করাচি, ৫ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে কখনো সেঞ্চুরি করেননি ইউনিস খান। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানও গত ৪০ বছরে একটির বেশি টেস্ট হারেনি। শুক্রবার করাচি টেস্টের শেষ দিনে দুটো ঘটনাই এক সঙ্গে ঘটলো। ইউনিস খান সেঞ্চুরি পেলেন ঠিকই কিন্তু তা পাকিস্তানের পরাজয় রুখতে পারেনি। লাঞ্চের পর ডেল স্টেইনের তোপে ২৬৩ রানেই শেষ স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। ১৬০ রানের জয় দিয়ে দুই টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে রইলো ১-০ ব্যবধানে। জোড়া সেঞ্চুরি করা জ্যাক ক্যালিস প্রত্যাশিতভাবেই নির্বাচিত হয়েছেন ম্যাচের সেরা। লাহোরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী সোমবার থেকে।
চতুর্থ দিনশেষে ইউনিসের সঙ্গে অপরাজিত ছিলেন মোহাম্মদ আসিফ। 'নাইটওয়াচম্যান' আসিফ (৬) বেশিক্ষণ টিকতে পারেননি, দিনের শুরুতেই শর্ট লেগে তাকে হাশিম আমলার ক্যাচ বানিয়েছেন নেল। তবে গ্রায়েম স্মিথের দলের সেই আনন্দ মুছে যেতেও দেরি হয়নি ইউনিসের ব্যাটের আঘাতে। ৯৩ রান নিয়ে শুরু করা ইউনিসের দিনের তৃতীয় ওভারেই নেলকে স্কয়ার লেগে বাউন্ডারি মেরে টেস্টে ত্রয়োদশ সেঞ্চুরিতে পৌঁছেছেন। 'ম্যাজিক ফিগার' স্পর্শ করার পরও আস্থার সঙ্গেই খেলছিলেন। কিন্তু ১২৬ রান করার পর স্টেইনের রিভার্স সুইং বুঝতে না পেরে বোল্ড হয়ে যান তিনি। ইউনিসের ১৬০ বলের ইনিংসটা সাজানো ১৮টি বাউন্ডারি ও একটি ছক্কায়।
ইউনিসের বিদায়ের পর লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটসম্যান মিসবাহ-উল হক তখন ক্রিজে থাকায় ড্রয়ের স্বপ্ন দেখার সাহস পাচ্ছিল স্বাগতিকরা। তবে লাঞ্চের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চা-বিরতির আগেই অলআউট হয়ে গেছে তারা। শুরুটা করেছেন নেল, দ্বিতীয় সেশনের চতুর্থ বলেই মিসবাহকে (২৩) এলবিডব্লুর ফাঁদে ফেলে। এটা ছিল নেলের শততম টেস্ট উইকেট।
মালিক-মিসবাহর ৩৩ রানের জুটিটা ভেঙ্গে যাওয়ার পর একেবারে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছে পাকিস্তানের লোয়ার অর্ডার। ৩৩ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে তারা। শেষ ব্যাটসম্যান হিসাবে মালিককে (৩০) আউট করা মাখায়া এনটিনির ম্যাচে এই একটিই উইকেট। শন পোলকের বদলে সুযোগ পাওয়া স্টেইনই দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের সফলতম বোলার। ৫৬ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। দ্বাদশ টেস্ট খেলতে নামা স্টেইন তৃতীয় বারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন। নেল ও পল হ্যারিস পেয়েছেন দুটো করে উইকেট।
পাকিস্তানের সঙ্গে ১৫টি টেস্ট খেলে এটা দক্ষিণ আফ্রিকার অষ্টম জয়। তবে পাকিস্তানের মাটিতে মাত্র দ্বিতীয় জয় (আগেরটা ১৯৯৭এ ফয়সলাবাদে) পেল তারা। ঘরের মাঠে অনুষ্ঠিত টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর এই সাফল্যে স্বাভাবিকভাবেই দারুণ খুশি গ্রায়েম স্মিথ। সেই সঙ্গে উপমহাদেশে এসে টেস্ট জয় তার আনন্দ বাড়িয়ে দিয়েছে বহু গুণ, "ছেলেরা এর জন্য আসলেই কঠোর পরিশ্রম করেছিল। আজকের (শুক্রবার) দিনটা আমাদের জন্য দারুণ আবেগময় মুহূর্তের জন্ম দিয়েছে। তাছাড়া উপমহাদেশে জয় পাওয়া সব সময়ই খুব অর্থবহ। এই জয় টেস্ট অধিনায়ক হিসাবে অনেকখানি এগিয়ে দিল।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/ওআরপি/১৮১৮ঘ.
bdnews24