লাহোর, ১২ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৩ ম্যাচের সাসপেনশন শেষ হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চতুর্থ ওয়ানডের পরই। তাই ২৯ অক্টোবর করাচিতে শেষ ওয়ানডে খেলতে কোনো বাধা নেই শোয়েব আখতারের। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী শাফকাত নাগমি জানিয়েছেন পঞ্চম ও শেষ ওয়ানডেতে সুযোগ পেতে 'পিন্ডি এক্সপ্রেস'-এর কোনো সমস্যা হবে না।
টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে সতীর্থ ফাস্ট বোলার মোহাম্মদ আসিফকে ব্যাট দিয়ে পেটানোসহ মোট চারটি শৃঙ্খলাভঙ্গের দায়ে ১৩ ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছেন শোয়েব। এছাড়া ৩৪ লাখ পাকিস্তানী রুপি জরিমানাও করা হয়েছে তাকে। শোয়েবের শৃঙ্খলাভঙ্গের তদন্তের জন্য গড়া একটি ডিসিপ্লিনারি কমিটি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলেনে এই শাস্তির কথা ঘোষণা করে। আর তার পর দিন অর্থাৎ শুক্রবার নাগমি সুখবরটা দিলেন শোয়েবকে।
২৭ আগস্ট আসিফের সঙ্গে ঘটা ঐ ন্যক্কারজনক ঘটনার পর দিনই তাকে দেশে ফেরত পাঠিয়ে দেন পাকিস্তান দলের ম্যানেজার তালাত আলী। এর পর টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই টেস্ট ও প্রথম চারটি ওয়ানডের পরই শেষ হয়ে যাবে তার শাস্তির মেয়াদ। সে কথাই জানালেন নাগমি, "তার (শোয়েবের) সাসপেনশনের মেয়াদ সঙ্গে সঙ্গে শুরু হওয়ায় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের ৭টি এবং সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো টেস্টও শেষ হয়ে গেছে। যার অর্থ চতুর্থ ওয়ানডের মাধ্যমেই ১৩ ম্যাচের সাসপেনশন শেষ করে ফেলবে সে। আর তাই করাচির শেষ ম্যাচে নির্বাচিত হওয়ার যোগ্যতা তার থাকবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৭২০ঘ.
bdnews24