২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রুশোর ৩৬ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংসে রেকর্ডের ছড়াছড়ি

ইংল্যান্ডের ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে এবার দারুণ ফর্মে রাইলি রুশো। তবে আগের সব ইনিংসকে ছাপিয়ে গেলেন তিনি শনিবার। সমারসেটের হয়ে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে ডার্বিশায়ারের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান উপহার দিলেন বিস্ফোরক এক ইনিংস। রেকর্ড স্কোর গড়ে তার দল জয় পেল রেকর্ড ব্যবধানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2022, 06:52 PM

Updated : 14 Jul 2022, 07:00 PM

৮ চার ও ৭ চক্কায় রুশো খেলেন ৩৬ বলে ৯৩ রানের ইনিংস। ঘরের মাঠ টন্টনে সমারসেট ২০ ওভারে তোলে ২৬৫ রান।

২০ ওভারের ক্রিকেটে ইংল্যান্ডে ও ইংল্যান্ডের কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ এটিই। চলতি আসরেই গত ১৭ জুন বার্মিংহাম বিয়ার্সের ২৬১ ছিল আগের সর্বোচ্চ।

রুশো এ দিন মাঠে নামেন তিন নম্বরে। ৫.১ ওভারে ৪৯ রান ততক্ষণে উঠে গেছে স্কোরবোর্ডে। টম ব্যান্টন তুলেছেন ঝড়। রুশো উইকেটে গিয়েও শুরু করেন আগ্রাসী ব্যাটিং। দ্বিতীয় উইকেটে দুজনের জুটিতে রান আসে ৫১ বলে ১০২।

ব্যান্টন আউট হন ৬ ছক্কায় ৪১ বলে ৭৩ রান করে। রুশো ফিফটি স্পর্শ করেন ২৪ বলে। পরের ৪৩ রান করে ফেলেন স্রেফ ১১ বলেই। এর মধ্যে লেগ স্পিনার ম্যাথু ম্যাককিয়েরনানের এক ওভারে মারেন ৫ ছক্কা ও ১ চার। আরেকটি নো বলে দুই রানসহ ওই ওভার থেকে আসে ৩৬ রান। টি-টোয়েন্টিতে ক্রিকেটে এক ওভারে এর চেয়ে বেশি রান আছে পাঁচবার।

রুশোর সেঞ্চুরি মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু ছক্কার চেষ্টায় আউট হয়ে যান ডিপ মিড উইকেটে ধরা পড়ে। শেষ দিকে টম ল্যামনবাই ৯ বলে করেন ৩১।

প্রথম ১০ ওভারে সমারসেটের রান ছিল ৯৯। পরের ১০ ওভারে তারা তোলে ১৬৬ রান!

রান তাড়ায় ডার্বিশায়ার কোনো লড়াই করতেই পারেনি। ১১.২ ওভারেই গুটিয়ে যায় তারা স্রেফ ৭৪ রানে। সমারসেট জয় পায় ১৯১ রানে।

সর্বোচ্চ স্কোরের মতো জয়ের এই ব্যবধানও ইংল্যান্ডে এবং ইংল্যান্ডের কোনো দলের জন্য সবচেয়ে বড়।

আগের সবচেয়ে বড় জয় ছিল বার্মিংহাম বিয়ার্সের, গত ২৪ জুন ১৪৪ রানে হারায় তারা উস্টারশায়ারকে।

টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে এটির চেয়ে বড় জয় আছে স্রেফ দুটি। গত বছর পানামাকে ২০৮ রানে হারিয়েছিল কানাডা। বিশ্বরেকর্ডটির অবশ্য নাগাল পাওয়া কঠিন। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্র ২৫৭ রানে হারিয়েছিল তুরস্ককে। ২০ ওভারে চেক প্রজাতন্ত্র তুলেছিল ২৭৮ রান, তুরস্ক গুটিয়ে যায় ২১ রানে।

ভাইটালিটি ব্লাস্টে এবার ১৫ ইনিংসের ৭টিতেই পঞ্চাশ ছুঁলেন রুশো। ৫০ গড় ও অবিশ্বাস্যভাবে ১৯৭.৩৬ স্ট্রাইক রেটে তার রান ৬০০।

কলপ্যাক অধ্যায় পেরিয়ে সম্প্রতি আবার দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলে ফিরেছেন রুশো। ৩২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০১৬ সালের অক্টোবরে।