২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ার্স-পুরানের ব্যাটে পিষ্ট বাংলাদেশের আশা

ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি, বোলিংয়ে দারুণ শুরু। জয়ের স্বপ্ন দেখছে তখন বাংলাদেশ। কিন্তু ধারহীন বোলিংয়ে ক্রমেই আলগা হলো চাপ। উঁকি দেওয়া সেই আশা উড়ে গেল কাইল মেয়ার্স ও নিকোলাস পুরানের ব্যাটের দাপটে। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও জিততে পারল না বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 03:53 AM

Updated : 25 Oct 2022, 10:54 AM

তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজ ক্যারিবিয়ানরা জিতে নিল ২-০ তে।

সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। তবে সেদিনও বাজে অবস্থায় ছিল বাংলাদেশ।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার আফিফ হোসেনের ফিফটি ও লিটন দাসের ৪৯ রানের ইনিংস বাংলাদেশকে এনে দেয় ২০ ওভারে ১৬৩ রান। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষ করে ১০ বল বাকি রেখে।

বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে খেই হারিয়ে ক্যারিবিয়ানদের রান ছিল সপ্তম ওভারে ৩ উইকেটে ৪৩। সেখান থেকেই মেয়ার্স ও পুরানের পাল্টা আক্রমণ দলকে নিয়ে যায় জয়ের পথে। চতুর্থ উইকেটে ৫১ বলে ৮৫ রানের জুটি গড়েন দুজন।

ওপনার মেয়ার্স ৩৮ বলে খেলেন ৫৫ রানের ইনিংস। দশম টি-টোয়েন্টি যা তার প্রথম ফিফটি। মাইলফলকটির জন্য তিনি বাংলাদেশকে বেছে নিয়েছেন, এতে বিস্ময়ের কিছু আর নেই। অভিষেক টেস্টে গত বছর রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি বাংলাদেশের বিপক্ষে, এবার টেস্ট সিরিজেও করেন আরেকটি ম্যাচ জেতানো সেঞ্চুরি।

বিধ্বংসী ব্যাটিংয়ে পুরান অপরাজিত থাকেন ৫টি করে চার ও ছক্কায় ৩৯ বলে ৭৪ রান করে। ক্যারিবিয়ান অধিনায়কেরও এটি ক্যারিয়ার সেরা ইনিংস।

সাকিব আল হাসান নিজের প্রথম ওভারে ১ ওভারে মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নিলেও দুই বাঁহাতির সামনে তাকে আর বোলিংয়ে আনেননি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। দ্বিতীয় ওভারে যখন তিনি এলেন বোলিংয়ে, ওয়েস্ট ইন্ডিজ তখন জয়ের কাছে।

পুরানকে অনেক আগেই থামানোর দুটি সুযোগ অবশ্য বাংলাদেশ পেয়েছিল। ১৭ রানে মোসাদ্দেক হোসেনের বলে তাকে স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন নুরুল হাসান সোহান, যদিও সেটি ছিল অনেক কঠিন। ২৮ রানে তাকে রান আউটের সহজ সুযোগ নিতে পারেননি শরিফুল ইসলাম। দলকে চুকাতে হয় এসবের চড়া মূল্য।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ এ দিন ভিন্ন কিছুর ইঙ্গিত দেয় ব্যাটিংয়ের শুরুতে। আগের দুই ম্যাচের কৌশল থেকে সরে এসে সাবধানী ব্যাটিংয়ের পথ বেছে নেন দুই ওপেনার। কোনো ঝুঁকি না নিয়েই ৪ ওভারে ৩১ রান তোলেন লিটন ও এনামুল হক।

অবিশ্বাস্য হলেও সত্যি, টি-টোয়েন্টিতে ৮ ইনিংস পর বাংলাদেশের উদ্বোধনী জুটির রান ছাড়াল ১০!

পঞ্চম ওভারে অবশ্যই থামে এই জুটি। ওডিন স্মিথের ফুল টসে বাউন্ডারি মারার এক বল পর বাজেভাবে স্লগ করতে গিয়ে উইকেট হারান এনামুল (১১ বলে ১০)।

Image
সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল। ছবি: ওয়ালটন।

সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল। ছবি: ওয়ালটন।

তিনে নেমে সাকিব আল হাসান প্রথম বলেই লফটেড আপার কাট বাউন্ডারি মারেন। পরের ওভারে তিনিও উইকেট হারান রোমারিও শেফার্ডের বল উড়িয়ে মারার চেষ্টায় (৫)।

লিটন ও আফিফ দলকে টেনে এগিয়ে নেন সেখান থেকে। এক-দুই করে রান নেওয়ার পাশাপাশি সুযোগ পেলে বলকে বাউন্ডারিতেও পাঠান দুজন। আকিল হোসেনের বলে স্লগ সুইপে ম্যাচের প্রথম ছক্কা মারেন লিটন। পরে স্মিথের বলে ছক্কা পান তিনি দৃষ্টিনন্দন লফটেড অফ ড্রাইভে। স্মিথের ওইওভারে কবজির জোরে লং সীমানা ছাড়া করেন আফিফও।

