২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদি-ঝড়ও বাঁচাতে পারল না পাকিস্তানকে

শহীদ আফ্রিদি যখন ব্যাট করতে নামলেন ১৫২ রানে ৬ উইকেট হারানো পাকিস্তানের হার তখন একরকম নিশ্চিত। জয়ের জন্য দরকার ১৪৩ রান, বল বাকি মাত্র ৮৯টি। ঠিক তখনই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হল 'আফ্রিদি-ঝড়'। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান অবশ্য শেষ হাসি হাসাতে পারেননি দলকে। দুই ছক্কা ও ৫ বাউন্ডারিতে গড়া তার ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসের পরও পাকিস্তান ৪৬ দশমিক ৩ ওভারে ২৪৯ রানে অলআউট। হার্শেল গিবস ও এবি ডি ভিলিয়ার্সের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৯৪ রান করা দক্ষিণ আফ্রিকা তাই ৪৫ রানের জয় দিয়ে শুভ সূচনা করেছে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 04:29 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

লাহোর, ১৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহীদ আফ্রিদি যখন ব্যাট করতে নামলেন ১৫২ রানে ৬ উইকেট হারানো পাকিস্তানের হার তখন একরকম নিশ্চিত। জয়ের জন্য দরকার ১৪৩ রান, বল বাকি মাত্র ৮৯টি। ঠিক তখনই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হল 'আফ্রিদি-ঝড়'। ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান অবশ্য শেষ হাসি হাসাতে পারেননি দলকে। দুই ছক্কা ও ৫ বাউন্ডারিতে গড়া তার ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসের পরও পাকিস্তান ৪৬ দশমিক ৩ ওভারে ২৪৯ রানে অলআউট। হার্শেল গিবস ও এবি ডি ভিলিয়ার্সের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৯৪ রান করা দক্ষিণ আফ্রিকা তাই ৪৫ রানের জয় দিয়ে শুভ সূচনা করেছে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে। ১২ ওভার শেষ হওয়ার আগেই পাকিস্তানের ব্যাকফুটে চলে যাওয়ার কারণ মাখায়া এনটিনি। প্রতিপক্ষের প্রথম ৪ উইকেটই তুলে নিয়েছেন তিনি, একে একে ফিরিয়ে দিয়েছেন ইমরান নাজির (১৬), ইউনিস খান (১২), মোহাম্মদ হাফিজ (৬) ও অধিনায়ক শোয়েব মালিককে (১৮)। এনটিনির তোপে ৫২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে দলের পক্ষে সবচেয়ে বেশি রান করা মিসবাহ-উল হককে নিয়ে এর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন মোহাম্মদ ইউসুফ। কিন্তু ল্যাঙ্গাভেল্ট সেই চেষ্টা সফল হতে দেননি। ২০ রান করা মিসবাহকে কট বিহাইন্ড করে প্রতিপক্ষকে আরো অস্বস্তিতে ফেলে দেন তিনি। ৯২ রানে ৫ জন ব্যাটসম্যানকে হারিয়ে পাকিস্তান তখন ঘোর বিপদে। ষষ্ঠ উইকেটে ইউসুফ ও কামরান আকমল ৬০ রান যোগ করলেও সেজন্য তাদের খেলতে হয়েছে প্রায় ১৫ ওভার। আস্কিং রেটের সঙ্গে সঙ্গে বাড়ছিল চাপও। এরই ফাঁকে ফিফটিতে পৌঁছে গেছেন ইউসুফ। তবে তার পর পরই ক্যালিসের বলে তিনি আউট। ৭৫ বলে ৫৩ রান করা ইউসুফের মতো আকমলের (৩৫) উইকেটও