দুর্দান্ত কাটানো মৌসুমে অমিতের আরেকটি সেঞ্চুরি
২০২১-২২ মৌসুমটা যেন স্বপ্নের মতো কাটছে অমিত হাসানের। প্রথম শ্রেণির দুই টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে ছড়িয়েছেন দ্যুতি। দুই টুর্নামেন্টে করেছেন দুটি করে সেঞ্চুরি। এবার দেশের মূল লিস্ট ‘এ’ প্রতিযোগিতায়ও শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম রাউন্ডেই পেয়েছেন তিন অঙ্কের দেখা।
বিকেএসপির তিন নম্বর মাঠে বুধবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ১৩৬ বলে ১২ চারে ১০৭ রানের ইনিংস খেলেন অমিত। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরিতেই ৭ উইকেটে ২২১ রান করে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
টস হেরে ব্যাট করতে নেমে খেলাঘরের শুরুটা ছিল মন্থর। পঞ্চম ওভারে পিনাক ঘোষ ফিরে যাওয়ার সময় দলের রান ছিল কেবল ১১। শুরুর জুটি ভাঙা মৃত্যুঞ্জয় চৌধুরির পরের তিন বলে অমিতের ব্যাট থেকে আসে দুটি চার। অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ মৃত্যুঞ্জয়ের পরের ওভারে আবার থার্ড ম্যান দিয়ে দুটি চার মারেন অমিত।
প্রিতম কুমারের সঙ্গে ৫৩ রানের জুটিতে বলে-বলেই রান করছিলেন অমিত। ৩১ বলে ৩১ রান করা এই তরুণ জুটি ভাঙার পর গুটিয়ে নেন নিজেকে। ৫৯ বলে স্পর্শ করেন ফিফটি, লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার প্রথম। আগের সেরা ছিল ৪৩।
ভারতীয় ব্যাটসম্যান অশোক মেনারিয়ার সঙ্গে ৭৭ রানের জুটি ভাঙার পর আরেকটু সাবধানী হয়ে যান অমিত। শেষ দিকে মাসুম খানের সঙ্গে গড়েন আরেকটি ভালো জুটি।
ফিফটির পর একটু বেশি সময় নিয়ে ফেলা এই তরুণ শেষ ওভারে দুই রান নিয়ে স্পর্শ করেন তিন অঙ্ক, ১৩৩বলে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে এই বছর পেরিয়ে যান এক হাজার রানের সীমানা।
গত জাতীয় লিগে ৬ ম্যাচে ১১ ইনিংসে দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৫৯ গড়ে ৫৯০ রান করেন অমিত। সর্বোচ্চ ১৮৬। এরপর বিসিএলে ৪ ম্যাচে ৬ ইনিংসে দুই সেঞ্চুরিতে বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে ৬৪.৪০ গড়ে ৩২২ রান করেন তিনি।
২০১৮-১৯ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের হয়ে ৭ ম্যাচে ১৬.৬০ গড়ে ৮৩ রান করেন। বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টে দক্ষিণাঞ্চলের হয়ে এবার একমাত্র ইনিংসে করেন ২৯ রান।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সব মিলিয়ে ৮ ম্যাচে রান ছিল ১১২। এক ম্যাচেই করলেন অপরাজিত ১০৭।
