করাচি, ১৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাত্র ৩ রানের জন্য রেকর্ডটা নিজের করে নিতে পারেননি ইনজামাম-উল হক। শুক্রবার লাহোর টেস্টের শেষ দিনে একটুর জন্য সেটা হাতছাড়া হওয়ায় 'মুলতানের সুলতান' নিশ্চয়ই হতাশ। তবে তার চেয়েও বেশি হতাশায় আক্রান্ত জাভেদ মিয়াঁদাদ। জীবনের শেষ টেস্ট ইনিংসে ইনজামামের ব্যর্থতায় রেকর্ডটা তার অধিকারে থেকে গেলেও মিয়াঁদাদ সেজন্য মোটেও খুশি হননি। পাকিস্তান ক্রিকেটের 'বড়ে মিয়া' বরং মনে-প্রাণে চেয়েছিলেন ইনজামাম যেন রেকর্ডটা ভেঙ্গে ফেলেন।
জিওফ লসনও বোধহয় তা চাইছিলেন। পাকিস্তানের অস্ট্রেলীয় কোচ অবশ্য রেকর্ড সংক্রান্ত কোনো মন্তব্য করেননি। শুধু জানিয়েছেন ইনজামামের বিদায়ে বড় এক শূন্যতার জন্ম হল পাকিস্তান ক্রিকেটে। এবং তার ধারণা এই শূন্যতা পূরণ হতে দীর্ঘ সময়ও লাগতে পারে। যদিও ওয়াসিম আকরামের বিশ্বাস ঠিক সময়েই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইনজামাম।
লাহোর টেস্ট শুরু হওয়ার আগে ইনজামাম মাত্র ২০ রানে পিছিয়ে ছিলেন মিয়াঁদাদের চেয়ে। প্রথম ইনিংসে ১৪ রান করলেও রেকর্ড গড়ার আশা বেঁচে ছিল। কিন্তু শুক্রবার মাত্র ৩ রান করে পল হ্যারিসের বলে স্টাম্পড হয়ে যাওয়ায় ভেঙ্গে গেছে সেই স্বপ্ন। টেস্টে মিয়াঁদাদের ৮৮৩২ রানের চেয়ে তিনি তখন মাত্র ৩ রান পেছনে। অল্পের জন্য রেকর্ডটা তার অধিকারে থেকে গেলেও মিয়াঁদাদ সেজন্য ভীষণ হতাশ, মর্মাহত, "আমি আশা করছিলাম সে (ইনজামাম) আমার রেকর্ড ভেঙ্গে দেবে। সে তা করতে পারলে আমি খুশিই হতাম। কারণ তার সঙ্গে আমার ছাত্র-শিক্ষকের মতো সম্পর্ক ছিল। পাকিস্তান ক্রিকেটকে সে দারুণ সেবা দিয়েছে। এবং সে দারুণ মানের এক খেলোয়াড়। সেজন্যই রেকর্ডটা তার প্রাপ্য ছিল। আমি সব সময়ই তার ব্যাটিং উপভোগ করতাম।" ইনজামামের অভিষেকের সময় মিয়াঁদাদই ছিলেন পাকিস্তানের অধিনায়ক। সে সময় ক্যারিয়ারের মধ্য গগনে থাকা মিয়াঁদাদের কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন 'মুলতানের সুলতান'। ছাত্র-শিক্ষকের সম্পর্কটা তাই মিথ্যা নয়। পাকিস্তান যে ইনজামামের মতো ব্যাটসম্যানের আর জন্ম দিতে পারেনি সেজন্যও মিয়াঁদাদ হতাশ।
লসন অবশ্য ঠিক হতাশায় আক্রান্ত নন। তবে ইনজামামের অবসরের সঙ্গে সঙ্গেই অভাব বোধটা শুরু হয়ে গেছে পাকিস্তান কোচের। তার আশঙ্কা এই শূন্যতা পূরণ হতে যথেষ্ট সময় লাগবে, "রাতারাতি ব্যাপারটা ঘটবে না। ইনজামামের বদলি খুঁজে পেতে আমাদের এক বা দুই বছর লাগতে পারে। অভিজ্ঞতায় ঋদ্ধ এক জন জাত খেলোয়াড় ছিল সে, যা সময়ের সঙ্গে সঙ্গেই এসেছে। বর্তমান দলে বেশ কয়েক জন ভাল খেলোয়াড় আছে। কিন্তু ইনজামামের মতো পরিণত ও সফল হতে তাদের সময় লাগবে।"
আকরামও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইনজামামকে। যদিও সর্বকালের সেরা বাঁহাতি পেসার মনে করেন ইনজামাম সিদ্ধান্তটা সঠিক সময়েই নিয়েছেন, "মিয়াঁদাদ সহ পাকিস্তানে জন্ম নেয়া অন্যতম সেরা ব্যাটসম্যান ছিল সে। রানের সংখ্যাতেই তার গ্রেটনেস প্রমাণিত। তাকে চলে যেতে দেখাটা দুঃখজনক। কিন্তু প্রত্যেক খেলোয়াড়কে তো এক দিন না এক দিন বিদায় নিতেই হয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১৪ঘ.
bdnews24