মিচেলের ১৯০-এর পর ইংল্যান্ডের জবাব
জুটির রেকর্ড হলো। রেকর্ড হলো নিউ জিল্যান্ডের দলীয় রানের। এসব প্রাপ্তির মাঝে ড্যারিল মিচেলের একটু আক্ষেপ থাকতে পারে। অল্পের জন্য যে তিনি পেলেন না ডাবল সেঞ্চুরি! তার হতাশা পরে বাড়ার কথা আরও। ফিল্ডিংয়ে ক্যাচ ফেলে দিলেন দুটি। জীবন পেয়ে অ্যালেক্স লিস ও অলি পোপ ইংল্যান্ডকে গড়ে দিলেন শক্ত ভিত।
ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটে-বলে লড়াইটা হয়েছে দারুণ। মিচেলের সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন টম ব্লান্ডেল। তবে ৫৭ রানে শেষ ৫ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডকে প্রথম ইনিংসে ৫৫৩ রানে থামিয়ে দিয়েছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের মাটিতে নিউ জিল্যান্ডের সর্বোচ্চ দলীয় স্কোর এটি। ১৯৭৩ সালে লর্ডসে ৯ উইকেটে ইনিংস ঘোষণা করা ৫৫১ রান ছিল আগের রেকর্ড।
জবাবে ইংল্যান্ড দিন শেষ করেছে ১ উইকেটে ৯০ রান তুলে। ফিফটি করে খেলছেন পোপ। এখনও ৪৬৩ রানে পিছিয়ে আছে তারা।
লর্ডসে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে চাপের মুখে দুর্দান্ত সেঞ্চুরির পর ট্রেন্ট ব্রিজেও সেঞ্চুরি করে নড়বড়ে অবস্থান থেকে দলকে শক্ত অবস্থানে নেন মিচেল। খেলেন ৩১৮ বলে প্রথম শ্রেণির ক্যারিয়ার সেরা ১৯০ রানের ইনিংস। ৩ ও ১০৪ রানে দুই দফা অবশ্য জীবন পান তিনি।
লর্ডসে ৪ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া কিপার-ব্যাটসম্যান ব্লান্ডেল এবার ১৯৮ বলে ১৪ চারে করেন ১০৬।
দ্বিতীয় দিনে উইকেট ব্যাটিংয়ের জন্য ছিল দারুণ। নিউ জিল্যান্ড দ্বিতীয় দিন শুরু করে ৪ উইকেটে ৩১৮ রান নিয়ে। মিচেল ৮১ ও ব্লান্ডেল ৬৭ রান নিয়ে নামেন ব্যাটিংয়ে। দিনের শুরুর কয়েক ওভার তারা কাটিয়ে দেন দেখেশুনে খেলে।
ম্যাথু পটসকে বাউন্ডারিতে মিচেল তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন ১৮৪ বলে। একটু পর পটসই নিতে পারেননি মিচেলের ক্যাচ।
৯১ থেকে স্পিনার জ্যাক লিচকে দুটি চার মেরে এগিয়ে যান ব্লান্ডেল। ওই ওভারেই তিনি তিন অঙ্ক স্পর্শ করেন ১৯১ বলে। টেস্টে তার তৃতীয় সেঞ্চুরি এটি।
লিচের পরের ওভারেই তিনি বিদায় নেন মিড অফে ক্যাচ দিয়ে। ভাঙে ৬৭.২ ওভার স্থায়ী রেকর্ড জুটি।
ষষ্ঠ উইকেটে অভিষিক্ত মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে ৯১ রানের আরেকটি বড় জুটি গড়েন মিচেল। মাঝে বৃষ্টিতে খেলা বন্ধ ছিল ঘণ্টা খানেক, চা বিরতি নেওয়া হয় আগেভাগে।
এরপর ২৪ রানের মধ্যে দ্রুত ৪ উইকেট হারায় নিউ জিল্যান্ড। ব্রেসওয়েল ১ রানের জন্য পাননি ফিফটি। জেমস অ্যান্ডারসনের বলে স্লিপে ক্যাচ দেন ৮৭ বলে ৯ চারে ৪৯ রান করে।
স্টুয়ার্ট ব্রড একই ওভারে দুটি শর্ট বলে ফিরিয়ে দেন কাইল জেমিসন ও টিম সাউদিকে। পরে ওভারে লিচের বলে নবম ব্যাটসম্যান হিসেবে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাট হেনরি। মিচেলের রান তখন ১৭৩।
শেষ জুটিতে ট্রেন্ট বোল্টকে সঙ্গে নিয়ে তিনি জাগান ডাবল সেঞ্চুরির আশা। কিন্তু পূর্ণতা দিতে পারেননি অল্পের জন্য। পটসের অফ স্টাম্পের অনেক বাইরের স্লোয়ার বলে ব্যাট চালিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি। শেষ হয় ২৩ চার ও ৪ ছক্কায় গড়া ইনিংস।
বোল্ট অপরাজিত থাকেন ১৬ রানে। ১১ নম্বরে ব্যাটিং করে সবচেয়ে বেশি রানের রেকর্ডে মুত্তিয়া মুরালিধরনের পাশে বসেছেন তিনি। দুই জনেরই রান ৬২৩।
ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই জ্যাক ক্রলিকে হারায় ইংল্যান্ড। বোল্টের বাড়তি বাউন্সে কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি।
আরেক ওপেনার লিস জীবন পান ১২ রানে। সাউদির বলে স্লিপে সহজ ক্যাচ হাতছাড়া করেন মিচেল।
এরপর বোল্টের বলে স্লিপেই পোপের ক্যাচ নিতে পারেননি তিনি। বাঁ দিকে বলে হাত ছোঁয়ালেও মুঠোয় জমাতে পারেননি।
৩৭ রানে জীবন পেয়ে পোপ ফিফটি করেন ৬৬ বলে। দিন শেষে ৭৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫১ রানে খেলছেন তিনি। ৭৭ বলে ৫ চারে ৩৪ রানে অপরাজিত আছেন লিস। তাদের অবিচ্ছিন্ন জুটির রান ৮৪।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৪৫.৩ ওভারে ৫৫৩ (আগের দিন ৩১৮/৪) (মিচেল ১৯০, ব্লান্ডেল ১০৬, ব্রেসওয়েল ৪৯, জেমিসন ১৪, সাউদি ৪, হেনরি ০, বোল্ট ১৬*; অ্যান্ডারসন ২৭-৯-৬২-৩, ব্রড ২৬-৪-১০৭-২, পটস ৩০.৩-৬-১২৬-১, স্টোকস ২৩-২-৮৫-২, লিচ ৩৫-৬-১৪০-২, রুট ৪-০-১৬-০)
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৬ ওভারে ৯০/১ (লিস ৩৪*, ক্রলি ৪, পোপ ৫১*; সাউদি ৭-১-২১-০, বোল্ট ৭-১-১৮-১, হেনরি ৬-৩-৩০-০, জেমিসন ৬-২-২০-০)
