২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে যেতে পারে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচও

দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেন রিকি পন্টিং, খেলার সম্ভাবনা আছে হরভজন সিংয়েরও। দু দলের জন্যই সুসংবাদের পাশাপাশি দুঃসংবাদও আছে মঙ্গলবারের ম্যাচটাকে ঘিরে। দক্ষিণ ভারতের উপকূলীয় শহর কোচিতে বৃষ্টির আশঙ্কা আছে ভাল মতোই। আর তুমুল বৃষ্টি হলে প্রথমটার মতো ভারত-অস্ট্রেলিয়া ফিউচার কাপের দ্বিতীয়টিও ভেসে যেতে পারে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 03:11 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

কোচি, ভারত (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেন রিকি পন্টিং, খেলার সম্ভাবনা আছে হরভজন সিংয়েরও। দু দলের জন্যই সুসংবাদের পাশাপাশি দুঃসংবাদও আছে মঙ্গলবারের ম্যাচটাকে ঘিরে। দক্ষিণ ভারতের উপকূলীয় শহর কোচিতে বৃষ্টির আশঙ্কা আছে ভাল মতোই। আর তুমুল বৃষ্টি হলে প্রথমটার মতো ভারত-অস্ট্রেলিয়া ফিউচার কাপের দ্বিতীয়টিও ভেসে যেতে পারে! সোমবার মুষলধারে বৃষ্টিতে কোচির নেহরু স্টেডিয়াম একেবারে ভেসে গেছে। কোনো দল তাই নেট প্র্যাকটিসও করতে পারেনি। মাঠকর্মীরা সারাদিন প্রাণান্ত চেষ্টা করেছেন মাঠ খেলার উপযোগী করে তোলার । সেই চেষ্টা কতটা সাফল্য পেয়েছে তা বোঝা যাবে মঙ্গলবার সকালে। পিচ কিউরেটর রামাচন্দ্রন জানিয়েছেন, "যদি হালকা বৃষ্টি হয়ে থেমে যায় তাহলে মাঠকে খেলার উপযুক্ত করে তুলতে আমরা প্রস্তুত। কিন্তু দুই/তিন ঘন্টা জোরে বৃষ্টি হলে আমরা অসহায়।" অর্থাৎ বৃষ্টি-দেবতার আশীর্বাদের প্রতীক্ষাতেই থাকতে হচ্ছে কোচির ক্রিকেটপ্রেমীদের! যাহোক, বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েই পন্টিংকে ফিরে পাওয়ার প্রত্যাশা করছে অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয়টাতে অধিনায়ককে পাওয়া যাবে কি না সে সম্পর্কে ম্যাচের আগের দিনেও সংশয়ে ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট নিশ্চিত করতে না পারলেও অধিনায়ককে পাওয়ার আশা ব্যক্ত করেছেন এভাবে, "পন্টিং ভাল মতোই সেরে উঠছে। আগামীকাল (মঙ্গলবার) তার খেলার ভালই সম্ভাবনা আছে।" ঘাড়ের ইনজুরিতে পড়ে প্রথম ম্যাচ মিস করা হরভজনের খেলার সম্ভাবনাও যথেষ্ট। তবে সৌরভ গাঙ্গুলী খেলতে পারছেন না এই ম্যাচে। প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় অস্ট্রেলীয় ইনিংসের মাঝপথে বেরিয়ে যান 'কলকাতার যুবরাজ'। মঙ্গলবার তিনি না খেললেও শুক্রবার তৃতীয় ম্যাচে ভারতের সফলতম অধিনায়কের খেলা প্রায় নিশ্চিত বলেই জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০৫ঘ.