২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এজবাস্টন টেস্টে বর্ণবাদী আচরণে আটক একজন

ইংল্যান্ড-ভারত টেস্ট চলাকালে এজবাস্টনের গ্যালারিতে বর্ণবাদী আচরণের অভিযোগের ভিত্তিতে শুক্রবার একজনকে গ্রেফতার করেছে বার্মিংহ্যাম পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস, ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 06:03 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

বিবৃতিতে শনিবার তারা জানায়, ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

গত মঙ্গলবার শেষ হওয়া টেস্টটি ৭ উইকেটে জেতে ইংল্যান্ড। ম্যাচের চতুর্থ দিন ভারতের বেশ কজন সমর্থক গ্যালারিতে বর্ণবাদের শিকার হওয়ার কথা জানান সামাজিক মাধ্যমে। সমর্থক গোষ্ঠী ‘ভারত আর্মি’-র সদস্য অনিল সেহমি টুইটারে বলেন, গ্যালারির ২২ নম্বর ব্লকে বর্ণবাদী আচরণ করা হয় ভারতীয় সমর্থকদের সঙ্গে।

তিনি অভিযোগ করেন, গ্যালারির নিরাপত্তাকর্মীদেরকে জানানো হলেও তারা তাতে কান দেননি এবং ‘অন্তত ১০ বার’ অভিযুক্তদের দেখিয়ে দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো বর্ণবাদের শিকার ভারতীয় সমর্থকদেরই নিজ আসনে বসে থাকতে বলা হয়।

তখন ভারতীয় সমর্থকদের টুইটগুলো শেয়ার করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ইয়র্কশায়ার কাউন্টি দলে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ জানিয়ে ও বর্ণবাদ নিয়ে লড়াই করে আলোচনায় উঠে আসা সাবেক ইংলিশ ক্রিকেটার আজিম রফিক।

এরপর অভিযোগ তদন্ত করে দেখার ঘোষণা দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ওয়ারউইকশায়ার কাউন্টি কর্তৃপক্ষ। এরপর এলো এই গ্রেফতারের খবর।

বর্ণবাদী আচরণ মোকাবেলায় পরে নতুন ব্যবস্থা নেওয়ার কথা জানায় ওয়ারউইকশায়ার কাউন্টি কর্তৃপক্ষ। দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এজবাস্টন জুড়ে ‘আন্ডারকভার ফুটবল ক্রাউড-স্টাইল স্পটারস’ ঘোষণা দেয় তারা।

মূলত, দর্শকদের মাঝে গোপনে কাজ করবেন কিছু পর্যবেক্ষক। কোনো আপত্তিকর মন্তব্য শুনতে পেলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য রিপোর্ট করবেন। ফুটবল ম্যাচে ব্যবহার করা হয় এই কৌশল।

সাউথ্যাম্পটনে প্রথম টি-টোয়েন্টি ৫০ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। শনিবার সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে ইংল্যান্ড।