শুরু আর শেষ বাংলাদেশের, মাঝে সেঞ্চুরি কনওয়ের
নতুন বল নেওয়ার আগে সময় কাটানোর বোলিং করছিলেন মুমিনুল হক। একটি বল করলেন লেগ স্টাম্পের বাইরে। চাইলেও যে বলে আউট হওয়া কঠিন, সেটিতেই ব্যাট ছুঁইয়ে কিপারের গ্লাভসে ধরা পড়লেন ডেভন কনওয়ে। নতুন বছরের প্রথম দিনে শেষবেলায় বাংলাদেশের জন্য অভাবনীয় বোনাস কিংবা আনন্দময় উপহার!
সেঞ্চুরিয়ান কনওয়ের উইকেটের পর দ্বিতীয় নতুন বলে উইকেট ধরা দিল আরেকটি। তাতে বদলে গেল গোটা দিনের ছবি। কিছুক্ষণ আগেও যেখানে নিউ জিল্যান্ড ছিল শক্ত অবস্থানে, ওই জোড়া উইকেটে বাংলাদেশ ম্যাচে ফিরল দারুণভাবে।
মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিনে শনিবার নিউ জিল্যান্ডের রান ৫ উইকেটে ২৫৮।
টস জিতে বোলিংয়ে নামা দলের প্রত্যাশা হয়তো আরেকটু বেশিই থাকার কথা। তবে শেষটা যেভাবে হলো, তাতে কিছুটা স্বস্তিতেই মাঠ ছাড়ার কথা বাংলাদেশের।
বছরের প্রথম ফিফটিকে প্রথম সেঞ্চুরিতে রূপ দিয়ে আরও এগোচ্ছিলেন কনওয়ে। চোট কাটিয়ে ফেরার টেস্টে দুর্দান্ত ব্যাট করে শেষ পর্যন্ত বাজে শটে ১২২ রানে থামেন বাঁহাতি ব্যাটসম্যান।
ভালো-মন্দ মিশেলের বোলিং দিনে বাংলাদেশেরও সেরা পারফরমার চোট কাটিয়ে ফেরা একজন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে দারুণ স্কিল ও টেম্পারমেন্টের ছাপ রেখে দিনজুড়ে বোলিং করেন শরিফুল ইসলাম। ২০ বছর বয়সী পেসারের শিকার ২ উইকেট।
উইকেট না পেলেও দুই নতুন বলে দুর্দান্ত বোলিং করেন তাসকিন আহমেদও। তবে পুরনো বলে তার ধার ছিল কম। তৃতীয় পেসার ইবাদত হোসেন ছিলেন ভীষণ অধারাবাহিক।
উইকেটে অনুমিতভাবেই ছিল সবুজের ছোঁয়া। তবে টিভিতে ম্যাচপূর্ব আলোচনায় ব্রেন্ডন ম্যাককালাম, গ্রান্ট এলিয়ট, মার্ক রিচার্ডসনরা বারবারই বললেন, ‘নিউ জিল্যান্ডে যতটা সবুজ উইকেট থাকে, ততটা নয় এই উইকেট।’ দুই অধিনায়কেরই অবশ্য চাওয়া ছিল আগে বোলিং। আশা পূরণ হয় মুমিনুল হকের।
তাসকিন ও শরিফুলের সঙ্গে ইবাদতকে নিয়ে পেস আক্রমণ সাজায় বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেও বিস্ময়করভাবে সুযোগ পাননি আবু জায়েদ চৌধুরি।
একমাত্র বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজকে প্রথম দিনেই ২৭ ওভার বোলিং করান মুমিনুল। উইকেটে যদিও স্পিনে সহায়তা ছিল না একটুও। মিরাজের সঙ্গে অধিনায়ক নিজে ও নাজমুল হোসেন শান্তর বোলিং মিলিয়ে স্পিনে গোটা দিনে হয়েছে ৩২ ওভার। নিউ জিল্যান্ডে টেস্টের প্রথম দিনে এক-তৃতীয়াংশর বেশি ওভার স্পিনে করানো বিরলই বটে!
