ভারত সিরিজ শেষ ব্রডের
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডকে হারিয়েছে স্বাগতিকরা। পেশির চোটে তিনি ছিটকে গেছেন পুরো সিরিজ থেকে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বুধবার বিবৃতিতে নিশ্চিত করে, সিরিজের বাকি ম্যাচগুলোয় ব্রডকে না পাওয়ার বিষয়টি। প্রথম টেস্ট খেলেছেন ডানহাতি এই পেসার।
ট্রেন্ট ব্রিজে ড্র হওয়া সেই টেস্টের প্রথম ইনিংসে কোনো উইকেট পাননি ব্রড। পরে ২০৯ রান তাড়া করতে নামা ভারতের ওপেনার লোকেশ রাহুলের উইকেটটি নেন তিনি। এরপর পঞ্চম দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেলে ম্যাচ ড্র হয়।
ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১৫০ টেস্ট খেলার সামনে থাকা ব্রড চোট পান মঙ্গলবার বিকেলে। অনুশীলনের সময় পিছলে পড়ে যান তিনি। বুধবার করানো স্ক্যানে ধরা পড়েছে, তার ডান পায়ের পেশি ছিড়ে গেছে।
আরেক অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে নিয়েও রয়েছে শঙ্কা। লর্ডসে বুধবার সকালে অনুশীলনে ছিলেন না তিনি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, পেশিতে চোট পেয়েছেন এই পেসার। অনুশীলনে তার অনুপস্থিতি মূলত সতর্কতামূলক সিদ্ধান্ত।
ব্রডের পর এবার অ্যান্ডারসন যদি লর্ডসে না খেলেন, তাহলে ২০০৭ সালের পর কেবল দ্বিতীয়বারের মতো তাদের ছাড়া ঘরের মাঠে টেস্ট খেলবে ইংল্যান্ড। অভিজ্ঞ এই দুই পেসারকে ছাড়া সবশেষ ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিল ইংলিশরা।
কাভার হিসেবে ইংল্যান্ড ডেকে পাঠিয়েছে সাকিব মাহমুদকে। দলের সঙ্গে বুধবার যোগ দেওয়ার কথা এই পেসারের।
টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা মাহমুদ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে ভালো করেছিলেন। সফরকারীদের হোয়াইটওয়াশ করা তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজে ১৩.৬৬ গড়ে সর্বোচ্চ ৯ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন তিনি। পরে টি-টোয়েন্টিতে তিন ম্যাচে শিকার ধরেন চারটি। এবার লাল বলে দেশের প্রতিনিধিত্ব করার সামনে দাঁড়িয়ে ডানহাতি এই পেসার।
দ্বিতীয় টেস্টের জন্য মইন আলিকেও দলে যোগ করেছে ইংল্যান্ড। এই স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে প্রথম টেস্ট না খেলা মার্ক উড, অলি রবিনসন ও স্যাম কারান থাকতে পারেন বোলিং আক্রমণে। অ্যান্ডারসন ছিটকে গেলে অভিষেক হয়ে যেতে পারে প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচে ৬৫ উইকেট নেওয়া মাহমুদের।
চোট বাধা হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় টেস্টের জন্য ভারতের দল নির্বাচন প্রক্রিয়ায়ও। হ্যামস্ট্রিং চোটে লর্ডস টেস্ট থেকে ছিটকে পড়েছেন শার্দুল ঠাকুর। ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে অধিনায়ক বিরাট কোহলি অবশ্য জানিয়েছেন, তৃতীয় টেস্টে খেলতে পারবেন এই পেসার।
সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল।