ক্যালিসের। এর পরই শুরু হয় 'আফ্রিদি-ঝড়'। আফ্রিদির আক্রমণ দেখে অনুপ্রাণিত সোহেল তানভীরও কম যাননি। দুটি ছক্কায় ১৭ বলে ২৬ রানের এক 'ক্যামিও' ইনিংস খেলেছেন তিনি। ল্যাঙ্গাভেল্ট তানভীরকে বোল্ড করার পর একাই চেষ্টা করেছেন আফ্রিদি। তাকে লং অনে ডি ভিলিয়ার্সের ক্যাচ বানিয়ে ম্যাচের সব উত্তেজনা শেষ করে দিয়েছেন অ্যালবি মরকেল। ৪ উইকেট নিলেও ৯ ওভার বল করে এনটিনি দিয়েছেন ৬৯ রান। দুটি করে উইকেট ল্যাঙ্গাভেল্ট ও ক্যালিসের। ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে একটুও দ্বিধা করেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। শোয়েব আখতার নিষেধাজ্ঞায়, মোহাম্মদ আসিফ কনুইয়ের ইনজুরিতে খেলছেন না। অভিষেক ওয়ানডে খেলতে নামা সোহেল তানভীর ও ইফতেখার আঞ্জুমের নতুন বলের আক্রমণের বিপক্ষে এমন সুযোগ হেলায় ছাড়বেন না কেউই। এবং বেশ স্বচ্ছন্দেই এগিয়েছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। একটু ছন্দহীনতায় ভোগা স্মিথ রানআউটের খাঁড়ায় কাটা পড়েছেন। উমর গুলের বলে দ্বিতীয় রান নিতে গিয়ে সঙ্গী গিবসের নিষেধে ক্রিজে ফিরতে দেরি হয়ে যায় তার। মোহাম্মদ হাফিজের থ্রো ধরে স্টাম্প ভেঙ্গে দেন কামরান আকমল। ৮৫ রানের উদ্বোধনী জুটিতে স্মিথের অবদান ৩৪। দক্ষিণ আফ্রিকার রানের গতিতে কিছুটা রাশ টেনে ধরেন পাকিস্তানী বোলাররা এরপর। টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাট করা ক্যালিসকে ফিরিয়ে দিয়ে ম্যাচে উত্তেজনাও ফিরিয়ে আনেন আফ্রিদি। ৮ রান করে ক্যালিস ফিরতি ক্যাচ দিয়েছেন আফ্রিদির লেগস্পিনে। ম্যাচের প্রথমভাগে সফরকারীদের সেরা সময়টা এসেছে তারপর। গিবস ও ডি ভিলিয়ার্সের যুগলবন্দীতে তৃতীয় উইকেটে এসেছে ১৩৭ রান। ৪৩তম ওভারের শেষ বলে ভেঙ্গেছে তা। তানভীরের বলে দ্বিতীয় রান নিতে গিয়ে ক্রিজে পা ফস্কেছেন গিবস। ইমরান নাজিরের থ্রো ধরে আকমল দ্বিতীয় রান আউটটি করেছেন ম্যাচের। তার আগে ১১টি বাউন্ডারি ও একটি ছক্কায় তার ১৮তম ওয়ানডে সেঞ্চুরি করে ফেলেছেন গিবস। ওয়ানডেতে এটা তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। গিবস ফিরে যাওয়ার সময় ৭৮ বলে ৬৫ রান নিয়ে ব্যাট করছিলেন ডি ভিলিয়ার্স। দলের সাথে নিজের রানের চাকাও ঘোরাতে ক্রমেই আক্রমণাত্মক হয়ে ওঠে তার ব্যাট। ৯৩ বলে এসেছে তার তৃতীয় সেঞ্চুরিটি। ৯টি চার এবং তিনটি ছক্কায় শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত থেকে গেছেন। এমন দারুণ ইনিংসের জন্য ডি ভিলিয়ার্সই ম্যান অব দ্য ম্যাচ। মাঝে জাস্টিন কেম্পকে (১) আউট করে তার প্রথম ওয়ানডে উইকেটটি পেয়েছেন তানভীর। মার্ক বাউচার (১৪) আঞ্জুমের শিকার হওয়ার আগে ডি ভিলিয়ার্সের সঙ্গে পঞ্চম উইকেটে মাত্র ২৮ বলে যোগ করেছেন ৫০ রান। ওয়ানডে সিরিজে দলে ফেরা শন পোলক অপরাজিত ছিলেন ৫ রান নিয়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/এমএম/২১০০ঘ.