ঢাকা, ১১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- গত এক বছরে জাতীয় দলে কখনো জায়গা হয়নি তার। এমনকি বাংলাদেশ 'এ' দলের হয়েও কোনো ম্যাচ খেলেননি। তবুও সৌভাগ্যবানই বলতে হয় নাজমুল হোসেনকে। কারণ বাংলাদেশের হয়ে একটি টেস্ট এবং ১৭টি ওয়ানডে খেলা এই পেসার ঠিকই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় ছিলেন! মাসে মাসে তার পেছনে বেতন গুণেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)! হাতের কাছে এমন নজির থাকার পর তাই আর নতুন চুক্তি নিয়ে তড়িঘড়ি করছে না দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এজন্য ৩০ সেপ্টেম্বর ফুরিয়ে যাওয়া চুক্তির মেয়াদ বর্ধিত করা হয়েছে দুই মাস। সামনে যেহেতু জাতীয় ক্রিকেট লিগ, নতুন চুক্তি করার আগে সেখানে সবার পারফরম্যান্স দেখে নিতে চাইছে বিসিবি।
বিশেষ করে দেখতে চাইছে হাবিবুল বাশার, খালেদ মাসুদ ও জাভেদ ওমরদের পারফরম্যান্সও। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপুর কথায় অন্তত তেমন আভাসই পাওয়া গেছে। তার ভাষায়, "জাতীয় লিগে সুমন (হাবিবুল), পাইলট (মাসুদ) ও জাভেদরা কেমন করে, তাও দেখতে হবে আমাদের। ওরা ওদের ক্যারিয়ারের সায়াহ্নে পৌছে গেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু আমরা এখনই কোনো সিদ্ধান্তে পৌছে যাচ্ছি না। দেখতে চাই, জাতীয় লিগকে কাজে লাগিয়ে ওরা নিজেদের ফিরে পায় কিনা।" ফিরে পেলে ভালো কথা। আর না পেলে? পরিণতিটা নিশ্চয়ই লিপুর কথা থেকে অনুমান করা যাচ্ছে। অন্যান্যবার অক্টোবরেই নতুন চুক্তি ঘোষণা করা হয়। এবার তা দুই মাস পেছানোয় এবং জাতীয় লিগের পারফরম্যান্সকে চুক্তিতে অন্তর্ভূক্তির মানদন্ড করে ফেলায় নাজমুলের মতো কারো ঢুকে যাওয়ার ঝুঁকি নেই। আবার 'রিস্ক ফ্যাক্টর' হয়ে যাওয়া হাবিবুল, মাসুদ ও জাভেদরাও পাচ্ছেন নিজেদের 'ঝুঁকিমুক্ত বিনিয়োগ' হিসেবে তুলে ধরার সুযোগ।
বাজে পারফরম্যান্সই আসলে এখন তাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে তার নেতৃত্বে বাংলাদেশ তাদের ইতিহাসের সেরা সাফল্য পেয়েছিল ঠিকই। কিন্তু সেসময় থেকেই শুরু হওয়া হাবিবুলের ব্যাটের রানখরা অব্যাহত এখনো। মাঝে ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন। ফেরার লড়াই করবেন বলে জানালেও তা আর কারো কাছে এখন বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না। টেস্ট দলে যদিও তার জায়গা এখনো আছে। কিন্তু খালেদ মাসুদের সেটাও টলে গেছে। ওয়ানডে দলে মুশফিকুর রহিম তার জায়গা আগেই নিয়ে ফেলেছিলেন। গত জুলাইতে শ্রীলঙ্কা সফরে মাসুদ টেস্টের একাদশেও জায়গা হারানোর পর এখন তা পুনরুদ্ধারকে কঠিন বলেই মনে করা হচ্ছে। আর ধীরগতির ব্যাটিংয়ের জন্য সাধারন্যেও ব্যাপক 'অজনপ্রিয়' জাভেদ ওমরের জায়গা তো দলে কখনোই নিশ্চিত ছিল না। এসব কারণে হাবিবুল, মাসুদ এবং জাভেদদের ক্যারিয়ারে গোধুলীর লাল আভা দেখে ফেলছেন অনেকেই।
সেই অনেকের দলে কিন্তু দেশের ক্রিকেটের কর্তাব্যক্তিরাও আছেন। সুতরাং জাতীয় লিগ তাদের তিন জনের জন্য অগ্নিপরীক্ষার প্রতিশব্দই হয়ে যাচ্ছে। অবশ্য এটাকে একদমই নতুন কিছু বলে মনে হচ্ছে না বাংলাদেশের সফলতম অধিনায়ক হাবিবুল বাশারের, "দেখুন আমি একজন পেশাদার ক্রিকেটার। আর পেশাদার ক্রিকেটারকে সবসময়ই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এবার জাতীয় লিগটা খুব ভালো সময়ে শুরু হচ্ছে। অন্যান্যবার এমন সময়ে শুরু হতো যে আমরা (জাতীয় দলের ক্রিকেটাররা) খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পেতাম না। এবার আন্তর্জাতিক কোনো খেলা নেই এসময়টায়। তাই খুব মন দিয়ে জাতীয় লিগ খেলতে পারবো। এবং আমি রান করতে চাই।"
ক্ষয়িষ্ণু ব্যাটিং সামর্থ্যরে কারণেই মূলত বাংলাদেশ দলের উইকেটকিপারের আসনটা নড়ে গেছে মাসুদের। কাজেই রান করতে হবে তাকেও। তার নতুন চুক্তিতে থাকা না থাকার ব্যাপারটা অনেকাংশে আসন্ন জাতীয় লিগে তার পারফরম্যান্সের ওপর নির্ভর করছে জেনে সাধুবাদই জানালেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক, "এটাই তো নিয়ম হওয়া উচিত। পারফরম করতে পারলে আমি চুক্তিতে থাকবো। না হলে থাকবো না।" এখনো দেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারদের একজন মাসুদের কথায় যেন চ্যালেঞ্জ নেওয়ার প্রত্যয়ও ঘোষিত হলো।
এক দশকেরও বেশি সময় উইকেটকিপিংয়ে দেশের এক নাম্বার মাসুদের জন্য এধরনের চ্যালেঞ্জ নতুন হলেও তা মোটেও নয় জাভেদ ওমরের জন্য। সেটাই তিনি মনে করিয়ে দিলেন আরেকবার, "আমি কিন্তু কখনোই জাতীয় দলে নিশ্চিত ছিলাম না। বারবার পরীক্ষা দিয়েই আমাকে দলে আসতে হয়েছে। তবে আমার কাছে চুক্তিতে থাকা না থাকা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ জাতীয় দলের হয়ে খেলা। জাতীয় লিগে পারফরম করে আমি দেশের প্রতিনিধিত্ব করার কথাই কেবল এখন ভাবছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৬৩৫ঘ.
bdnews24