ঢাকা, ১৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মাত্র ৬৪ রানেই নেই ৪ উইকেট! ফিরে যাওয়াদের মধ্যে আছেন হাবিবুল বাশার এবং তুষার ইমরানও। এই বিপর্যয়কর অবস্থা থেকেও যে খুলনা উদ্ধার পেয়ে গেলো তার কারণ সাকিব আল হাসান তখনও ছিলেন। ছিলেন রাজ্জাক। দুজনই করেছেন ৭৮, আর তার ওপর ভর করে শেষপর্যন্ত ৩০৩ রানে ৯ উইকেটে ইনিংস ঘোষণা করেছে তারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচটিতে এরপর ব্যাট করতে নেমে ১৭ রান তুলতেই জাভেদ ওমর ও মেহরাব জুনিয়রের উইকেট হারিয়ে ফেলেছে ঢাকা। জাতীয় লিগের প্রথম দিনের বাকি গল্প শুধুই ব্যাটিং ব্যর্থতার। বগুড়ায় সাজিদুল ও তালহার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৭৬ রানে অলআউট হয়ে গেছে চট্টগ্রাম। জবাব দিতে নেমে ২ উইকেটে ৬১ রান করেছে বরিশাল। রাজশাহীর বিপক্ষে সিলেটের অবস্থা সবচেয়ে খারাপ। তাদের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে মাত্র ১৪১ রানে।
তিনটি ম্যাচ একইদিনে শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে মিরপুর স্টেডিয়ামে। ক্রিকেট বোর্ড সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী উদ্বোধন ঘোষণার পর খেলতে নেমে বিপদে পড়ে যায় খুলনা। ৩১ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার। সেই ধাক্কা সামাল দেয়ার কথা যার, সেই হাবিবুল বাশার মাত্র ১ রানেই আউট। সাবেক বাংলাদেশ অধিনায়ক বর্তমান অধিনায়ক আশরাফুলকে ক্যাচ দেন রফিকের বলে। ৩৬ রানেই ৩ উইকেট হারানোর ধাক্কা সাময়িক সামাল দেন তুষার ইমরান, ৩৬ রান করে। কিন্তু দলীয় ৬৪ রানে তিনিও যখন আউট তখন খুলনাকে অল্প রানেই গুটিয়ে দেয়ার আশা নিশ্চয়ই করেছিল ঢাকা। সেই আশা ভঙ্গ হয় সাকিবের কারণে। ১২৫ বলে ৪টি বাউন্ডারি ও একটি ছক্কাসহ ৭৮ রানের ইনিংস খেলে দলকে রক্ষা করেন এই বিপর্যয় থেকে। তিনি সামাল দেন বিপর্যয়, আর রাজ্জাক তাদের নিয়ে যান শক্ত জায়গায়। ৮০ বলে ৭টি বাউন্ডারি ও ৪টি ছক্কায় গড়া ৭৮ রানের ইনিংসটি দলকে পৌঁছায় ৯ উইকেটে ৩০৩-এ, তারপরই ইনিংস ছেড়ে দেন খুলনা অধিনায়ক হাবিবুল বাশার।
বাকি সময়ে ঢাকা ব্যাট করেছে মাত্র ৬ ওভার, কিন্তু হাবিবুলের ইনিংস ঘোষণার সার্থকতা প্রমাণিত হয়ে গেছে। ফিরে গেছেন দুই ওপেনার জাভেদ ওমর এবং মেহরাব জুনিয়র। স্কোর মাত্র ১৭, আশরাফুলদের তাই আজ কঠিণ পরীক্ষার সামনেই নামতে হবে। জাতীয় দলের দুই পেসার মাশরাফি মর্তুজা এবং সৈয়দ রাসেল শেষ বিকালে একটি করে উইকেট নিয়ে সেটা ভালোমতোই জানিয়ে দিয়েছেন ঢাকাকে।
চট্টগ্রামের প্রধান যে দুই ভরসা সেই আফতাব এবং নাজিমউদ্দিন রান করেছেন, কিন্তু শুধু দুজন রান করলেই তো হয় না, বাকিদেরও সহায়তা লাগে। সেটা না থাকাতেই আফতাবের ৬১ এবং নাজিমউদ্দিনের ৪৭ রান সত্বেও চট্টগ্রাম অলআউট মাত্র ১৭৬ রানে। এ দুজনের বাইরে তাদের আর মাত্র একজন ব্যাটসম্যান যেতে পেরেছেন দুই অংকের ঘরে। বরিশালের দুই পেসার সাজিদুল এবং তালহাই সর্বনাশ করেছেন চট্টগ্রামের। ৪২ রানে ৪ উইকেট নিয়েছেন সাজিদুল, তালহার ৩ উইকেটের জন্য ব্যয় ৫৭ রান। জবাব দিতে নামা বরিশাল ২ উইকেটে করেছে ৬১। অধিনায়ক শাহরিয়ার নাফীস বড় কিছু করার সম্ভাবনা জাগিয়ে অপরাজিত আছেন ৩৭ রানে।
ভাড়াটে খেলোয়াড় মুশফিকুর রহিম করেছেন ৩২। তার চেয়ে বেশি রান করতে পেরেছেন একজনই শুধু; ইমতিয়াজ। কাজেই সেই দলের অবস্থা শোচনীয় হবে স্বাভাবিক। হয়েছেও তাই। রাজশাহীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সিলেট ৭৭.৩ ওভারে অলআউট হয়ে গেছে ১৪১ রানে। রাজশাহীর ফরহাদ ৩ উইকেট নিয়েছেন ৩৩ রানে। দেলোয়ারের ২ উইকেটের জন্য ব্যয় ৩১ রান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/১৯১৫ঘ.
bdnews24