা গাজী আশরাফ লিপুকে করা মেইলে। তাই এ সপ্তাহের মধ্যেই একটা ভালো খবর দেওয়ার সম্ভাবনায় আগাম নির্ভার হওয়াটাই স্বাভাবিক ছিল লিপুর জন্য। কিন্তু ডাইসন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানকে বরং আরো বেশি ভারাক্রান্ত করে দিয়েছেন। শনিবার গভীর রাতের খবর, ডাইসন ওয়েস্ট ইন্ডিজের কোচ হয়ে গেছেন। আলোচনায় অনেকটা অগ্রসর হয়েও বিসিবিকে একরকম ঘোলই খাওয়ালেন তিনি।
জন হার্মার, ডেভিড হটন এবং জেমি সিডন্সরা বিসিবিকে 'না' করে দিয়েছিলেন। এবং এর পেছনে তারা যুক্তিসঙ্গত কারণও দেখিয়েছিলেন। কিন্তু ২০০৩ সাল থেকে দু বছর শ্রীলঙ্কা দলের কোচের দায়িত্বে থাকা ডাইসন যা করলেন, তার পেছনে কোনো যুক্তিই খুঁজে পাচ্ছেন না লিপু, "ডাইসন কেন এমন করলেন তা বুঝেই উঠতে পারছি না। বাংলাদেশে তার প্রেজেন্টেশন দিতে আসার তারিখ জানাতে বলেছিলেন। আমাদের তাকে পছন্দ হলে ১৫ নভেম্বর থেকে জাতীয় দলের দায়িত্ব নিতেও তার আপত্তি নেই বলে জানিয়েছিলেন। অবশ্য এয়ারলাইন্সের ব্যাপারে তার নিজস্ব কিছু পছন্দ আছে। তার পছন্দসই এয়ারলাইন্সে টিকেট কেটে দেওয়ার উদ্যোগও নিতে যাচ্ছিলাম আমরা। এমন সময়ই কিনা ইন্টারনেটে দেখলাম তিনি ওয়েস্ট ইন্ডিজের কোচ হয়ে গেছেন।"
খবরটা এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে লিপুর। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ঢাকা-খুলনা ম্যাচ দেখার সময় বলছিলেন, "আমি তবুও ডাইসনকে আজ আরেকটা ই-মেইল করেছি। যে খবরটা দেখলাম তা সত্যি কিনা জানতে চেয়েছি।" আর ডাইসনের এমন কান্ডের প্রভাবটাকে তিনি দেখছেন এভাবে, "এটা আমাদের জন্য খুব বড় একটা ধাক্কা।"
তা তো বটেই। সংক্ষিপ্ত তালিকায় গর্ডন গ্রিনিজ ও কলিন মিলারের নাম থাকলেও বিসিবির পছন্দের শীর্ষে ছিলেন ডাইসনই। বিসিবি জাতীয় দলের জন্য 'ব্যাটিং ওরিয়েন্টেড' কোচ চাইছে এটা তো আর কারো অজানা নয়। এ কারণে তালিকায় নাম থাকলেও অস্ট্রেলিয়ার সাবেক অফ স্পিনার মিলারের ব্যাপারে তেমন একটা আগ্রহ নেই তাদের। আর গ্রিনিজকে পাওয়াও কঠিন বলে জানাচ্ছেন লিপু, "গর্ডন দুই বছরের জন্য আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। তাছাড়া প্রধান নির্বাচক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার চুক্তিও শেষ হবে আগামী বছরের জুনে।" এ কারণেই ডাইসনের সঙ্গে আলোচনা এগিয়ে যাওয়ায় আশাবাদী হয়ে উঠেছিলেন তিনি। অন্যদের সঙ্গেও যোগাযোগ তেমন একটা রক্ষা করছিলেন না, "এক জনের সঙ্গে যখন আলোচনা ইতিবাচকভাবে এগোতে থাকে, তখন তো অন্যদের সঙ্গে খুব খুব বেশি কথা বলা যায় না।" এবার ডাইসনও হাত ফসকে যাওয়ায় প্রথম করণীয়ও ঠিক করে ফেলেছেন লিপু, "এখন গর্ডনের জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে।"
তবে একটা ব্যাপার নিশ্চিত, ৩০ অক্টোবরের ডেডলাইন শেষ হওয়ার আগে নতুন কোচ পাচ্ছে না বাংলাদেশ । সর্বশেষ বোর্ড সভায় সভাপতি সিনা ইবনে জামালী এই ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। কিন্তু এত অল্প সময়ের মধ্যে কোচ পাওয়ার ব্যাপারে লিপু নিজেও তেমন আশাবাদী নন, "কঠিন, খুব কঠিন।" তিনি একই কথা বলছেন ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের আগে কোচ পাওয়ার ব্যাপারেও। তাহলে উপায়? "আবার না আপদকালীন ব্যবস্থাতেই ফিরে যেতে হয়"
bdnews24