কলম্বো, ১৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচকদের অবহেলা করলেও ক্রীড়ামন্ত্রীর অনুরোধ আর ফেলতে পারেননি মারভান আতাপাত্তু। জানিয়ে দিয়েছেন আগামী মাসে দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যেতে কোনো সমস্যা নেই তার। আতাপাত্তু রাজি হওয়ায় শ্রীলঙ্কা দলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭তে। এদের মধ্যে চার জনই ওপেনার। আতাপাত্তু ছাড়া বাকি ৩ জন হলেন সনাৎ জয়াসুরিয়া, উপুল থারাঙ্গা ও মাইকেল ভ্যানডর্ট।
অস্ট্রেলিয়া সফরে তাকে দলে রাখতে কম চেষ্টা করেননি শ্রীলঙ্কার নির্বাচকরা। বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও শ্রীলঙ্কার ১১টি ম্যাচের একটিতেও সুযোগ পাননি আতাপাত্তু। বিশ্বকাপ শেষে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজে উপেক্ষিত হওয়ার পর বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ান নিজেই। এর পর কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখারও অনুরোধ করেন এবং সেই অনুরোধ মঞ্জুরও হয়। কিন্তু অস্ট্রেলিয়ায় দুই টেস্ট সিরিজের জন্য দল ঘোষণার কিছু দিন আগে আবার আলোচনায় চলে আসেন তিনি। সে সময় অভিজ্ঞতার জন্য তাকে দলে রাখার ইঙ্গিত দিয়েছিলেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক অশান্ত ডি মেল। তার সমস্যা জানার জন্য মিটিংয়ে বসারও আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আতাপাত্তুর সাফ কথা, ডি মেলের সঙ্গে কোনো মিটিং করবেন না তিনি।
তখন মনে হয়েছিল ব্যাপারটার সেখানেই সমাপ্তি। আতাপাত্তুর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ এমন আশঙ্কাও করেছিল শ্রীলঙ্কার ক্রিকেটমহল। তবে সেটা যে হয়নি তার কারণ শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী গামিনি লোকুগের সময়োচিত হস্তক্ষেপ। নির্বাচকদের সঙ্গে মিটিংয়ে বসে তিনি জানিয়ে দেন আতাপাত্তুর সঙ্গে নিজে কথা বলবেন। এবং যেতে রাজি হলে তাকে যেন দলে রাখা হয় সে নির্দেশও দেন লোকুগে।
তখন রোমে থাকায় আতাপাত্তুর সিদ্ধান্তটা জানতে পারেননি শ্রীলঙ্কার নির্বাচকরা। বৃহস্পতিবার তিনি দেশে ফিরে কথা বলেছেন সাবেক অধিনায়ক ও বর্তমানে বোর্ডের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা দিলীপ মেন্ডিজের সঙ্গে। সেই আলোচনা সন্তোষজনক হওয়ায় অস্ট্রেলিয়ায় যেতে রাজি হয়েছেন আতাপাত্তু, "দিলীপের (মেন্ডিজের) সঙ্গে দেখা করেছি আমি। কী কী শর্ত অনুযায়ী আমাকে খেলতে হবে তা নিয়ে আলোচনা করেছি আমরা। সে সব শর্ত সন্তুষ্ট করেছে আমাকে। তাকে বলেছি যে অস্ট্রেলিয়া সফরে আমাকে পাওয়া যাবে।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৫৫ঘ.
bdnews24