জোড়া সেঞ্চুরিতে অভিষেক রাঙালেন যুব বিশ্বকাপজয়ী ধুল
স্বপ্নের মতো এক সময় কাটছে ইয়াশ ধুলের। কদিন আগে তার নেতৃত্বে ভারত জিতল পঞ্চম যুব বিশ্বকাপ। সেই আনন্দের রেশ না কাটতেই প্রথম শ্রেণির ক্রিকেটে পা রেখে দারুণ এক কীর্তি গড়লেন তরুণ এই ক্রিকেটার। জোড়া সেঞ্চুরি করে স্মরণীয় করে রাখলেন বড় দৈর্ঘ্যের ক্রিকেটে অভিষেক।
রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের পথচলা শুরু হয় ধুলের। তামিল নাড়ুর বিপক্ষে ম্যাচের দুই ইনিংসেই ১১৩ রান করে করেন ১৯ বছর বয়সী এই তরুণ।
প্রথম শ্রেণির ক্রিকেটে আড়াইশ বছরের ইতিহাসে অভিষেকে জোড়া সেঞ্চুরি করা নবম ক্রিকেটার ধুল। এই কীর্তিটি সবার আগে গড়েছিলেন অস্ট্রেলিয়ার আর্থার মরিস, ১৯৪০ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে নিউ সাউথ ওয়েলসের হয়ে। আর সবশেষটি ছিল ২০১৭ সালে আফগানিস্তানের হাজি মুরাদের, দেশটির ঘরোয়া প্রতিযোগিতায়।
রঞ্জি ট্রফিতে পা রেখে ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান ধুল। প্রথমজন নরি কন্ট্রাক্টর, ১৯৫২-৫৩ মৌসুমে গুজরাটের হয়ে খেলেছিলেন তিনি ১৫২ ও অপরাজিত ১০২ রানের ইনিংস। ২০১২-১৩ মৌসুমে মহারাষ্ট্রের হয়ে বিরাগ আওয়াতে করেছিলেন ১২৪ ও ১১২ রান।
ধুলের অভিষেক ম্যাচটি শুরু হয় গত বৃহস্পতিবার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মিডল অর্ডারে ব্যাট করা তরুণ প্রথম শ্রেণিতে পান ইনিংস শুরু করার সুযোগ। দুই হাতে তা লুফে নিয়ে প্রথম ইনিংসেই তিনি উপহার দেন ১৮ চারে ১৫০ বলে ১১৩ রানের দারুণ এক ইনিংস।
তাতে যেন তৃষ্ণা মেটেনি তার। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে এগিয়ে যান কীর্তি গড়ার পথে। এবার ২০২ বল খেলে ১১৩ রান নিয়ে থাকেন অপরাজিত। ইনিংস সাজান ১৪ চার ও এক ছক্কায়।
এই ম্যাচেই তামিল নাড়ুর হয়ে ১০ ছক্কা ও ২০ চারে ১৪৮ বলে ১৯৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন শাহরুখ খান। শেষ পর্যন্ত ম্যাচটি হয় ড্র।
