২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার সিক্সে থাকছে না বাড়তি কাউন্সিলরশিপ

কাউন্সিলরশিপের দিক থেকে সমতায় চলে এলো ঢাকার ক্লাবগুলো। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রো পলিস বা সিসিডিএমের আওতাধীন বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়া ক্লাবগুলোর কাউন্সিলরশিপ সমান করে দেওয়া হলো বিসিবির বার্ষিক সাধারণ সভায় (এজিএম)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 09:32 PM

Updated : 02 Aug 2022, 11:55 AM

রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার এজিএমে গঠনতন্ত্রে একটি সংশোধনী এনে ৭৬টি ক্লাবকে সমতায় নিয়ে এসেছে বিসিবি।

২০১৩ সালের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের ছয়টি দল দুজন করে কাউন্সিলর পেত। বাকি ছয় দল পেত একজন করে।

প্রথম বিভাগের ২০টি ক্লাব পেত একজন করে কাউন্সিলর। দ্বিতীয় বিভাগের ২৪ ক্লাবের মধ্যে সুপার লিগে যাওয়া ১২টি ক্লাব পেত একজন করে কাউন্সিলর। আর তৃতীয় বিভাগের ২০ ক্লাবের মধ্যে সুপার লিগে খেলা ৮টি ক্লাব কাউন্সিলর পেত একজন করে। চার টুর্নামেন্ট মিলিয়ে ৭৬ ক্লাব পেত ৫৮ কাউন্সিলর। প্রতিটি ক্লাব একজন করে কাউন্সিলর পাওয়ায় ক্লাব ক্যাটাগরিতে মোট কাউন্সিলর বেড়ে হলো ৭৬।

এজিএম শেষে সংবাদ সম্মেলনে, এর পেছনের কারণ ব্যাখ্যা করেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

“আজকে যে জিনিসটার অনুমোদন পাওয়া গেল, তা হলো আমরা প্রত্যেকটা ক্লাবকে সমান সংখ্যক একটা করে কাউন্সিলরশিপ দেব। আজ যেহেতু এটা হলো, কেন হয়েছিল, কেন বাদ দিলাম সেটা এখানে বলে দেওয়া উচিত।”

“ক্লাব অনেক ছিল, কিন্তু আবাহনী ও মোহামেডানই চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করতো। আমাদের মূল চাওয়া ছিল আরও বেশি ক্লাব, তারা আরও উৎসাহিত হোক, চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য। সে জন্য ইনসেনটিভ হিসেবে এটা দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখছি শুধু আবাহনী, মোহামেডান নয়, অনেকগুলো ক্লাব অত্যন্ত শক্তিশালী দল গঠন করছে এবং তারা যে কেউ যে কোনোবারই চ্যাম্পিয়ন হওয়ার মতো।”

আবাহনী ছাড়াও গত কয়েক বছরে শিরোপা জিতেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, প্রাইম ব্যাংক, গাজী গ্রুপ ক্রিকেটার্স। এর বাইরে শিরোপা লড়াইয়ে ছিল লেজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর। এতগুলো ক্লাব শিরোপা লড়াইয়ে থাকায় বিসিবি প্রধান মনে করেন, এখন আর সুপার সিক্সে দুই জন কাউন্সিলর প্রয়োজন নেই।

“এখন আমাদের অনেকগুলো ক্লাব আছে, শক্তিশালী দল গঠন করছে এবং ধারাবাহিকভাবেই তারা করে আসছে। এমন না এক বছর পরেই আবার থেমে গেছে। আমার মনে হয়, যে অবজেকটিভ ছিল, অনেকগুলো দল, শক্তিশালী দল তারা ভালো দল করছে।”

“এটা শুধু খেলার মানের জন্য না, এটা কিন্তু খেলোয়াড়দের জন্যও খুব সহায়ক। অতীতের যে কোনো সময়ের তুলনা্য় ক্রিকেটাররা ভালো পারিশ্রমিক পাচ্ছে। ব্যতয় হচ্ছে না, বরং আরও বাড়ছে। এখন তাই ইচ্ছা করলেই বাদ দিতে পারি। তবে অন্য ক্লাব যে এতদিন পেত না, সেটা একটা ইস্যু ছিল। আমাদের মনে হয়েছে, সবারটা একবারে সমান করে দেওয়া উচিত। এজন্য সব ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে।”

কাজের সুবিধার্থে দুটি বাড়তি কমিটি করার কথা জানান বিসিবি প্রধান।

“একটা হচ্ছে বাংলাদেশ টাইগার্স। আরেকটা হচ্ছে ওয়েলফেয়ার কমিটি। ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত খেলোয়াড় হোক, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, কর্মী, ক্রীড়া সাংবাদিক যেই হোক এর বাইরেও আমরা অন্যান্য ফিল্ডেও ধারাবাহিকভাবে কিছু সাপোর্ট দিয়ে যাচ্ছি। এটা আমরা করছি, এই ব্যাপারগুলো একটা কমিটির মাধ্যমে হয়ে আসা ভালো। এখন বোর্ডে একেক সময় একেক জন ব্যাপারগুলো উত্থাপন করছে, এগুলো যেন সুষ্ঠুভাবে দেখে কমিটির মাধ্যমে বোর্ডের সামনে আনা হয় এর জন্য ওয়েলেফয়ার কমিটি করেছি।”