৪৪ বলে ৫৭ রানে জুটি ভাঙে লিটনের বিদায়ে। হেইডেন ওয়ালশের লেগ স্পিনে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে লিটন বিদায় নেন আলতো ক্যাচ দিয়ে (৪১ বলে ৪৯)।

বাংলাদেশ ইনিংসের ভিত তখন বেশ শক্ত। ১৩ ওভারে রান স্পর্শ করে ১০০। এরপর এক পাশে আফিফ দ্রুত রান তুললেও আরেক প্রান্ত থেকে রান আসেনি প্রত্যাশিত গতিতে। একটি ছক্কা ও দুটি চার মারলেও ২২ রান করতে মাহমুদউল্লাহ বল খেলে ফেলেন ২০টি।

দুটি করে ছক্কা-চারের আফিফ ফিফটি স্পর্শ করেন ৩৮ বলে। তবে ৪৯ থেকে ৫০ ছুঁয়েই দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে যান।

শেষ ওভারে মোসাদ্দেক হোসেনের দুটি বাউন্ডারিতে ১৬০ রান ছাড়ায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের রান তাড়ায় প্রথম ওভারটিই হয় ঘটনাবহুল। একাদশে ফেরা নাসুম আহমেদ ওয়াইড দিয়ে শুরু করেন। পরের বল স্লগ সুইপে ছক্কায় ওড়ান ব্র্যান্ড কিং। ওভারের শেষ বলে শোধ তোলেন নাসুম, মিড অনে ধরা পড়েন কিং। আরেক প্রান্তে শেখ মেহেদি হাসান ফেরান তিনে নামা শামার ব্রুকসকে।

নাসুমের বলে চার ও ছক্কায় চাপ সরিয়ে দেওয়ার চেষ্টা করেন মেয়ার্স। কিন্তু সাকিব আক্রমণে এসে প্রথম বলেই এলবিডব্লিউ করে দেন ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া ওডিন স্মিথকে।

সপ্তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান তখন ৩ উইকেট ৪৩, জয়ের আশা জাগারই কথা বাংলাদেশ দলের। কিন্তু মেয়ার্স ও পুরান চাপটাকে চেপে বসতে দেননি।

স্পিন দিয়ে ক্যারিবিয়ানদের আটকে রাখতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টিতে প্রথমবার প্রথম ৮ ওভারই স্পিনে চালিয়ে দেয় বাংলাদেশ। প্রথমবারের মতো প্রথম চার বোলারই ছিল স্পিনার। কিন্তু , মেয়ার্স-পুরানের আক্রমণে সব পরিকল্পনাই ভেস্তে যায়।

৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৪৭। এরপর মোসাদ্দক হোসেনের প্রথম ওভারেই ছক্কা মারেন মেয়ার্স, মুস্তাফিজুর রহমানকে প্রথম বলেই ডাউন দা উইকেটে ছক্কা মেরে স্বাগত জানান পুরান। পরে কেবলই তাদের এগিয়ে চলা।

মোসাদ্দেকের বলে ছক্কায় মেয়ার্স ফিফটি স্পর্শ করেন ৩৩ বলে। পরের ওভারে নাসুমকে ছক্কা মারার পর তিনি আউট হয়ে যান আরেকটি ছক্কার চেষ্টায়। পুরান পরের দুই বলেই চার-ছক্কা মেরে বুঝিয়ে দেন, বাংলাদেশের ফেরার কোনো আশা নেই।

শেষ দিকে আফিফ হোসেনের বলে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েন রভম্যান পাওয়েল। পুতবে রান ফেরেন জয়কে সঙ্গী করেই। মাহমুদউল্লাহর বলে বিশাল ছক্কায় খেলা শেষ করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। দারুণ ব্যাটিংয়ে ম্যাচ ও সিরিজের সেরা তিনিই।

দুই দল এখন খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবকটি ম্যাচই গায়ানায়। প্রথম ম্যাচ রোববার।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ২০ ওভারে ১৬৩/৫ (লিটন ৪৯, এনামুল ১০, সাকিব ৫, আফিফ ৫০, মাহমুদউল্লাহ ২২, সোহান ২*, মোসাদ্দেক ১০*; মেয়ার্স ২-০-১৪-০, ম্যাককয় ৪-০-২৯-০, আকিল ৪-০-৩১-০, স্মিথ ৩-০-৩৪-১, শেফার্ড ২-০-১৯-১, ড্রেকস ১-০-৬-০, ওয়ালশ ৪-০-২৫-২)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৮.২ ওভারে ১৬৯/৫ (কিং ৭, মেয়ার্স ৫৫, ব্রুকস ১২, স্মিথ ২, পুরান ৭৪*, পাওয়েল ৫, আকিল ২*; নাসুম ৪-০-৪৪-২, মেহেদি ৪-০-২১-১, সাকিব ২-০-১০-১, মোসাদ্দেক ৪-০-৩৪-০, মুস্তাফিজ ২-০-২৭-০, শরিফুল ১-০-১৩-০, আফিফ ১-০-১০-১, মাহমুদউল্রাহ ০.২-০-৭-০)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-০তে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: নিকোলাস পুরান।

ম্যান অব দা সিরিজ: নিকোলাস পুরান।