ডাম্বুলা, শ্রীলঙ্কা, ১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ হলেও সদ্য সমাপ্ত টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপটা ভাল কাটেনি শ্রীলঙ্কার। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কাছে হেরে সুপার এইট থেকেই বিদায় নিয়েছিল তারা। ঘরের মাঠে ইংল্যান্ডের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটা তাই শ্রীলঙ্কানদের জন্য টুয়েন্টি টুয়েন্টির দুঃখ ভোলার একটা মিশন। সেই মিশনে জয়াবর্ধনের দলের সূচনাটা হল দুর্দান্ত। সোমবার প্রথম ওয়ানডেতে তাদের কাছে পাত্তাই পায়নি ইংলিশরা। ১১৯ রানে সহজেই জিতেছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিকদের ৭ উইকেটে ২৬৯ রানের জবাবে ৩৪ দশমিক ৫ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড।
জয়াসুরিয়া শুরু করেছিলেন জয়াসুরিয়ার মতোই। মাত্র ৩৫ বলে ৫টি বাউন্ডারি আর একটি ছক্কায় ৪১, জয়াসুরিয়াকে ঐ সময় থামানো না গেলে যে কী হতো সেটা দুনিয়ার সব প্রতিপক্ষ বোলার জানে। ঐ সময় তাদের স্বপ্নও থাকে জয়াসুরিয়ার উইকেটটা। সেই স্বপ্নটা পূরণ করেন সাইডবটম, আর ইংল্যান্ড রক্ষা পায় দুঃস্বপ্নের হাত থেকে। তার আগেই অবশ্য দ্বাদশ ওভারে স্কোর পৌঁছে গেছে ৭৪ রানে। সেই রানটাকে ৯৫ এ নিয়ে আউট হন অন্য ওপেনার থারাঙ্গা। তিনি করেছেন ৪০।
জয়াসুরিয়া-থারাঙ্গা প্রতিপক্ষ ক্ষনিকের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। পুরো স্বস্তি কখনোই পাওয়া যায় না। কারণ এরপর আছেন সাঙ্গাকারা এবং জয়াবর্ধনে। এই ইনিংসেও দুজন জুটি বেঁধে করলেন ৭১। সাঙ্গাকারা ৩৮ রান করে বিদায় নিলেও অধিনায়ক জয়াবর্ধনে অতো সহজে থামেননি। শেষপর্যন্ত কলিংউডের শিকারে পরিণত হওয়ার আগে করেছেন ৭৪ বলে করেছেন ৬৬, সেটাই শ্রীলঙ্কার ২৬৯ রানের মূল ভিত্তি। সাঙ্গাকারার বিদায়ের পর তাকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন চামারা সিলভা, তাদের চতুর্থ উইকেট জুটিতে এসেছে ৫৯ রান। চামারা খেলেছেন ৩৬ বলে ৩৩ রানের একটা কার্যকর ইনিংস। এর সঙ্গে শেষ দিকে মাহরুফের ১২ বলে দ্রুতগতিতে যোগ করেন ২২।
ইংলিশ বোলারদের মধ্যে কলিংউড, ব্রড এবং সাইডবটম নিয়েছেন দুটো করে উইকেট। পুরো ১০ ওভার করে বল করেছেন তিনজনই, রান দিয়েছেন যথাক্রমে ৪৪, ৫৪ ও ৫৬।
২৭০ রানের লক্ষ্যে ইংল্যান্ডের শুরুটা ভালই হয়েছিল। ৭ দশমিক ৩ ওভার স্থায়ী উদ্বোধনী জুটির অবদান ৪৩ রান। অভিষিক্ত মাস্টার্ডকে (২৭) মালিঙ্গার ক্যাচ শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দেয়া মাহরুফই সবচেয়ে বড় সর্বনাশ করেছেন। এর পর তিনি একে একে ফিরিয়ে দিয়েছেন অন্য ওপেনার অ্যালিস্টার কুক (৪৬), ইয়ান বেল (০) ও পিটারসেনকে (১)। তার সঙ্গে মালিঙ্গা ওয়েইস শাহ (৭) এবং ফার্নান্দো ইংলিশ অধিনায়ক কলিংউডকে (৯) আউট করে ভীষণ বিপদে ফেলে দেন সফরকারীদের।
১০২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর সোয়ানকে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছিলেন বোপারা। কিন্তু এই জুটিতে ৪২ রান ওঠার পর দিলশানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে সোয়ান (২৪) ক্যাচ দিয়েছেন মালিঙ্গাকে। এর পর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি ম্যাচ। দিলশান ও জয়াসুরিয়া মিলে গুটিয়ে দিয়েছেন ইংল্যান্ডের ইনিংস। বোপারা অপরাজিত ছিলেন ২৭ রানে। ১০ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেয়া মাহরুফ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। দিলশান নিয়েছেন দুটো উইকেট। জয়াসুরিয়া, মালিঙ্গা ও ফার্নান্দোর শিকার একটি করে উইকেট।
ডাম্বুলাতেই দ্বিতীয় ওয়ানডে হবে বৃহস্পতিবার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২৩০ঘ.
bdnews24