‘দলে কোহলির জায়গা নিয়ে প্রশ্নকারীরা কীভাবে বিশেষজ্ঞ হয়’
ব্যর্থতার বলয় কিছুতেই ভাঙতে পারছেন না বিরাট কোহলি। রান যেন মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। নিজেকে খুঁজে ফেরা এই ব্যাটসম্যানকে একাদশে রাখা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। কঠিন এই সময়ে অবশ্য সতীর্থ রোহিত শর্মাকে পাশে পাচ্ছেন তিনি। সাবেক অধিনায়কের কাঁধে আস্থার হাত রেখে সমালোচকদের এক হাত নিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক।
একটা সময় হেসেখেলে একের পর এক সেঞ্চুরি উপহার দিয়ে গেছেন কোহলি। সেই তিন অঙ্কের স্বাদ এখন ভুলতে বসেছেন তিনি। কিছুদিন আগ পর্যন্ত কেবল তার সেঞ্চুরি খরা নিয়েই ছিল আলোচনা। এখন সেটা রূপ নিয়েছে সমালোচনায়।
গত আড়াই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সংস্করণেই সেঞ্চুরি নেই কোহলির। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টে সেঞ্চুরির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৭৭ ইনিংসে শতকের দেখা পাচ্ছেন না তিনি। সময়ের সেরা ব্যাটসম্যানদের একজনের নামের পাশে যা বড্ড বেমানান।
ইংল্যান্ডের বিপক্ষে রোববার শেষ হওয়া সিরিজ দিয়ে পাঁচ মাস পর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে নামেন কোহলি। কিন্তু দুই ম্যাচ খেলে একটিতেও দেখাতে পারেননি নিজের সামর্থ্য। একটিতে করেন ১, অন্যটিতে ১১।
সবশেষ আইপিএলেও হাসেনি কোহলির ব্যাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে ১৬ ম্যাচে ২২.৭৩ গড়ে করেন ৩৪১ রান। পঞ্চাশ ছাড়াতে পারেন স্রেফ দুই ইনিংসে। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নামার আগে তাই তার ফর্মহীনতা নিয়ে চলা গুঞ্জন আরও জোরাল হয়। তাকে নিয়ে মন্তব্য করেন অনেকেই।
বিশেষ করে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব তো সরাসরিই বলেন কোহলিকে সরিয়ে নতুনদের সুযোগ দেওয়ার কথা। রোববার ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোহলির দলে থাকা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় রোহিতকে। ভারত অধিনায়ক স্পষ্ট করে জানিয়ে দেন, সতীর্থর পাশেই থাকবেন তিনি।
“এটা (কোহলিকে একাদশে রাখা) আমাদের জন্য মোটেও কঠিন কিছু নয়, কারণ আমরা বাইরের আলোচনায় কান দেই না। আর এই বিশেষজ্ঞরা কারা এবং তাদের কেন বিশেষজ্ঞ বলা হয়, আমি জানি না। আমি বুঝতেই পারছি না।”
“তারা বাইরে থেকে দেখছে, দলের মধ্যে কী হচ্ছে তাদের জানা নেই। আমরা একটি প্রক্রিয়া অনুসরণ করি। দল সাজিয়ে আমরা সেটা নিয়ে বিতর্ক ও আলোচনা করি, অনেক চিন্তা করি। খেলোয়াড়দের (দলে নেওয়া) সমর্থন দেওয়া হয়, তাদের সুযোগ দেওয়া হয়। বাইরের মানুষ এসব জানে না। তাই দলের মধ্যে কি ঘটছে, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”
বর্তমানটা খারাপ গেলেও নিশ্চিতভাবে সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। রোহিতের মতে, ফর্ম ভালো-খারাপ হতেই পারে। তবে তারা মূল্যায়ন করেন একজন ক্রিকেটারের মানকে।
“যদি ফর্মের কথা ওঠে, তাহলে তো এটা সবার ক্ষেত্রেই ভালো ও খারাপ হয়। তবে একজন ক্রিকেটারের মান কখনও পড়ে না এবং আমাদের এটা মনে রাখতে হবে…আমরা সেই মানকে মূল্যায়ন করি।”
“এমনটা (বাজে সময়ের মধ্যে থাকা) আমার সঙ্গে ঘটেছে, আরও অনেকের সঙ্গে, সবার সঙ্গেই ঘটেছে, নতুন কিছু নয়। যখন লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে কিছু ক্রিকেটার ভালো করেছে, এক-দুই সিরিজ কিংবা এক-দুই বছরে সেগুলোকে একদম উড়িয়ে দেওয়া যায় না। এটা পুরোপুরি বুঝতে মানুষের সময় লাগে, কিন্তু যারা দল চালাচ্ছেন তারা মানের গুরুত্ব জানেন।”
