২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে টি-টোয়েন্টি সিরিজ শেষ থিকশানা ও মেন্ডিসের

স্পিনার মাহিশ থিকশানা ও ব্যাটসম্যান কুসল মেন্ডিসকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশেও পাচ্ছে না শ্রীলঙ্কা। চোটের কারণে ছিটকে গেছেন এই দুই জন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 07:29 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

পেসার শিরান ফার্নান্দোরও সিরিজ শেষ হয়ে গেছে নিতম্বের পেশির চোটের কারণে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেকের অপেক্ষা আরও বাড়ল।

বাকি দুই টি-টোয়েন্টির জন্য দলে যোগ করা হয়েছে টেস্ট দলের দুই সদস্য নিরোশান ডিকভেলা ও ধনঞ্জয়া ডি সিলভাকে।

হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন মেন্ডিস। অস্ট্রেলিয়া সফরে সবশেষ টি-টোয়েন্টিতে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশড হওয়া থেকে বাঁচান এই ওপেনার। কিন্তু ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। হ্যামস্ট্রিংয়ের চোটে ওই ম্যাচে খেলতে পারেননি রহস্য স্পিনার থিকশানাও।

আগামী ৪ মার্চ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ সামনে রেখে মেন্ডিসকে নিয়ে ঝুঁকি নিতে চায় না শ্রীলঙ্কা। ফিটনেস টেস্টে উতরানো সাপেক্ষে টেস্টে দলে রাখা হয়েছে তাকে।

যদিও গত বছরের জানুয়ারির পর থেকে তিনি টেস্ট খেলেননি। এই সংস্করণে সবশেষ পাঁচ ইনিংসে টানা চারবার শূন্য রানে আউট হন তিনি। তবে ৬ মাসের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সময়টা খারাপ যাচ্ছে না তার।

থিকশানার ছিটকে পড়া শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। ছন্দে থাকা এই স্পিনারের সঙ্গে ভানিন্দু হাসারাঙ্গাকেও ভারতের বিপক্ষে পাচ্ছে না তারা। করোনাভাইরাসের ছোবলে ছিটকে পড়েছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

এর আগে অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে ভারত সফরের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি আভিশকা ফার্নান্দো, রমেশ মেন্ডিস ও নুয়ান থুশারার। তিন জনই চোটের সঙ্গে লড়ছেন।

এত দুঃসংবাদের মাঝে একটি সুসংবাদ পেয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ আক্রান্ত হওয়া পেসার বিনুরা ফার্নান্দো সেরে উঠেছেন। ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে একাদশের বিবেচনায় থাকবেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে স্রেফ উড়ে গেছে শ্রীলঙ্কা। ৬২ রানে হেরে যাওয়া সফরকারীরা সিরিজে টিকে থাকার লড়াইয়ে শনিবার আবার মাঠে নামবে, ধর্মশালায়। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি আগামী রোববার একই মাঠে।