ঢাকায় পাকিস্তান দল, বাবর-মালিক আসবেন পরে
প্রত্যাশা পূরণের পথে থাকলে আজ তাদের ব্যস্ত থাকার কথা ছিল দুবাইয়ে বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি নিয়ে। কিন্তু সেমি-ফাইনালে বদলে গেছে গতিপথ। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ফাইনালের আগের দিন পাকিস্তান দল চলে এলো ঢাকায়। এবার তাদের অভিযান, বাংলাদেশের বিপক্ষে সিরিজ।
দুবাই থেকে শনিবার সকাল ৮টার দিকে ঢাকায় পা রাখে পাকিস্তান দল। তবে দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ শোয়েব মালিক। তারা ঢাকায় আসতে পারেন মঙ্গলবার।
ক্রিকেটার-সাপোর্ট স্টাফ মিলিয়ে ২৭ জনের বহর বিমানবন্দর থেকে পৌঁছে গেছে হোটেলে। সেখানে কোভিড পরীক্ষা শেষে আজকের দিনটিই কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। সবাই নেগেটিভ হলে রোববার থেকেই শুরু করতে পারবেন অনুশীলন।
বিশ্বকাপের সেই প্রায় পুরো দলটাকেই বাংলাদেশ সফরে রেখেছে পাকিস্তান। বিশ্বকাপ দলের চার রিজার্ভ ক্রিকেটারও আছেন এই সফরে। কেবল অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এই সিরিজ থেকে বিরতি নিয়েছেন স্বেচ্ছায়। বিশ্বকাপ দলের বাইরে থেকে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার ইফতিখার আহমেদকে।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সবশেষ ঢাকায় আসে ২০১৫ সালে। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান জয় পায় ১-০ ব্যবধানে। ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে নেয় ৩-০ ব্যবধানে।
