মুম্বাই, ২১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপ শেষে বেনেট কিং চলে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন ডেভিড মুর। বেনেট কিংয়ের সহকারীর দায়িত্বে থাকা মুরকে অবশ্য অস্থায়ী ভিত্তিতেই নিয়োগ দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। তখন থেকেই এক জন স্থায়ী কোচের সন্ধানে ছিল তারা। অবশেষে ডব্লুআইসিবি'র অন্বেষণ শেষ হয়েছে। কিং ও মুরের স্বদেশী জন ডাইসনকে ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসাবে নিয়োগ দিয়েছে তারা।
১৯৭৭ থেকে '৮৪ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৩০টি টেস্ট ও ২৯টি ওয়ানডে খেলা ডাইসন ২০০৩ থেকে প্রায় দু বছর শ্রীলঙ্কার কোচ ছিলেন। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে এই ভূমিকা তার জন্য নতুন কিছু নয়। ৫৩ বছর বয়সী ডাইসনকে কোচ হিসাবে পেয়ে ডব্লুআইসিবি দারুণ আনন্দিত। তবে কবে নাগাদ তিনি কাজ শুরু করবেন তা জানানো হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২০৪৮ঘ.
bdnews24