২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজ সফরের ‘এ’ দলে জয়-খালেদ-সৌম্য-সাব্বির

গত মাসেই ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলে ফেরা মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ এই মাসেই আবার ক্যারিবিয়ায় যাবেন আনঅফিসিয়াল টেস্ট খেলতে। টেস্ট দলের ওপেনার ও পেসারকে রাখা হয়েছে বাংলাদেশ ‘এ’ দলে। ম্যাচ খেলতে না পারলেও টেস্ট স্কোয়াডে থাকা আরেক পেসার রেজাউর রহমান রাজারও ঠাঁই হয়েছে ‘এ’ দলে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 12:26 PM

Updated : 22 Jul 2022, 03:56 AM

জাতীয় দলে জায়গা হারানো সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসানদের জন্য ফেরার দাবি জানানোর বড় সুযোগ হয়ে আসছে এই সফর। তাদেরকেও রাখা হয়েছে ‘এ’ দলে।

এই সফরের শুক্রবার সকালে দল ঘোষণা করে বিসিবি। অধিনায়কের নাম জানানো হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।

আনঅফিসিয়াল টেস্ট ও একদিনের ম্যাচের সিরিজ, দুই স্কোয়াডেই রাখা হয়েছে জয়, খালেদ ও রাজাকে। দুই সিরিজের দলে আছেন মিঠুন ও সাইফ হাসানও।

সৌম্য ও সাব্বিরকে রাখা হয়েছে শুধু একদিনের ম্যাচের সিরিজের জন্য। শুধু সীমিত ওভারে সুযোগ পেয়েছেন নাঈম শেখও। টেস্ট দলে জায়গা হারানো ওপেনার সাদমান ইসলাম জায়গা পেয়েছেন শুধু চার দিনের ম্যাচের সিরিজে।

চোটের কারণে টেস্ট দল থেকে ছিটকে পড়া নাঈম হাসানকে রাখা হয়েছে দুটি দলেই। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট নেন এই অফ স্পিনার। তবে ওই টেস্টেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা জাকির হাসান, শাহাদত হোসেন দিপু, জাকের আলি অনিক পুরস্কার পেয়ছেন দুই দলেই জায়গা পেয়ে। দুই স্কোয়াডেই আছেন উঠতি পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরি।

দুই দল মিলিয়ে একমাত্র চমক বলা যায় এনামুল হকের নাম। ঘরোয়া ক্রিকেটে উল্লেখযোগ্য কিছু না করলেও তরুণ এই পেসার আছেন চার দিনের ম্যাচের স্কোয়াডে। ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এই পেসারের উইকেট মাত্র ১১টি। তবে তাকে বেশ সম্ভাবনাময় মনে করেই নির্বাচকরা নজরে আছেন বেশ কিছুদিন ধরে। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে খেলানো হয়েছিল তাকে। তাকে রাখা হয়েছিল হাই পারফরম্যান্স দলেও।

‘এ’ দলে মুমিনুল হককে রাখা হতে পারে বলেও কিছুদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তবে টানা ব্যর্থতার ধারাবাহিকতায় ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টের পর একাদশের বাইরে চলে যাওয়া অভিজ্ঞ ব্যাটসম্যানকে রাখা হয়নি ‘এ’ দলে।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি আন অফিসিয়াল টেস্ট ও একটি তিন দিনের ম্যাচ খেলতে আগামী ৩১ জুলাই সেন্ট লুসিয়ায় পৌঁছবে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম আনঅফিসিয়াল টেস্ট ৪ অগাস্ট থেকে, পরেরটি ১০ অগাস্ট থেকে। একদিনের ম্যাচের সিরিজের তিন ম্যাচ ১৬, ১৮ ও ২০ অগাস্ট। সবকটি ম্যাচই হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে।

চার দিনের ম্যাচর স্কোয়াড : সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদত হোসেন দিপু, জাকের আলি অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, এনামুল হক।

একদিনের ম্যাচের স্কোয়াড : সৌম্য সরকার, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদত হোসেন দিপু, জাকের আলি অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি।