২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চান্দিমালের দারুণ সেঞ্চুরিতে শ্রীলঙ্কার লিড

দিনের তৃতীয় ওভারেই উইকেট নিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু তেমন কিছু হতে দিলেন না দিনেশ চান্দিমাল। অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কামিন্দু মেন্ডিসের সঙ্গে উপহার দিলেন দারুণ দুটি জুটি। ধৈর্যশীল ব‍্যাটিংয়ে করলেন সেঞ্চুরি, প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে এনে দিলেন লিড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2022, 07:15 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

গলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিকদের রান ৬ উইকেটে ৪৩১। প্রথম ইনিংসে ৩৬৪ রান করা অস্ট্রেলিয়ার চেয়ে তারা এগিয়ে ৬৭ রানে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ১১৮ রানে ব‍্যাট করছেন চান্দিমাল। তার সঙ্গে ৮৩ রানের জুটি গড়া ম্যাথিউস খেলেছেন ৫২ রানের ইনিংস। ষষ্ঠ উইকেটে ১৩৩ রানের জুটি গড়ার পথে অভিষিক্ত কামিন্দু করেছেন ৬১।

২ উইকেটে ১৮৪ রান নিয়ে রোববার খেলতে নামা শ্রীলঙ্কা দ্রুত হারায় কুসল মেন্ডিসকে। আগের দিনের ৮৪ রানের সঙ্গে এক রান যোগ করতেই তিনি ফিরে যান ন্যাথান লায়নের বলে এলবিডব্লিউ হয়ে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি মেন্ডিস।

লায়নকে চার মেরে রানের খাতা খোলা চান্দিমাল পরের বলেই হাঁকান ছক্কা। এরপর দেখেশুনে এগোতে থাকেন তিনি। ম্যাথিউসকে নিয়ে কাটিয়ে দেন প্রথম সেশন।

লাঞ্চের পর দ্বিতীয় ওভারেই বিদায় নেন ম্যাথিউস। মিচেল স্টার্কের বলে শর্ট লেগে দারুণ ক্যাচ নিয়ে ৪ চারে ৫২ রান করা অভিজ্ঞ ব্যাটসম্যানকে বিদায় করেন মার্নাস লাবুশেন।

স্টার্কের বলে উইকেটের পেছনে ধরা পড়েও বেঁচে যান ৩০ রানে থাকা চান্দিমাল। কট বিহাইন্ডের জোরাল আবেদন করে অস্ট্রেলিয়া, কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়ার। তখন কোনো রিভিউও অবশিষ্ট ছিল না সফরকারীদের। পরে রিপ্লেতে দেখা যায় ব্যাট ছুঁয়ে গিয়েছিল বল।

পরে ১০৩ বলে ফিফটি স্পর্শ করা চান্দিমাল বাড়াতে থাকেন রান। কামিন্দু ছিলেন সাবধানী। টেস্টে নিজের প্রথম ইনিংসে তিনি পঞ্চাশে পা রাখেন ১১০ বলে। এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে অন্তত পঞ্চাশ করলেন শ্রীলঙ্কার পাঁচ ব‍্যাটসম‍্যান।

কয়েক ওভার পর টেস্ট ক্যারিয়ারের ত্রয়োদশ সেঞ্চুরি স্পর্শ করেন চান্দিমাল, ১৯৫ বলে। মাস দেড়েক আগে লম্বা সময়ের সেঞ্চুরি খরা কাটান তিনি। টানা ৩২ টেস্ট ইনিংসে শতকের স্বাদ না পাওয়া এই ব্যাটসম্যান গত মে মাসে বাংলাদেশ সফরে মিরপুর টেস্টে করেন শতক। এক ম্যাচ পরই আবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন তিনি।

৭ চারে ইনিংস সাজানো কামিন্দুকে বিদায় করেন মিচেল সোয়েপসন। অস্ট্রেলিয়ান লেগ স্পিনারকে সুইপ করে বোল্ড হয়ে যান লঙ্কান ব্যাটসম্যান। দুই ওভার পর লায়নকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে ফেরেন নিরোশান ডিকভেলা।

রমেশ মেন্ডিসকে নিয়ে বাকি সময়টা কাটিয়ে দেন চান্দিমাল। লিড তিন অঙ্কে নিতে এই দুইজনের দিকেই তাকিয়ে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৬৪

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৪৯ ওভারে ৪৩১/৬ (আগের দিন ১৮৪/২) (কুসল মেন্ডিস ৮৫, ম্যাথিউস ৫২, চান্দিমাল ১১৮*, কামিন্দু ৬১, ডিকভেলা ৫, রমেশ ৭*; স্টার্ক ১৯-২-৪৭-২, কামিন্স ২৪-৫-৭০-০, লায়ন ৫৬-৫-১৬০-২, গ্রিন ৬-০-২০-০, সোয়েপসন ৩২-২-৯০-২, হেড ৮-০-২৭-০, লাবুশেন ৪-০-৮-০)