২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শ্রীলঙ্কাকে অল্পতে থামিয়ে স্বস্তিতে নেই পাকিস্তানও

ম্যাচের তৃতীয় ওভারে শিকার ধরে সুরটা বেঁধে দিলেন শাহিন শাহ আফ্রিদি। পরে দারুণ সঙ্গত করলেন ইয়াসির শাহ ও হাসান আলি। এই তিনজনের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে কম রানেই গুটিয়ে দিল পাকিস্তান। কিন্তু শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে উবে গেল তাদের সেই স্বস্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 07:25 PM

Updated : 22 Jul 2022, 03:56 AM

গলে প্রথম টেস্ট শুরুর দিনে শ্রীলঙ্কাকে ২২২ রানে থামিয়ে ব্যাটিং করছে পাকিস্তান। ২৪ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়ে শনিবার দিন শেষ করেছে তারা। স্বাগতিকদের চেয়ে এখনও ১৯৮ রানে পিছিয়ে সফরকারীরা।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো লঙ্কানদের এদিনও টানেন দিনেশ চান্দিমাল। সবশেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিশতক করা অভিজ্ঞ এই ব্যাটসম্যান করেন ৭৬ রান। দলটির হয়ে আর কেউ করতে পারেননি ফিফটি। একটি পঞ্চাশ ছোঁয়া জুটিও পায়নি তারা।

পাকিস্তানের হয়ে ৫৮ রান দিয়ে ৪ উইকেট নেন পেসার আফ্রিদি। আরেক পেসার হাসানের প্রাপ্তি ২৩ রান দিয়ে দুটি। গত অগাস্টের পর টেস্ট খেলতে নেমে লেগ স্পিনার ইয়াসিরও ধরেন দুটি শিকার।

এদিন পিচ ব্যাটিংয়ের জন্য ছিল বেশ ভালো। কিন্তু ধৈর্য হারিয়ে, আলগা শট খেলে উইকেট দিয়ে আসেন লঙ্কান ব্যাটসম্যানরা। দিনের শেষ দিকে অবশ্য কিছুটা টার্ন পেয়েছেন স্পিনাররা। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ককে হারায় শ্রীলঙ্কা। আফ্রিদির অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে আনেন দিমুথ করুনারত্নে। 

জুটি গড়ার চেষ্টা চালান ওশাদা ফার্নান্দো ও কুসল মেন্ডিস। তাদের ৪৯ রানের প্রতিরোধ ভাঙে ইয়াসিরের বলে মেন্ডিস ফিরলে। এক বল পর হাসান বিদায় করেন ওশাদাকে (৫ চারে ৩৫)। দুইজনই হন কট বিহাইন্ড।

রানের খাতা খোলার আগেই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফিরিয়ে দেন ইয়াসির। এই লেগ স্পিনারকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে মিড-অনে ধরা পড়েন লঙ্কান ব্যাটসম্যান। ৮০ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করে শ্রীলঙ্কা।

দ্বিতীয় সেশনেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা। পরপর দুই ওভারে ধনাঞ্জয়া ডি সিলভা ও নিরোশান ডিকভেলাকে সাজঘরে পাঠান আফ্রিদি। এরপর টানা দুই ওভারে বিদায় নেন অনেকটা সময় উইকেটে কাটানো রমেশ মেন্ডিস ও প্রবাথ জয়াসুরিয়া।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্তে লড়াই চালিয়ে যান চান্দিমাল। ৮৩ বলে ফিফটি করা এই মিডল অর্ডার ব্যাটসম্যান হাসানের শিকার। কাভারে ইয়াসিরের দুর্দান্ত ক্যাচে শেষ হয় চান্দিমালের এক ছক্কা ও ১০ চারের ইনিংস।

মাহিশ থিকশানা ও কাসুন রাজিথার শেষ উইকেট জুটিতে মূলত দুইশ পার করে শ্রীলঙ্কা। বিরক্ত করা ৪৫ রানের জুটি ভাঙেন আফ্রিদি। বাঁহাতি এই পেসারের বাউন্সারে উইকেটের পেছনে ধরা পড়েন এক ছক্কা ও ৪ চারে ৩৮ রান করা থিকশানা।

ব্যাটিংয়ে নেমে ইমাম-উল-হককে দ্রুত হারায় পাকিস্তান। কাসুন রাজিথার বলে এলবিডব্লিউ হয়ে যান স্বাগতিক ওপেনার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। 

আবদুল্লাহ শফিক থিতু হয়ে গিয়েছিলেন উইকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে রেকর্ড গড়া বোলিং করা বাঁহাতি স্পিনার জয়াসুরিয়া এলবিডব্লিউ করে দেন তাকে। বাবর আজমকে নিয়ে বাকি সময় নিরাপদে কাটিয়ে দেন আজহার আলি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৬.১ ওভারে ২২২ (ওশাদা ৩৫, করুনারত্নে ১, মেন্ডিস ২১, ম্যাথিউস ০, চান্দিমাল ৭৬, ধনাঞ্জয়া ১৪, ডিকভেল ৪, মেন্ডিস ১১, জয়াসুরিয়া ৩, থিকশানা ৩৮, রাজিথা ১২*; আফ্রিদি ১৪.১-৩-৫৮-৪, হাসান ১২-২-২৩-২, নাসিম ১৩-০-৫৩-১, ইয়াসির ২১-৪-৬৬-২, নওয়াজ ৬-২-১৮-১)

পাকিস্তান ১ম ইনিংস: ১৮ ওভারে ২৪/২ (শফিক ১৩, ইমাম ২, আজহার ৩*, বাবর ১*; রাজিথা ৫-২-১১-১, থিকশানা ৯-৪-১১-০, জয়াসুরিয়া ৪-৩-২-১)