ম্যাচের প্রথম ওভার থেকেই তাসকিন আদায় করে নেন সুইং। শরিফুলও ছন্দ পেতে সময় নেননি একটুও। চোট কাটিয়ে টেস্ট দলে ফেরা তরুণ বাঁহাতি পেসারই পান প্রথম সাফল্য। সেই উইকেটে বড় অবদান অবশ্য লিটন কুমার দাসেরও।
শরিফুলের ভেতরে ঢোকা বল ল্যাথামের ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে প্যাডে লেগে যায় উইকেটের পেছনে। বাঁদিকে ঝাঁপিয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন লিটন। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া ল্যাথাম ফেরেন ১ রানে।
প্রথম ৮ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান ছিল স্রেফ ২। দুই পাশ থেকে ৪ ওভার করে বোলিংয়ে শরিফুল ও তাসকিন দেন কেবল ১ রান করে।
ওই সময়টায় মাথা গুঁজে ক্রিজে পড়ে থাকেন ওপেনার উইল ইয়াং ও তিনে নামা কনওয়ে।
প্রথম ঘণ্টায় ১৩ ওভারে রান ছিল কেবল ১৫। দাঁতে দাঁত চেপে উইকেট আকড়ে রাখার সুফল মেলে পরে। দ্বিতীয় ঘণ্টায় ১৪ ওভারে আসে ৫১ রান।
শরিফুলকে চার মেরে ইয়াং প্রথম রানের দেখা পান ২২ বল খেলে। অস্বস্তিতে শুরু করা কনওয়ের রান ছিল ২২ বলে ২। পরে দুই ব্যাটসম্যানই খেলেন দারুণ কয়েকটি শট। বিশেষ করে কনওয়ে খেলেন দারুণ কয়েকটি ড্রাইভ।
শুরুতে আঁটসাঁট বোলিং করা বাংলাদেশের পেসাররা পরে আলগা বল করেন কিছু। বিশেষ করে ইবাদত ভালো লেংথে টানা বল রাখতে না পারায় সরে যায় চাপ। লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট পড়েনি।
লাঞ্চের পর কনওয়ে ও ইয়াং এগিয়ে যেতে থাকেন আরও সাবলীল ব্যাটিংয়ে। বিস্ময়করভাবে লাঞ্চের পর এক প্রান্ত থেকে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে টানা ১১ ওভার বোলিং করান অধিনায়ক মুমিনুল। তিনি যথেষ্টই নিয়ন্ত্রিত বোলিং করেন, কিন্তু ব্যাটসম্যানদের বেগ দিতে পারেননি খুব একটা। বরং ব্যাটিং সহজ হয়ে ওঠে তাদের জন্য।
মিরাজের শর্ট বল গ্যালারিতে পাঠিয়ে ১৩১ বলে ফিফটি পূর্ণ করেন চোট কাটিয়ে দলে ফেরা কনওয়ে। ওই ওভারে মারেন আরও দুটি বাউন্ডারি। ইয়াংয়ের ফিফটি আসে ১৩১ বলে।
জুটি ভাঙার কোনো পথই যখন পাচ্ছে না বাংলাদেশ, তখনই উইকেট ধরা দেয় ইয়াংয়ের ভুলে। দ্রুত একটি সিঙ্গেল নিতে গিয়ে তিনি সাড়া পাননি কনওয়ের, ফেরার চেষ্টায় রান আউট হয়ে যান সামান্য ব্যবধানে। নাজমুল হোসেন শান্তর থ্রোয়ে বেলস ভাঙেন কিপার লিটন।
১৩৫ বলে ৫২ রানে ফেরেন ইয়াং, জুটি থামে ১৩৮ রানে।
তুমুল করতালির মধ্যে এরপর ক্রিজে যান শেষ টেস্ট সিরিজ খেলতে নামা রস টেইলর। উইকেটে থিতুও হয়ে যান তিনি, কনওয়ের সঙ্গে গড়ে তোলেন জুটি।
কনওয়ে শতরান স্পর্শ করেন ১৮৬ বলে। আন্তর্জাতিক ক্রিকেটে চমকপ্রদ শুরু করা ব্যাটসম্যানের এটি চতুর্থ টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি। দেশের মাঠে তিন অঙ্কের দেখা পেলেন প্রথম টেস্ট ইনিংসেই।
এই জুটি ভাঙা আর টেইলরকে দিয়েই শুরু হয় কিউই ব্যাটসম্যানদের আত্মঘাতী বিদায় পর্ব। শরিফুলের বাইরের বল তাড়া করে শর্ট কাভারে ক্যাচ দিয়ে টেইলর ফেরেন ৩১ রানে।
এরপর দ্বিতীয় নতুন বল নেওয়ার ঠিক আগের ওভারে কনওয়ের ওই শট। ১৬ চার ও ১ ছক্কায় ২২৭ বলে ১২২ করে তিনি ফেরেন বাজে শটে বিদায়ের হতাশায়।
শেষ সময়ে উইকেটের দেখা পান ইবাদত। বাইরের বল স্টাম্পে টেনে আনেন টম ব্লান্ডেল। আরেক প্রান্তে হেনরি নিকোলস অবশ্য থিতু হয়ে গেছেন। দ্বিতীয় দিনে তিনিই হতে পারেন বাংলাদেশের মূল বাধা।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৮৭.২ ওভারে ২৫৮/৫ (ল্যাথাম ১, ইয়াং ৫২, কনওয়ে ১২২, টেইলর ৩১, নিকোলস ৩২*, ব্লান্ডেল ১১; তাসকিন ২০-৫-৬১-০, শরিফুল ২০-৫-৫৩-২, ইবাদত ১৫.৩-৩-৫৩-১, মিরাজ ২৭-৭-৭২-০, শান্ত ২-০-১০-০, মুমিনুল ৩-০-৫-১)।
