লাহোর, ১১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের দল থেকে জ্যাক ক্যালিস বাদ পড়ার পর গ্রায়েম স্মিথ কোনো মন্তব্য করেননি। এমনকি অভিমানে ক্যালিস দক্ষিণ আফ্রিকার সহ-অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়ার পরেও নয়। অথচ এখন সেই স্মিথের মুখেই ক্যালিসের ভূয়সী প্রশংসা। তার বিশ্বাস ক্যালিসই দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া সর্বকালের সেরা ব্যাটসম্যান।
অধিনায়কের প্রশংসাটা অবশ্য তার প্রাপ্যই। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ক্যালিসের পারফরম্যান্স তো এক কথায় অসাধারণ। প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরির (১৫৫ ও অপরাজিত ১০০) পর লাহোরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৫৯ রান। দ্বিতীয় টেস্টে আবার অপরাজিত ১০৭ রান। সব মিলিয়ে এই সিরিজে ২১০ দশমিক ৫ গড়ে ক্যালিসের ৪২১ রান। এমন ব্যাটিং দেখে স্মিথ রীতিমতো বিস্ময়াভিভূত, ক্যালিসের প্রশংসায় পঞ্চমুখ, "আমার ধারণা সে (ক্যালিস) এক জন দুর্দান্ত খেলোয়াড়। এই সিরিজে সে যেভাবে ব্যাট করলো তা এক কথায় অবিশ্বাস্য। সে সব সময় রানের জন্য ক্ষুধার্ত থাকে, কখনোই সন্তুষ্ট হয় না আর নিজের খেলাটাও খুব ভাল বোঝে। সে-ই দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা ব্যাটসম্যান।"
লাহোর টেস্টে নিজের ১৩৩ রানের ইনিংসটার জন্যও স্মিথ দারুণ তৃপ্ত। প্রায় দু বছর পর পাওয়া টেস্ট সেঞ্চুরিটা উপমহাদেশে তার প্রথম। উপমহাদেশের মাটিতে টেস্টে তিন অংক স্পর্শ করার হাহাকার ঘোচাতে পেরেই তিনি সবচেয়ে বেশি খুশি, "অনেক দিন পর এই সেঞ্চুরি পেয়ে ভীষণ নির্ভার লাগছে। (আমার জন্য) অবশ্যই এটা বিশেষ কিছু। ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরির সঙ্গে তুলনা করা যায় এটাকে। দক্ষিণ আফ্রিকায় ফাস্ট বোলিংয়ের বিপক্ষে খেলে বেড়ে ওঠার পর উপমহাদেশে স্পিনারদের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান হিসাবে ভীষণ অনুপ্রাণিত করবে আমাকে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২২৪৮ঘ.
bdnews24