ঢাকা, ৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টেস্ট ক্রিকেটের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র ৪০০ রানের ইনিংসটি খেলে ড্রেসিং রুমে ফিরছেন ব্রায়ান লারা। আর তার সতীর্থরা ব্যাট উঁচিয়ে তোরণ বানিয়ে অভিবাদন জানাচ্ছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে। ক্রিকেটের চিরকালীন ফ্রেমে বাঁধাই হওয়া ছবিটা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও দেখা গেছে একবার, সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে। প্রথম বাংলাদেশী হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার পর ঠিক ওরকম অভিনন্দনের বৃষ্টিই ঝরেছিল রাকিবুল হাসানের ওপর। কিন্তু নজীরবিহীন এই কীর্তির জন্য বোর্ডের তরফ থেকে রাকিবুল কোনো পুরস্কার পেয়েছেন বলে শোনা যায়নি। শোনার কথাও নয়। আর্থিকভাবে লাভবান হওয়া যায় না বলে ক্রিকেটারদের মাঝে দেশের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট প্রতিযোগীতার সময় এমনিতেই পিকনিক আমেজ চলে আসতো। এবার তা ঝেড়ে ফেলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এর মধ্যে বিশেষ কোনো কীর্তির জন্য ক্রিকেটারদের অনুপ্রাণিত করার বিষয়টাও আছে। রাকিবুল ট্রিপল সেঞ্চুরি করে কিছু না পেলেও ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ইস্পাহানী মির্জাপুর চা নবম জাতীয় ক্রিকেট লিগে কেউ ডাবল সেঞ্চুরি করলেই পাবেন ২০ হাজার টাকা পুরস্কার।
এরকম আরো অনেক পুরস্কারই থাকছে এবারের জাতীয় লিগে। কারণ আগের বোর্ডের মতো জাতীয় লিগ জমানোর স্লোগান র্বতমান বোর্ডের কন্ঠেও সমান উচ্চকিত। মাস তিনেক আগে বিলুপ্ত কার্যনির্বাহী কমিটির আর্থিক প্রস্তাবনাগুলো তারা অনুমোদন তো করেছেই। এর সঙ্গে আরো কিছু সংযোজনও করেছে। সোমবার দুপুরে হোটেল শেরাটনের মার্বেল রুমে স্পনসর ইস্পাহানী মির্জাপুর চা এর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেসবের খতিয়ানই তুলে ধরলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগে থেকেই কোটি টাকার আসর জাতীয় ক্রিকেট লিগের বাজেটের অঙ্কটাও তাই এবার অবিশ্বাস্য। গতবার তা ২ কোটি ৫৬ লাখ টাকা হলেও এবার তা ধরা হয়েছে প্রায় দ্বিগুণ, ৪ কোটি ১৫ লাখ। কারণ ম্যাচ ফি থেকে শুরু করে প্রাইজমানি, সবখানেই টাকার অঙ্কটা বাড়ানো হয়েছে ব্যাপক। কোনো কোনো ক্ষেত্রে তা আগের বারের চেয়ে চারগুণও বেশি। যেমন গতবার চারদিন ও একদিনের ম্যাচ খেলে ক্রিকেটাররা ম্যাচ ফি পেতেন যথাক্রমে দুই এবং এক হাজার টাকা। এবার দ্বাদশ ব্যক্তিসহ একাদশের খেলোয়াড়রা পাবেন ১০ ও ৫ হাজার টাকা করে। প্রতিটা দলে ১৫ জন করে ক্রিকেটার। একটি ম্যাচে মাঠের বাইরে বসে থাকা তিন ক্রিকেটারও বঞ্চিত হবেন না। তারা ম্যাচ ফি'র শতকরা ৪০, ৩০ ও ২০ (ত্রয়োদশ, চতুর্দশ ও পঞ্চদশ ব্যক্তি, টিম ম্যানেজমেন্টের তৈরি এরকম ক্রমানুসারে) ভাগ অর্থ পাবেন।
আগেরবারের তিন ও দুই হাজার টাকা থেকে বেড়ে এবার চারদিন এবং এক দিনের ম্যাচের সেরা খেলোয়াড়রা পাবেন ৫ ও ৩ হাজার টাকা। গত আসরে দু'ধরনের ক্রিকেটে প্রত্যেক ম্যাচের বিজয়ী দল পেত ১০ ও ৫ হাজার টাকা। এবার তা দ্বিগুণ করা হয়েছে। ম্যান অফ দি ম্যাচের অর্থ পুরস্কারের সঙ্গে যে ক্রেস্টটি দেওয়া হয় সেটির পেছনেও বরাদ্দ এবার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে। বাড়ানো হয়েছে প্রত্যেক রাউন্ডের ম্যাচের সময় ক্রিকেটারদের যাতায়াত এবং দৈনিক ভাতাও।
গতবার চারদিনের ম্যাচের চ্যাম্পিয়ন দল দুই লাখ টাকা পেলেও এবার পাবে ১০ লাখ। এক লাখের জায়গায় ৫ লাখ পাবে রানার্স আপ দল। তৃতীয় হওয়া দলটির জন্যও বরাদ্দ কম নয়, ৩ লাখ টাকা। আর একদিনের ম্যাচের চ্যাম্পিয়ন ও রানার্স আপরা ৫০ হাজার এবং ১ লাখের জায়গায় এবার পাবে ৪ লাখ ও ২ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ৪০ হাজার টাকা। সেরা অলরাউন্ডার ও ফিল্ডারের জন্য বরাদ্দ ৩০ ও ২০ হাজার। চারদিন ও একদিনের ম্যাচের সর্বোচ্চ রান যারা করবেন, তারা পাবেন ২০ হাজার টাকা। সর্বোচ্চ উইকেট পাওয়া বোলারদের জন্যও পুরস্কারের অঙ্কটা একই। এর সঙ্গে দুটো 'গ্র্যান্ড পুরস্কার'ও আছে। চারদিনের ম্যাচের প্রতিযোগীতায় কোনো ব্যাটসম্যান এক হাজার রান করলে কিংবা কোনো বোলার ৬০ উইকেট নিতে পারলে পাবেন এক লাখ টাকা।
এসব কিছুর সঙ্গে বেড়েছে স্পনসরশিপ মানিও। নয় আসরের মধ্যে সাতবারই জাতীয় লিগের স্পনসর ইস্পাহানী মির্জাপুর চা গতবারের চেয়ে ১০ লাখ বাড়িয়ে এবার দিয়েছে ৪০ লাখ। যদিও উন্মুক্ত দরপত্রে অংশ নেওয়া একমাত্র প্রতিষ্ঠান ইস্পাহানী প্রথমে ৩৫ লাখ টাকাই দর দিয়েছিল। শেষপর্যন্ত আরো ৫ লাখ বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সেলিম ভূইয়া বলেছেন, "আমাদের অনুরোধে তারা ৫ লাখ টাকা বাড়িয়ে দিতে সম্মত হয়েছেন।" লিগের কিছু ম্যাচ সরাসরি স
bdnews24