২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকং সিক্সেসে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ তবে...

প্রতি বছরই হংকং ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজন করে থাকে টুর্নামেন্টটির। 'হংকং সিক্সেস' নামের এই সিক্স-এ-সাইড টুর্নামেন্টটি এবছর অনুষ্ঠিত হবে ২৭-২৮ অক্টোবর। সেখানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশও। অবশ্য আয়োজকদের প্রাথমিক পরিকল্পনায় বাংলাদেশ ছিল না। ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়াতেই ১০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জেনেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 12:37 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, ৭ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- প্রতি বছরই হংকং ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজন করে থাকে টুর্নামেন্টটির। 'হংকং সিক্সেস' নামের এই সিক্স-এ-সাইড টুর্নামেন্টটি এবছর অনুষ্ঠিত হবে ২৭-২৮ অক্টোবর। সেখানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশও। অবশ্য আয়োজকদের প্রাথমিক পরিকল্পনায় বাংলাদেশ ছিল না। ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়াতেই ১০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জেনেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। একেই আমন্ত্রণটা এসেছে দেরীতে। তারওপর টুর্নামেন্টটা যখন, তখন পুরোদমে শুরু হয়ে যাবে জাতীয় ক্রিকেট লিগ। দুয়েমিলে আমন্ত্রণ পেলেও তা রক্ষা করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান মাহমুদুর রহমান। রোববার তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, "ওয়েস্ট ইন্ডিজ অংশ নেবে না বলে দেওয়াতেই আমাদের ডাক পড়েছে। যেকারণে আমরা আমন্ত্রণটাও পেয়েছি অনেক দেরীতে। তাছাড়া জাতীয় লিগও শুরু হয়ে যাচ্ছে। ওই সময়ে এতে খেলতে পাঠানোর মতো খেলোয়াড় পাওয়া যাবে কিনা সেকথাও ভাবতে হবে আমাদের। তাই আমরা দল পাঠাচ্ছি, এটা এখনই বলে দেওয়া যাচ্ছে না।" এধরনের টুর্নামেন্টে তেঁড়েফুঁড়ে মারতে জানা ব্যাটসম্যানদেরই কদর বেশি। সে হিসাবে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে খেলে আসা বাংলাদেশ দলের ক্রিকেটারদের সমন্বয়েই হওয়ার কথা এই টুর্নামেন্টের বাংলাদেশ দল। কিন্তু সবাই তখন জাতীয় লিগে খেলবেন। তাই ওই টুর্নামেন্টে দল পাঠানো বিসিবির জন্য এখন আসলেই কঠিন। তবুও হংকং সিক্সেসে দল পাঠাতে পারবেন বলে আশাবাদী ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু, "আশা করছি আমাদের একটা দল ওখানে যাবে খেলতে। নির্বাচকরাই এর জন্য দল গড়বেন। আর এধরনের ক্রিকেটের জন্য মানানসই খেলোয়াড়ই দলে রাখা হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮২৫ঘ.