রোহিত, কোহলিদের বিশ্রামে বিরক্ত গাভাস্কার
চোট কিংবা অন্য কোনো সমস্যা বাধ না সাধলে আইপিএলে টানা খেলতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু দেশের হয়ে খেলার সময় বদলে যায় চিত্র। বিভিন্ন সিরিজ থেকে বিশ্রাম চান নিয়মিতদের অনেকে। এখানেই সিনিয়র ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি নিবেদনের অভাব দেখছেন সুনিল গাভাস্কার। বিশ্রাম নেওয়ার এই প্রক্রিয়া কোনোভাবেই মানতে পারছেন না এই ব্যাটিং কিংবদন্তি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজে ভারত পাচ্ছে না অধিনায়ক রোহিত শর্মা, সাবেক অধিনায়ক বিরাট কোহলি, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহকে। ক্যারিবিয়ানদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ থেকেও এদের কেউ কেউ বিশ্রাম চাইতে পারেন বলে গুঞ্জন ভারতীয় ক্রিকেটে।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাঁচ মাস পর এই সংস্করণে দেশের হয়ে খেলতে নামেন কোহলি। রোহিত ও বুমরাহ এই সিরিজের আগে সবশেষ টি-টোয়েন্টি খেলেন গত ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাদের দেওয়া হয় বিশ্রাম।
জাতীয় দলের খেলা এলেই সিনিয়র ক্রিকেটারদের বারবার বিশ্রাম নেওয়া একদমই পছন্দ হচ্ছে না গাভাস্কারের। স্পোর্টস তাক-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রশ্ন তুললেন ক্রিকেটারদের নিবেদন নিয়েই।
“দেখুন, ক্রিকেটারদের বিশ্রাম নেওয়ার এই প্রক্রিয়ার সঙ্গে আমি একমত নই। একদমই না। ‘আপনি আইপিএলের সময় বিশ্রাম নেবেন না, তবে ভারতের হয়ে খেলার সময় কেন বিশ্রাম চাইবেন?’ আমি এটার সঙ্গে সম্মত নই। ভারতের হয়ে খেলতেই হবে। বিশ্রামের কথা বলা যাবে না।”
“টি-টোয়েন্টিতে এক ইনিংসে কেবল ২০ ওভার খেলা হয়। এটা ক্রিকেটারদের শরীরে তেমন কোনো প্রভাব ফেলে না। টেস্ট ম্যাচ খেললে মন ও শরীরের ওপর একটা প্রভাব পড়ে, আমি এটা বুঝতে পারি। তবে আমার মনে হয়, টি-টোয়েন্টিতে খুব একটা সমস্যা হয় না।”
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে দলের বিশ্রাম প্রক্রিয়ার দিকে গুরুত্ব দিয়ে নজর দেওয়ার পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক গাভাস্কার।
“এ গ্রেডের সব ক্রিকেটারই খুব ভালো চুক্তি পেয়েছে। এছাড়া প্রতি ম্যাচের জন্য তারা পারিশ্রমিক পায়। এমন কোনো কোম্পানি আছে যার সিইও বা এমডিরা এত ছুটি পান?”
“আমার মনে হয়, ভারতীয় ক্রিকেটকে আরও পেশাদার হতে হলে একটা সীমা রেখা টানা দরকার। যদি কেউ বিশ্রাম চায়, তাহলে তার চুক্তি কমাতে হবে। এরপর বিশ্রাম নিক, কারণ সে খেলতে চায় না। তবে, কেউ কীভাবে বলতে পারে যে, আমি ভারতের হয়ে খেলতে চাই না। এই কারণে আমি এই বিশ্রাম নেওয়ার ধরনের সঙ্গে একদমই একমত নই।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। রোহিতের অনুপস্থিতিতে শিখর ধাওয়ানকে অধিনায়ক করে এরই মধ্যে ওয়ানডে দল ঘোষণা করেছে তারা।
ওয়ানডে সিরিজটি শুরু আগামী ২২ জুলাই। পরের দুই ম্যাচ ২৪ ও ২৭ জুলাই। পাঁচ টি-টোয়েন্টি যথাক্রমে ২৯ জুলাই, ১, ২, ৬ ও ৭ অগাস্ট।
