২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেরা সুযোগ’ হারিয়ে বাংলাদেশ অধিনায়কের আক্ষেপ

স্বপ্ন ছিল বিশ্বকাপ অভিষেক জয়ে রাঙানোর। স্বপ্ন পূরণের মঞ্চও তৈরি করে দিয়েছিলেন বোলাররা। ব্যাটিংয়ের শুরুটায় আশার পালে আরও জোর হাওয়া। কিন্তু এরপরই ঝড়ো হাওয়ায় এলোমেলো সব। শেষে গুছিয়ে ওঠার চেষ্টাও আর সফল হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুযোগ পেয়েও তা হারিয়ে আফসোসে পুড়ছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 01:47 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ উজ্জীবিত বোলিং-ফিল্ডিংয়ে মেলে ধরে নিজেদের। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেয় ২০৭ রানে। মাঝারি সেই রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই আসে ৬৯ রান। কিন্তু তার পরও পারেনি বাংলাদেশ। মাঝের ওভারগুলোয় পথ হারিয়ে শেষ পর্যন্ত ম্যাচ হেরে যায় ৩২ রানে।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণীতে বাংলাদেশ অধিনায়ক নিগারের কণ্ঠে ছিল সেই বিষাদের ছোঁয়া।

“আমাদের শুরুটা দারুণ ছিল। বোলাররা খুব ভালো করেছে। এটা আমাদের সেরা সুযোগ ছিল। যদি ব্যাটিংয়ে ভালো করতে পারতাম, আমরা জিততে পারতাম।”

“দুই ওপেনার খুব ভালো শুরু করেছিল। মাঝের ওভারগুলোয় আমরা খুব বেশি উইকেট হারিয়েছি। ওই সময়টায় জুটি গড়তে পারলে ৪৫ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে পারতাম।”

ভালো শুরুর পর বাংলাদেশ উইকেট হারাতে থাকে দ্রুত। দক্ষিণ আফ্রিকান পেসার আয়াবঙ্গা খাকা দুই ওভারের মধ্যে নেন তিন উইকেট। রান আউট হয়ে যান দলের সেরা ব্যাটারদের একজন ফারজানা হক। থিতু হয়েও আলগা শটে আউট হন রুমানা আহমেদ। বিনা উইকেটে ৬৯ থেকে বাংলাদেশের রান হয়ে যায় ৬ উইকেটে ১১৩।

পরে নিগার ও রিতু মনি ৫৩ রানের জুটি গড়লেও তা যথেষ্ট হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক দায় দিলেন জুটি গড়তে না পারাকে।

“বোলাররা আমাদেরকে খুব ভালো একটা শুরু এনে দিয়েছিল। দক্ষিণ আফ্রিকাকে ডিসেন্ট একটা স্কোরে আমরা আটকাতে পেরেছি। ব্যাটিংয়েও খুব ভালো শুরু করেছি। কিন্তু মাঝের ওভারে ৩-৪টি মূল্যবান উইকেট আমরা হারিয়েছি। জুটি না হওয়াতেই শেষ পর্যন্ত ম্যাচটা আমাদের হাতে আসতে পারেনি।”

উদ্বোধনী জুটিতে ৬৯ রান এলেও খানিকটা প্রশ্ন তোলা যায় রান তোলার গতি নিয়ে। ১১৯ বল লেগে যায় ওই রান তুলতে। শামিমা সুলতানা ও শারমিন আক্তারের যখন রানের গতি বাড়ানোর কথা, আউট হয়ে যান দুজনই।

গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ওপেনিংয়ে বেশ ধারাবাহিক ছিলেন মুর্শিদা খাতুন। এরপর মালেয়েশিয়ায় কমনওয়েলথ গেমস বাছাইপর্বেও তিনি ছিলেন বেশ সফল। স্টাইলিশ এই বাঁহাতি ব্যাটসম্যানের হাতে শট আছে বেশ, শুরুর পাওয়ার প্লে ওভার যিনি কাজে লাগাতে পারেন ভালোভাবে। তাকে এই ম্যাচে চারে নামায় দল। তিনি আউট হন শূন্য রানে।

নিগার জানালেন, পরিকল্পনা করেই ব্যাটিং অর্ডারে এই পরিবর্তন আনা হয়।

“এটা আমাদের পরিকল্পনাতেই ছিল। গত কিছুদিনে মুর্শিদার ব্যাটিং দেখছিলাম, ওখানে (ওপেনিংয়ে) খুব একটা স্বস্তিতে ছিল না। নিজেদের মধ্যে প্রস্তুতি যে ম্যাচগুলি খেলেছি, সেখানে চার নম্বরে ভালো করেছিল ও। এজন্যই পরিকল্পনা ছিল ওকে ওখানে খেলাব। আমার কাছে মনে হয় ওর যে মান এবং ও যেভাবে খেলে, আজকে তা করতে পারেনি। পরের ম্যাচে অবশ্যই পারবে।”

ম্যাচ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ফারিহা তৃষ্ণার বোলিং। মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা তরুণ বাঁহাতি পেসার দারুণ বোলিংয়ে নেন ৩ উইকেট। একটি ক্যাচও পড়ে তার বলে। জাহানারা আলম নেন দুটি উইকেট। রিতু মনি দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ভালো ইনিংস খেলেন।

শুরুতে একটি সহজ ক্যাচ পড়লেও বাংলাদেশের ফিল্ডিং ছিল দুর্দান্ত। দারুণ দুটি ক্যাচ নেন রুমানা আহমেদ ও ফারজানা হক। সব প্রাপ্তিগুলোকে সঙ্গী করে পরের ম্যাচে আরও ভালো কিছুর আশায় নিগার।

“ইতিবাচক অনেক কিছুই আছে এই ম্যাচে। সব ইতিবাচক দিক আমরা পরের ম্যাচে বয়ে নিতে চাই। সমর্থকেরা আমাদের কাছে জয় দেখতে চাই। আশা করি, সামনে আমরা তাদের হতাশ করব না।”